ডিসিসির পার্কে বেড়ানো দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর খোলা হাওয়ায় দম নেওয়ার জায়গা কমছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দাবি ছোটবড় মিলিয়ে তাদের ৫৪টি উদ্যান আছে। খোঁজ নিতে গিয়ে দেখা গেছে, ৫৪টির মধ্যে কয়েকটি আছে শুধু ডিসিসির তালিকাতেই, বাস্তবে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক উদ্যান আবার বেহাত হয়ে গেছে, যেগুলো উদ্ধারে ডিসিসির তৎপরতা চোখে পড়েনি। বাকি উদ্যানগুলোর বেশির ভাগের উন্নয়ন, সংস্কার ও পরিচ্ছন্নতায় ডিসিসির অবহেলা চোখে পড়ছে। পার্কগুলোয় শিশুদের জন্য নেই পর্যাপ্ত খেলার সরঞ্জাম। বেশ কিছু উদ্যানে শিশুদের খেলনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ প্রেক্ষাপটে ডিসিসির পার্কগুলো নিয়েই আমাদের বিশেষ আয়োজন। আজ ছাপা হলো পুরান ঢাকায় ডিসিসির ১৭ টি উদ্যানের হালচাল।ওয়ার্ড ৩২শহীদ মতিউর পার্কইট-পাথরের জঞ্জালডিআইটি এভিনিউয়ের গুলিস্তান পার্কটি বঙ্গভবনের একেবারে দেয়ালঘেঁষা। ডিসিসির পার্কের তালিকায় এটি শহীদ মতিউর পার্ক হিসেবে চিহ্নিত। কিন্তু পার্কটির কোথাও ওই রকমের কোনো ফলক নেই। লোকমুখে পার্কটি গুলিস্তান পার্ক নামেই পরিচিত। শহীদ মতিউর পার্কের ভেতরে সারি সারি শ্রমিক মাটি কাটছে। কেউ আবার মাটি ভরাটে ব্যস্ত। মাটিকাটা শ্রমিক আবদুর রউফ জানান, পার্কের ভেতর দিয়ে পয়োনিষ্কাশন সংযোগ নিতেই এত হাঙ্গামা। পার্কের মধ্যখানে রড-সিমেন্ট-বালু দিয়ে পয়োনালার স্ল্যাব বানাতে ব্যস্ত একদল শ্রমিক। পার্কের কাজে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন জানান, উন্নয়নকাজের জন্য পার্কের কার্যক্রম বন্ধ রয়েছে। তাই তত্ত্বাবধায়ক, মালী, গার্ড কেউ এখন পার্কে নেই। শহীদ মতিউর পার্কের এক কোণে রয়েছে একটি শৌচাগার। পুরোনো ধাঁচের শৌচাগারটিতে কখনো পানির সংযোগ ছিল না বলে জানান স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী রিপন বণিক। ঘুরে দেখা গেছে, পার্কের বাইরের দিকটার সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। এ কারণে সহজেই যে কেউ পার্কে আসা-যাওয়া করে। ভ্রাম্যমাণ অনেক মানুষ পার্কের মাঠেই সারছে প্রাকৃতিক কাজ। পার্কের একপাশে রয়েছে একটি পানির পাম্প। পানি উন্নয়ন বোর্ডের এই পাম্পটির পাহারায় একজন কর্মী আছেন। তিনি বলেন, পার্কের দেয়ালঘেঁষে রাষ্ট্রপতির বাসভবন। এই পার্কের গুরুত্বই আলাদা। কিন্তু পার্কের উন্নয়নকাজ হচ্ছে বলে এটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। শহীদ মতিউর পার্ক প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী এস এম মাইনুদ্দীন জানান, এখানে নিরাপত্তাপ্রাচীর ও পায়ে চলা পথ তৈরি করা হবে চলতি অর্থবছরে।