ডিসিসি ভাগ নিয়ে উত্তপ্ত নগর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়েছে ঢাকা। জন্ম নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ নামে দুটি সিটি করপোরেশন। এ নিয়ে নগরের বাসিন্দাদের মনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডিসিসি ভাগের পক্ষে-বিপক্ষে চলছে যুক্তিতর্ক। ভাগের বিরুদ্ধে অবস্থান নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা। এদিকে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে ভাগের বিপক্ষে বিরোধী দল আজ নগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।‘সেবার মান বাড়ানোর দোহাই দিয়ে আমাদের শত বছরের ঐতিহ্যবাহী শহর ঢাকাকে বিভক্ত করা ভুল হয়েছে। পৃথিবীতে আরও কত বড় বড় শহর রয়েছে। কই, তারা তো শহরটাকে টুকরো-টুকরো করেনি!’ নগরের মতিঝিলের একটি চায়ের দোকানে চা পানরত সহপাঠীদের উদ্দেশ করে এভাবেই বলছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সোহাগ।ডিসিসির ভাগ নিয়ে নগরের বাসিন্দারা যেন দ্বিধাবিভক্ত। এ নিয়ে নগরে সর্বত্র বইছে সমালোচনার ঝড়। পল্টন মোড়ে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুর রহমানের সঙ্গে। ডিসিসি বিভক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের সরকারের কাজকর্মে এমনিতেই সমন্বয়হীনতা রয়েছে। এ ক্ষেত্রে ডিসিসিকে দুই ভাগে বিভক্ত করার ফলে নগরের দুই সিটি করপোরেশনের ভেতর সমন্বয়হীনতা এবং নগর উন্নয়নে বৈষম্যের সৃষ্টি হতে পারে। নগরবাসী তাদের সেবা থেকে বঞ্চিত হলে তার দায়ভার কে নেবে?’নগরের অনেকে আবার ভাবছেন, নগরকে দুই ভাগে বিভক্ত করার মাধ্যমে পুরো নগরের বাসিন্দাদের ধ্যানধারণাও যেন দুই ধারায় বিভক্ত করা হয়েছে। এমনি একজনের সঙ্গে কথা হয় টিকাটুলিতে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিপণনকর্মী মোশাররফ হোসেন বলেন, ‘এ দেশের মূল ধারার রাজনীতি যেমন দুই ভাগে বিভক্ত, তেমনি নগরটাকেও ভেঙে দুই টুকরো করা হলো। সময়ই বলে দেবে, কাজটা ভালো কী মন্দ।’ এ তো গেল ভালো-মন্দ, সুবিধা আর অসুবিধার কথা।নগরের অনেক বাসিন্দা আবার জানেন না, নগরকে দুই ভাগ করায় তাঁদের লাভের শিকা ছিঁড়বে কি না। এমনি এক সিএনজিচালিত অটোরিকশার চালক আইউব আলী বলেন, ‘বাবা রে, দেশটা তো আমাগো। এইডা মাথায় রাখতে হইব। শহর দুই ভাগ হইলে কী লাভ হইব, জানি না। তবে রবিবার হরতালের সময় গাড়ি চালাইতে পারুম না, হেইডা ভাবতেই পরান ধুকধুক করে।’অনেক নগরভাবুক আবার ভাবছেন, ডিসিসিকে বিভক্ত করায় আখেরে লাভটা কার হবে? এমনই ভাবনার কথা শোনালেন মিরপুুুরের বাসিন্দা মাসুম মিয়া। তাঁর ভাষ্য, ‘নতুন একটা সিটি করপোরেশন হলে সেখানে নিশ্চয়ই অনেক জনবলের দরকার হবে। আর সেই জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারি দলের নেতারা টু-পাইস কামিয়ে নেবেন।’