ডিসিসিতে নির্বাচন নয়, প্রশাসক নিয়োগের সুপারিশ
মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়রের স্থলে অবিলম্বে প্রশাসক নিয়োগ করতে বলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর এ জন্য প্রয়োজনীয় করতে আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। তবে কমিটি দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ এ সিটি করপোরেশনে নির্বাচনের উদ্যোগ নিতে বলেনি।আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সভায় পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন আগামী সংসদ অধিবেশনের আগেই বিল উত্থাপনের সুপারিশ করা হয়।সভায় একাধিক সদস্য বলেন, একজন সাংসদ যেখানে নির্দিষ্ট মেয়াদের বাইরে বহাল থাকতে পারেন না। সেখানে কীভাবে একজন মেয়র মেয়াদ শেষ হওয়ার পরও বছরের পর বছর বহাল থাকেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ঢাকার মেয়র সাদেক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়েও আলোচনা করা হয়।সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, সিটি করপোরেশনের বর্তমান আইনের কারণেই এমনটা হচ্ছে। এ আইনটি সংশোধন করা প্রয়োজন। কমিটি দ্রুততম সময়ে এ আইন সংশোধনের সুপারিশ করেছে। যাতে করে আগামী অধিবেশনেই এটি বিল আকারে পাস করা সম্ভব হয়।কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান ও আশরাফুন নেছা মোশাররফ অংশ নেন।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহিরকান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী সাংবাদিকদের বলেন, সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসক নিয়োগ দেওয়া প্রয়োজন। এ জন্যই এ-সংক্রান্ত আইনের দ্রুত সংশোধন করার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করতে কমিটি মন্ত্রণালয়কে আগামী অধিবেশনের আগেই এ-সংক্রান্ত বিল উত্থাপনের সুপারিশ করেছে।সভায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ড্রেনেজ, পয়োনিষ্কাশন ও বর্জ্যব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এসব খাতে আরও পরিকল্পিতভাবে কাজ করার সুপারিশ করা হয়।সভায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আয় বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। সভায় দেশের দুধের চাহিদা মিটানোর লক্ষ্যে মিল্ক ভিটার নতুন দুগ্ধ শীতলীকরণ প্লান্ট স্থাপনের পাশাপাশি পুরোনোগুলো মেরামত করে সচল রাখার পরামর্শ দেওয়া হয়।