ডিসিসি ভাগ করার চূড়ান্ত প্রস্তাব অনুমোদন
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৯২টি ওয়ার্ডকে ভাগ করে দুটি সিটি করপোরেশন করার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অ্যাক্ট-২০০৯ সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসস।এবারে এ প্রস্তাবকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। যার মাধ্যমে ডিসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন—এ দুই ভাগে বিভক্ত হবে।প্রায় এক কোটি নগরবাসীকে প্রত্যাশিত সেবা প্রদানে বর্তমান একটি সিটি করপোরেশন কর্তৃপক্ষের জটিলতার কথা বিবেচনা করে সরকার দুটি সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেয়।প্রস্তাবে বলা হয়, ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠিত হবে।