ওয়ার্ড ৭৮বাহাদুর শাহ পার্কফোয়ারায় নেই পরিচ্ছন্নতার ছোঁয়াসাতসকালে বাহাদুর শাহ পার্কে ঢুকতেই অন্য রকম এক পরিবেশ দেখা গেল। ভেতরে প্রাতর্ভ্রমণকারীদের জটলা। আবার কেউ কেউ শরীরচর্চায় মগ্ন। কয়েকজন ভিনদেশিও রয়েছে পার্কে। এখানে হাঁটতে আসা আবু সাঈদ বলেন, ‘আমরা বিদেশিদের নিজেদের অতিথি মনে করি। ঐতিহ্যবাহী এই পার্কে প্রায় সব সময়ই বিদেশি পর্যটক আসে। আমরা যথাসাধ্য তাদের যত্ন-আত্তির চেষ্টা করি।’বাহাদুর শাহ পার্কে হাঁটতে আসা লোকদের রয়েছে দুটি সংগঠন। এগুলো হচ্ছে ‘বাহাদুর শাহ পার্ক প্রাতর্ভ্রমণকারী সংঘ’ ও ‘প্রাতর্ভ্রমণকারী সমিতি, বাহাদুর শাহ পার্ক’। দুটি সংগঠনই পার্কের উন্নয়নে কাজ করে চলেছে। বাহাদুর শাহ পার্ক প্রাতর্ভ্রমণকারী সংঘের সভাপতি মো. সানাউল হক বলেন, পার্কটিকে কেন্দ্র করে প্রতিটি জাতীয় দিবস পালন করা হয় ঘটা করে। এ ছাড়া পার্কের সার্বিক উন্নয়নে ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে সংঘটি একযোগে কাজ করে চলছে। দুটি সংগঠনের পক্ষ থেকেই পার্কটিকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। পার্কে প্রাতর্ভ্রমণে আসা লোকদের জন্য ডিসিসির উদ্যোগে বানানো হয়েছে শৌচাগার।বাহাদুর শাহ পার্কের মাঝে আছে একটি ফোয়ারা। ফোয়ারার পানি কালচে হয়ে পড়েছে। পার্কের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম জানান, ফোয়ারার পানিতে ভ্রাম্যমাণ মানুষ কাপড়-চোপড় ধোয়ার কাজ করে। তিনি জানান, ফোয়ারায় গাছের মরা পাতা পড়ে পানি নষ্ট হয়ে যায়। আবার পানি ছিটানোর মোটরও অকেজো হয়ে পড়ে। ফোয়ারা দেখাশোনার জন্য দুজন লোক রয়েছে। ফোয়ারা নিয়মিত পরিষ্কার করা হয় বলে দাবি করেন শাহ আলম।অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মুন্সী মো. আবুল হাসেম জানান, পার্কে ফোয়ারার জন্য পর্যাপ্ত জনবল রয়েছে। তাই পার্কের ফোয়ারা চালু থাকার কথা। কর্মচারীরা ঠিকমতো কাজ করছেন কি না, তা খতিয়ে দেখা হবে।ওয়ার্ড ৫৬ওসমানী উদ্যানসৌন্দর্য ধরে রাখবে কে?নগর ভবনের ঠিক বিপরীত পাশ থেকে ওসমানী উদ্যানের ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে একটি স্থাপনা। মুক্তিযুদ্ধের সেক্টর ২-এর মানচিত্র এবং এই সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম উপস্থাপিত হয়েছে এতে। এর পাশেই থাকা বেঞ্চিতে শুয়ে ধূমপান করতে দেখা গেছে এক দর্শনার্থীকে। অথচ অদূরেই ডিসিসির দেওয়া একটি সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, উদ্যানে ধূমপান ও শয়ন নিষেধ। এতে আরও বলা হয়েছে, ফুল ও গাছের পাতা ছেঁড়া, ডাল ভাঙা, ঘাস মাড়ানো, মোটরসাইকেল, বাইসাইকেল ও অন্যান্য বাহন চালানো নিষেধ। অথচ অসচেতন দর্শনার্থীরা এসব নিষেধাজ্ঞা আমলে নিচ্ছে না। আবার উদ্যানের লেকের পাড়ে একটি সাইনবোর্ডে লেকে মাছ ধরাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু অনেককেই লেকে বড়শি দিয়ে মাছ ধরতে দেখা গেছে।