ডিসিসির নির্বাচন মে মাসের শেষে: সিইসি
নিজস্ব প্রতিবেদকপ্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী মে মাসের শেষ দিকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসিসির সীমানা নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি আদালতের শুনানি কমিশনের পক্ষে না গেলেও মে মাসের শেষে নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি জানান। এ সময়ে এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে যাবে।গতকাল বুধবার বিকেলে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা পুনর্বণ্টন মেয়াদ শেষের আগেই সম্পন্ন করতে চায় কমিশন। আগামী জুনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে।ইউনিয়ন পরিষদ সীমানা নিয়ে হাইকোর্টের রুল প্রসঙ্গে সিইসি আরও বলেন, এই আইনের সংশোধন করা প্রয়োজন। ইউনিয়নের সীমানা নির্ধারণ করতে গেলে সামাজিক কাঠামো ভেঙে পড়তে পারে। কারণ, বিভিন্ন গ্রাম নতুন করে বিভিন্ন ইউনিয়নে আসলে জটিলতা তৈরি হবে।