ডিসিসির উদাসীনতা
রাজধানীর পুরান ঢাকার বাড়ি ও মার্কেটগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। রাজউক-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ অঞ্চলের প্রায় ৯০ শতাংশ বাড়িঘর বসবাসের অনুপযোগী। এগুলো যেকোনো সময় ভেঙে পড়ে শাঁখারীবাজার ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটতে পারে। বিভিন্ন সময়ে গঠিত তদন্ত ও জরিপ কমিটির প্রতিবেদনে পুরান ঢাকার ২৫ হাজার বাড়ি ও মার্কেট ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শাঁখারীবাজার, তাঁতীবাজার, লালবাগ এলাকা, শ্যামপুরসহ আরও বেশ কয়েকটি এলাকাকে সরকার বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা দেয়। ২০০৪ সালের এক প্রতিবেদনে ঢাকা সিটি করপোরেশনের প্রায় দেড় শতাধিক বাড়িকে অতি ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়। এগুলোর অবস্থা এতই নাজুক যে যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বা ধসে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে। সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় ঢাকা সিটি করপোরেশনকে। ঢাকা সিটি করপোরেশন অধ্যাদেশ, ১৯৮৩-এর ১১১(ক) ধারানুযায়ী, জনজীবন বিপন্ন করে তুলতে পারে, এমন যেকোনো ঝুঁকিপূর্ণ ভবন বা স্থাপনা ভেঙে ফেলার ক্ষমতা বা অধিকার ঢাকা সিটি করপোরেশনের আছে। তাই দীর্ঘদিন হলেও ওই সব ঝুঁকিপূর্ণ ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন।বিষয়টি অবহিত করে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘একেবারে হুমকির পর্যায়ে না এলে আমরা এসব কাজে যেতে পারি না। আইনে ক্ষমতা দেওয়া আছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান মিলিয়ে আমাদের একটি কমিটি এসব বিষয়ে কাজ করে। তবে এসব কাজ তিনি রাজউকের বলে জানান। তবে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে আমরা নিয়মিত নোটিশ দিয়ে আসছি। অনেক অবৈধ স্থাপনা আমরা ভেঙে দিয়েছি এবং এখনো চলছে। আবার কিছুর বিরুদ্ধে নোটিশ দিলে তাঁরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে আছেন। মেয়র বলেন, তা ছাড়া এত জনবল আমাদের নেই।’ ঢাকা সিটি করপোরেশন এলাকায় কোনো ব্যবসা-বাণিজ্য করতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে হয়। পুরান ঢাকার আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্যের ব্যবসা করার জন্য লাইসেন্স প্রদানে তেমন কড়াকড়ি নেই। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ব্যবসায়ীরা বিভিন্নভাবে এ ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছেন। অনেকের আবার ট্রেড লাইসেন্সও নেই। মেয়র বলেন, ‘আমাদের এখানে ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করি। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনায় অন্য দু-একটি প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিতে হয়। ব্যবসার ধরন বুঝে প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানের ছাড়পত্র চাওয়া হয়। তবে অন্য প্রতিষ্ঠানের ছাড়পত্র থাকলে আমরাও ট্রেড লাইসেন্স দিয়ে দিই। তিনি বলেন, এ পদ্ধতি অনেক আগে থেকেই চলছে। ওই সব অবৈধ ব্যবসার দায় শুধু সিটি করপোরেশনের একার নয়।’