দীর্ঘদিন বেহাল থাকা ওসমানী উদ্যান একসময় বেহাত হওয়ার উপক্রম হয়েছিল। পরিবেশবাদীদের চাপে তখন টনক নড়ে ডিসিসির। ২২ দশমিক ১০ একর আয়তনের উদ্যানটির উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয় ২০০৫ সালের ১৮ আগস্ট। ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওসমানী উদ্যান ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ডিসিসির অর্থায়নে এই কার্যক্রমের মাধ্যমে উদ্যানের চারদিকে দেওয়া হয় নান্দনিক সীমানাপ্রাচীর, লাগানো হয় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, করা হয় পায়ে চলা পথ ও কৃত্রিম লেক, ভূমিতে মাটি ভরাট ও সমান করা হয়, পুরোনো পুকুর থেকে লেক পর্যন্ত পানি চলাচলের পাইপলাইন নির্মাণ ও উদ্যানের উত্তর-দক্ষিণ দিকে দুটি দেউড়ি নির্মাণ করা হয়। তবে উদ্যানটির উন্নয়নের পর নিরাপত্তারক্ষী না দেওয়ায় তাতে আগের মতোই ভবঘুরে, ভিক্ষুক, মাদকসেবী-ব্যবসায়ীদের বিচরণ দেখা গেছে।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, উদ্যানে নিরাপত্তারক্ষী থাকার কথা ছিল। রাতে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উৎসাহ হারিয়ে ফেলায় হয়তো উদ্যান উন্নয়নের কাজ শেষের দিকে থেমে গেছে।ওয়ার্ড ৭৬স্বামীবাগ পার্কপার্ক, না ওয়ান্ডারল্যান্ডস্বামীবাগ-সায়েদাবাদ রেলগেটের কাছেই স্বামীবাগ পার্ক। তবে এখন এই পার্কের নাম ‘স্বামীবাগ ওয়ান্ডারল্যান্ড’। একটি বেসরকারি প্রতিষ্ঠান ছোট্ট পরিসরের মধ্যেই শিশুদের খেলনা দিয়ে পার্কটি তৈরি করেছে। টিকিট কেটে এখানে ঢুকতে হয়। স্বামীবাগ ওয়ান্ডারল্যান্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী দাবি করেন, ‘আগে এই জায়গায় কী ছিল তা জানি না। এখন এটা ব্যক্তিমালিকানাধীন পার্ক। ডিসিসির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ পার্কের ব্যাপারে ডিসিসির ৭৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল ইসলাম খান বলেন, পার্কটি ডিসিসি থেকে ইজারা নেওয়া হয়েছে। এখন পার্কটি ব্যক্তিমালিকানায় পরিচালিত। তবে ডিসিসির সঙ্গে পার্কের ইজারার বিষয়টি নিয়ে একটি মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে।ওয়ার্ড ৪৮হাজারীবাগ কসাইটোলা পার্কনামে উদ্যান, কাজে খেলার মাঠহাজারীবাগ কসাইটোলার মোড়ে রয়েছে হাজারীবাগ কসাইটোলা পার্কের অবস্থান। এই পার্কের শেষ মাথায় দেখা গেল গজমহল ট্যানারি উচ্চবিদ্যালয়ের পাঠাগার আর বিজ্ঞানাগার। নাম প্রকাশে অনিচ্ছুক এই বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, পার্কটিতে সকালে হাঁটার জন্য চারদিকে পাকা করে রাস্তা বানানো হয়েছে। এ কারণে দোলনাসহ অন্য সব খেলনা সরিয়ে ফেলা হয়েছে। পার্কের চারপাশে সারবেঁধে রাখা হয়েছে বসার বেঞ্চ।