ডিসিসি ভেঙে দুই বা চারটি সিটি করপোরেশন হচ্ছে
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) কয়েকটি অঞ্চলে বিভক্ত হচ্ছে। প্রতিটি অঞ্চল একটি করে সিটি করপোরেশন হবে। তবে কয়টি অঞ্চলে বিভক্ত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সরকারের নীতিনির্ধারকদের মধ্যে ডিসিসিকে দুই অথবা চার ভাগ করে প্রতিটিকে আলাদা সিটি করপোরেশন করার কথাবার্তা হচ্ছে।গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা মহানগর এলাকার সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। ওই বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে দুই থেকে চার ভাগে বিভক্ত করার ব্যাপারে আলোচনা হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন। প্রতিটি সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর থাকবেন। নাম চূড়ান্ত না হলেও দুটি হলে ডিসিসি উত্তর ও দক্ষিণ এবং চারটি করা হলে ডিসিসি উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম হতে পারে।সূত্র জানায়, বৈঠকে ঢাকার সাংসদেরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়েও কথা বলেন। ঢাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজধানী থেকে পোশাক ও চামড়াশিল্প সরানোর ব্যাপারে ঐকমত্য হয়। সাংসদেরা মনে করেন, ঢাকার উন্নয়ন হলে তার প্রভাব সারা দেশে পড়বে। এতে সরকারের ভাবমূর্তি বাড়বে।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সিটি করপোরেশনকে ভাগ করার প্রস্তাব তৈরির নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আইনের খসড়া দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করবে বলে জানা গেছে। সূত্র জানায়, সিটি করপোরেশন ভাগ করার যুক্তি তুলে ধরে বলা হয়, ডিসিসির আয়তন অনেক বড় হয়ে গেছে। দেড় কোটি জনসংখ্যার ঢাকা মহানগরকে একটি সিটি করপোরেশন এবং একজন মেয়র দিয়ে নাগরিক সেবা দেওয়া সম্ভব নয়।সূত্র জানায়, ডিসিসি ভাগ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ঢাকার সব সাংসদ এ প্রস্তাব যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন। সূত্র জানায়, বৈঠকে ব্যাপকভাবে বিজয় দিবস এবং সরকারের দুই বছর পূর্তি পালনের সিদ্ধান্ত হয়। বিশেষ করে বিজয়ের ৪০ বছর পূর্তিতে এবার বছরব্যাপী কর্মসূচি থাকবে। চার বছর পর এবার বিজয় দিবসে সামরিক কুচকাওয়াজ হবে। ঢাকা মহানগরের প্রত্যেক নির্বাচনী এলাকায় বিজয় শোভাযাত্রাসহ জাঁকজমকপূর্ণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের জন্য সাংসদদের নির্দেশ দেওয়া হয়। তা ছাড়া আগামী ৬ জানুয়ারি মহাজোট সরকারের দুই বছর পূর্তি হবে। এ উপলক্ষে সরকারের সাফল্য জনগণের সামনে তুলে ধরার জন্যও দলীয় সাংসদদের বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে সাংসদ শেখ ফজলে নূর তাপস রাজধানীর উন্নয়ন সহজতর করার জন্য মিনিস্ট্রি অব আরবান ডেভেলপমেন্ট নামে নতুন মন্ত্রণালয় করার প্রস্তাব দেন। এ ছাড়া তিনি ঢাকা নগরের সীমানা ঠিক করার কথাও বলেন। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং ঢাকার সাংসদদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, রাশেদ খান মেনন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মিজানুর রহমান খান, হাবিবুর রহমান মোল্লা, শেখ ফজলে নূর তাপস, আসলামুল হক আসলাম, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, এ কে এম রহমতউল্লাহ ও আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।