ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) সদ্য বিভক্ত করে সংসদে পাস করা আইন কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আইনজীবীরা জানিয়েছেন, বর্তমান মেয়রসহ জনপ্রতিনিধি বা কাউন্সিলরদের কার্যক্রম পরিচালনার বিষয়ে এক জ্যেষ্ঠ বিচারপতি স্থিতাবস্থার আদেশ দিয়েছেন, তবে অন্য বিচারপতি দ্বিমত পোষণ করেছেন।ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা আবেদনকারী হয়ে রিটটি করেন।এর আগে বেলা দুইটায় শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেছিলেন, ‘ঢাকা ভাগের বিষয়ে সংসদে বিল পাস হয়েছে। সংবিধানে বলা আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী। নর্থ ঢাকা হবে, সাউথ ঢাকা হবে এমনটি বলা নেই।’সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, ঢাকাকে বিভক্ত করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে। সব প্রক্রিয়া ও বিধিবিধান অনুসরণ না করেই সংসদে এটি পাস করা হয়েছে। বিভক্তির কোনো যৌক্তিকতা নেই। এই বিভক্তি সংবিধান পরিপন্থী। তাই আবেদনটি করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, রিট আবেদনে ঢাকাকে বিভক্ত করে বিল পাসের আগে যেভাবে করপোরেশনে প্রতিনিধিরা কার্যক্রম চালাতেন, সেভাবে কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা চাওয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর জন্য রুল জারির আরজিও জানানো হয়েছে।