পার্কটি সম্পর্কে স্থানীয় বাসিন্দা উসমান বলেন, কসাইটোলা পার্কে কোনো নামফলক নেই, নেই কোনো পরিচিতি। এলাকায় ঘুরতে আসা অনেকেই মনে করে, এটা স্কুলের মাঠ। এলাকার এক কিশোর সিয়াম জানায়, পার্কে খেলতে এলে স্কুলের দপ্তরি বাধা দেন। অনেকে জানায়, হাজারীবাগ কসাইটোলা পার্কে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনরাতে বসে নানা খেলার আসর।পার্কের অব্যবস্থাপনা প্রসঙ্গে ডিসিসির অঞ্চল ৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র জানান, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া কিছু বলা যাচ্ছে না।’ওয়ার্ড ৬৫বসিরউদ্দিন সরদার পার্কপ্রভাবশালীদের রিকশার গ্যারেজওয়াটার ওয়ার্কস রোডের ওয়াসা আঞ্চলিক কার্যালয়ের ঠিক বিপরীতেই রয়েছে বসিরউদ্দিন সরদার পার্ক। পার্কটির ভেতরে ঢুকতেই সারি সারি রিকশা ও রিকশাভ্যানের জটলা দেখা গেল। পার্কটি পরিণত হয়েছে গ্যারেজে। বসিরউদ্দিন সরদার পার্কের শেষ সীমানায় রয়েছে একটি গণশৌচাগার। শৌচাগারের এক কর্মী জানান, পার্কটি বেদখল হয়ে রয়েছে। এলাকার প্রভাবশালী কেউ একজন পার্কটি গ্যারেজ হিসেবে ভাড়া দিয়েছেন। ঘুরে দেখা গেছে, পার্কের ভেতরে ডিসিসির আওতায় রয়েছে শুধু গণশৌচাগারটিই। পার্কের চারদিকে গড়ে উঠেছে অসংখ্য টং দোকান। টং দোকানি নাসিম মোল্লা বলেন, টং বসানোর জন্য প্রতিদিন ৮০ টাকা করে দিতে হয়।দখলে থাকা পার্ক প্রসঙ্গে ডিসিসির ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম বলেন, পার্কের অবস্থা আসলেই করুণ। এলাকার প্রভাবশালীদের হাতে পার্কের দখল চলে গেছে। ডিসিসির নির্বাচনের আগে পার্কের দখল ফিরিয়ে আনা সম্ভব নয়। পার্কটি আগের রূপে ফিরিয়ে আনা বা নতুন কোনো স্থাপনা বানানোর পরিকল্পনা থাকলেও তা এখন প্রভাবশালীদের চাপে সম্ভব নয় বলে তিনি জানান।ওয়ার্ড ৬৯নাজিরাবাজার পার্কএক পার্কের কত নাম!মাজেদ সরদার রোডে পার্কে ঢুকতেই ফটকে একটি সাইনবোর্ড দেখা গেল। তাতে লেখা ‘শহীদ খালেক সরদার পার্ক’। অথচ ডিসিসির তালিকায় এর নাম ‘নাজিরাবাজার পার্ক’। জানা যায়, পার্কের জায়গায় ১৯৮৬ সালের দিকে ছিল নর্দমা ও আবর্জনার স্তূপ। সেটি ভরাট করার পর নামকরণ করা হয় ‘সিক্কাটুলি পৌর শিশুপার্ক’। পার্কটিতে তখন বসানো হয়েছিল শিশুদের খেলার নানা উপকরণ। বছর দশেকের মধ্যে সেসব খেলনা উধাও হয়ে যায়। বিগত সরকারের সময় স্থানীয় কাউন্সিলর রাতারাতি শিশুপার্কটির আদল বদলে ফেলেন। সেখানে লাগানো হয় গাছ। তাঁর নামে পার্কের সাইনবোর্ড দেওয়া হয়, এর নাম হয় ‘মোহন পার্ক’। সরকার বদলের পর বর্তমানে পার্কটির নাম ‘শহীদ খালেক সর্দার পার্ক’।