ডিসিসিতে স্থিতাবস্থার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা চেয়ে বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর তৃতীয় বেঞ্চ এই আদেশ দেন।আদেশে বলা হয়, দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা তাঁদের কার্যক্রম পরিচালনা করছেন। জনপ্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থার আবেদনটি অকার্যকর হয়ে গেছে। তাই স্থিতাবস্থার আবেদনটি খারিজ করা হলো।ডিসিসি বিভক্তির বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা গত ৩০ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।এর আগে ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। এই বিলটিকে আইন হিসেবে উল্লেখ করে রিটটি করা হয়। রুলে ওই আইনটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রিট আবেদনে ডিসিসির নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা জারিরও আরজি জানানো হয়। এ বিষয়ে হাইকোর্ট বিভক্ত আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি দুই মাসের স্থিতাবস্থা জারির আদেশ দিয়েছিলেন। এই আদেশের সঙ্গে কনিষ্ঠ বিচারপতি ভিন্নমত পোষণ করে তা খারিজ করে দেন। এরই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি এ বিষয়টি নিষ্পত্তির জন্য হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চে পাঠান। ৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তৃতীয় বেঞ্চে রিট আবেদনকারী সম্পূরক এক আবেদনে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় স্থগিত আদেশ চান। এ বিষয়ে দুই দিন শুনানি শেষে আজ বিকেলে আদালত আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে ড. কামাল হোসেন ও আখতার ইমাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।