পার্কটির ভেতরে রয়েছে একটি টিনের ছাউনি। এর পাশেই দেখা গেল পাকা একটি ভিত্তি। শিশুদের জন্য তাতে বসানো হয়েছে একটি স্লিপার। এ ছাড়া রয়েছে বুকডন দেওয়ার লোহার ভিত্তি। এলাকাবাসী জানায়, পার্কটির উন্নয়ন ও ব্যবস্থাপনায় রয়েছে সিক্কাটুলি মুসলিম যুব সংঘ। এই সংঘের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ জানান, পার্কটি এলাকার জনগণের সম্পত্তি। তাই এলাকাবাসীর উন্নয়নে পার্কের যাবতীয় রক্ষণাবেক্ষণ সংঘটি করছে। পার্কের চারদিকে বসানো হয়েছে ইটের পায়ে চলা পথ। বসার জন্য বেশ কয়েকটি বেঞ্চ রয়েছে। এ ছাড়া রাতে আলোর জন্য চারটি ফ্লাডলাইটের ব্যবস্থা করেছে এ সংঘ। পার্কের ভেতরে প্রাতর্ভ্রমণে আসা লোকদের সুবিধার জন্য সুপেয় পানির কলের ব্যবস্থাও রয়েছে। পার্কে একটি গণশৌচাগার দরকার বলে তিনি জানান।পার্কের বাইরের দিকটা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। পার্কের পাশে ময়লার স্তূপ থাকায় প্রশ্ন তুলেছে অনেকেই। মোস্তাক আহমেদ বলেন, পার্কের পাশে থাকা আবর্জনার জন্য প্রাতর্ভ্রমণে আসা লোকদের দুর্গন্ধের মধ্যে পড়তে হয়। ডিসিসিকে এ ব্যাপারে অসংখ্যবার জানানো হলেও কর্তৃপক্ষ উদাসীন।ডিসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মুন্সী আবুল হাসেম বলেন, পার্কটিতে শৌচাগার বানানোর জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। অতি দ্রুত কাজ সম্পন্ন করা হবে। পার্কে জমে থাকা আর্বজনা প্রসঙ্গে তিনি জানান, পার্কের পাশে থাকা ময়লার কনটেইনার সরিয়ে ফেলতে আলোচনা চলছে।ওয়ার্ড ৬৮সিরাজউদ্দৌলা পার্কবাসের ভিড়ে অশান্ত উদ্যানসাঈদ আহমদের ঢাকা আমার ঢাকা গ্রন্থ থেকে জানা যায়, সিরাজউদ্দৌলা পার্ক ১৯৪২ সালে গড়ে তোলা হয়। এই নামকরণ করতে আন্দোলনে নামতে হয়েছে। কেননা, এই নামকরণের বিরুদ্ধে ছিল ব্রিটিশ সরকার। আন্দোলনে নেতৃত্ব দেন কাদের সরদার, ঢাকা মিউনিসিপ্যালের ভাইস চেয়ারম্যান আবুল হাসনাত, কংগ্রেস নেতা গোলাম কাদের প্রমুখ।নয়াবাজার চৌরাস্তা থেকে জিন্দাবাহার লেনে যাওয়ার পথেই পড়বে সিরাজউদ্দৌলা পার্ক। পার্কটি খুঁজে পেতে বেগ পেতে হয়। কারণ বাইরের টং দোকান আর নয়াবাজার বাসস্টপেজের বাসের জন্য পার্কটি দেখা যায় না। ভেতরে ঢোকার পথে ছোট্ট একটি সাইনবোর্ড আছে। সাইনবোর্ডটি বসিয়েছে পার্কে প্রাতর্ভ্রমণে আসা লোকদের সংগঠন ‘ভোরের অতিথি’।পার্কে ডিসিসির পক্ষ থেকে রয়েছেন দুজন মালী কাম গার্ড। তাঁরা লোক নিয়োগ দিয়েই দায়িত্ব শেষ করেছে। তাই পার্কটি পরিচর্যার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ভোরের অতিথি নামের সংগঠনটি। এর সদস্য ইকবাল হাসান জানান, পার্ক দেখাশোনার জন্য তাঁরা দুজন লোক নিয়োগ দিয়েছেন। কাঁচা মাটির রাস্তা ইট-সিমেন্টে বাঁধাই করেছেন তাঁরা। বসানো হয়েছে বেঞ্চি। পার্কটি সম্পূর্ণ ধূমপানমুক্ত ঘোষণা করেছে সংগঠনটি। পার্কের ভেতরে থাকা ফোয়ারাটির মোটর অকেজো ছিল। ভোরের অতিথি ফোয়ারার মোটর মেরামত করে চালু করেছে। এ ছাড়া রঙিন বাতির ব্যবস্থা করা হয়েছে পার্কে। স্থানীয় বাসিন্দা আবু হেনা জানান, পার্কের চারদিকে থাকা অবৈধ দোকান সরানো উচিত। আবার নয়াবাজার বাসস্টপেজের কারণে পার্কে শান্ত পরিবেশ পাওয়া মুশকিল।পার্কের সীমানাঘেঁষে অবৈধভাবে দোকান বসানোর ব্যাপারে জানতে চাইলে অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মুন্সী আবুল হাসেম বলেন, পার্কের সীমানার বাইরের অংশ দেখার দায়িত্ব পুলিশের।ওয়ার্ড ৭০ফুলবাড়িয়া পার্কবাস্তবে নেই...ডিসিসির লিস্টে ফুলবাড়িয়া পার্ক নামে একটি পার্কের অস্তিত্ব থাকলেও বাস্তবে তা নেই। সিদ্দিকবাজার-ফুলবাড়িয়ার একাধিক বাসিন্দা পার্কটি সম্পর্কে কিছুই বলতে পারেননি। ডিসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলীও জানান, পার্কটি সম্পর্কে তাঁর কিছু জানা নেই।ওয়ার্ড ৭১মালিটোলা পার্কউদ্যান এখন ময়লার স্তূপতাঁতীবাজার মোড় থেকে রায়সাহেববাজার মোড়ের দিকে যাওয়ার পথেই মালিটোলা পার্ক। একে পার্ক না বলে ময়লা-আবর্জনার ভাগাড় বলাই শ্রেয়। প্রথম দিকে পার্কটিতে ছিল বেষ্টনী দেওয়া ছিমছাম পরিবেশ। তাতে গাছপালা, ঘাস সবই ছিল। ছিল শিশুদের খেলার সরঞ্জাম স্লিপার, ঢেঁকি, রিং, দোলনা। এখন পার্কটি ময়লা-আবর্জনার স্তূপ ছাড়া কিছুই নয়।ঘুরে দেখা গেছে, পার্কের জায়গাটি মূল রাস্তা থেকে ১০-১৫ ফুট উঁচু। পার্কের বেষ্টনী দেয়াল হারিয়ে গেছে ময়লার স্তূপের আড়ালে। ইংলিশ রোডের বাসিন্দা মির্জা জসিম বলেন, ‘বছর পাঁচেক আগেও পার্কটিতে ঈদ আনন্দ মেলা বসত। আর এখন পার্কটির আবস্থা দেখে নিজেই কষ্ট পাই।’ডিসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মুন্সী আবুল হাসেম জানান, পার্কটি ইতিমধ্যে সৌন্দর্যবর্ধন বিভাগের আওতায় চলে এসেছে। অতি দ্রুত এর সৌন্দর্যবর্ধন সম্পন্ন হবে বলে তিনি আশা করেন।ওয়ার্ড ৫৬নিমতলী পার্কমুক্তিযুদ্ধের স্মারকবঙ্গবাজারের বিপরীতে রয়েছে ডিসিসির জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার। এর পাশেই রয়েছে ‘প্রত্যাশা’ নামে মৃণাল হক নির্মিত একটি ভাস্কর্য। ভাস্কর্যটি যেখানে গড়ে উঠেছে, সেটিই নিমতলী পার্ক। পার্কের বিপরীত পাশে রয়েছে অমর একুশে হল। এই পার্ক প্রসঙ্গে ডিসিসির কর্মচারী লিয়াকত শিকদার বলেন, ‘পার্ক বা ভাস্কর্যচত্বর—যেভাবেই চিহ্নিত হোক না কেন, এটি এখন মুক্তিযুদ্ধের গৌরবের স্মারক।’ওয়ার্ড ৭১বংশাল ত্রিকোণাকৃতি পার্কদখলের দৈত্য...বংশাল পুরাতন চৌরাস্তার মোড়ে পরিচয় হয় স্থানীয় বাসিন্দা গোলাম নবীর সঙ্গে। বংশাল পার্ক সম্পর্কে তিনি বলেন, ফোয়ারাটি যে জায়গায় বানানো হয়েছে, সেটি এলাকাবাসীর কাছে ‘লেডি-বাগান’ নামে পরিচিত ছিল। ব্রিটিশ আমলে ইংরেজ নারীরা এখানে বিকেলে হাঁটতে আসত। ঘাসে ঘেরা ত্রিভুজ চত্বরটিকে এখন আর চেনা যায় না। ফেন্সি রোড, বংশাল রোড ও কাজী আলাউদ্দিন রোড—এই তিনটি রাস্তার মোড়ে অবস্থান বংশাল পার্কের। এখন সেটা বংশাল ফোয়ারা চত্বর। ১৯৯৮ সালের ৫ নভেম্বর এখানে বসানো হয়েছে একটি ফোয়ারা। ডিসিসির তখনকার মেয়র মোহাম্মদ হানিফ ফোয়ারাটির উদ্বোধন করেন। ফোয়ারা বসানোর পর বংশাল পার্ক থেকে উদ্যানের পরিবেশ হারিয়ে যায়। এখন পার্কের চত্বরে দেখা যায় ভবঘুরের আস্তানা। পার্কের বেষ্টনীর গ্রিল জায়গায় জায়গায় ভেঙে ফেলেছে তারা। পার্কের সামনের দিকটায় আবর্জনা আর ভবনভাঙার উচ্ছিষ্টে পরিপূর্ণ। পেছনের দিকটায় পুরোনো ঢেউটিনের দোকান। পার্কের বাইরে রয়েছে অবৈধ টং দোকান আর রিকশাভ্যান ও ঠেলাগাড়ির স্ট্যান্ড।নাম প্রকাশে অনিচ্ছুক এক টং দোকানি বলেন, ‘পুলিশকে নিয়মিত বখরা দিয়ে পার্কের পাশে বসছি।’ বংশালের বাসিন্দা আহম্মেদ হোসেন বলেন, ফোয়ারা অকার্যকর থাকায় এটি পার্কের সৌন্দর্য বাড়ানোর বদলে সৌন্দর্য কমাচ্ছে। আগের পার্কই ভালো ছিল।’ডিসিসির অঞ্চল-২-এর কর্মকর্তারা পার্কটিকে বংশাল ফোয়ারা বলেই চেনেন। বংশাল ফোয়ারার রক্ষণাবেক্ষণের ব্যাপারে অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়, ফোয়ারার মোটর আর বাতির দায়িত্ব ডিসিসির বিদ্যুৎ বিভাগের, তারা ব্যবস্থা নেবে।ওয়ার্ড ৬৩বকশীবাজার পার্কদেখাশোনার অভাব...পুরান ঢাকার বেগম বদরুন্নেসা মহিলা মহাবিদ্যালয় থেকে অদূরেই রয়েছে তিব্বিয়া হাবিবিয়া কলেজ। এই কলেজের ঠিক উল্টো দিকেই আছে বকশীবাজার পার্ক। এলাকার নাম গির্দা উর্দু রোড। পার্কে ঢোকার ফটক দুটি। প্রধান ফটকটি ইস্পাতের, কারুকাজ করা। অপরটি লোহার ঘূর্ণায়মান ফটক। পার্কে ঢুকেই দেখা গেছে মাদকসেবীদের আড্ডা। পার্কের ঘূর্ণায়মান ফটকের পাশে মাটি আর ভবনভাঙা উচ্ছিষ্টের ওপর বসে মাদকসেবীরা মাদক সেবন আর কেনাবেচায় ব্যস্ত। এই পার্কে কথা হয় শহীদুল্লাহ কলেজের শিক্ষার্থী আবির রহমানের সঙ্গে। তিনি জানান, পার্কের পরিবেশ ভালো না।পার্কের ভেতরের পরিবেশ দেখে বোঝা দায়, এটা পার্ক না খেলার মাঠ। পার্কে রাখা হয়েছে টমটম গাড়ি। ভেতরেই চলছে ঘোড়ার নাওয়া-খাওয়া। চারপাশে রয়েছে ঘোড়ার মলমূত্রের গন্ধ। পার্কের গাছগুলোর ডালপালা কেটে নিচ্ছে কেউ কেউ। উর্দু রোডের মনিরুজ্জামান বলেন, পার্কটিতে কোনো তত্ত্বাবধায়ক নেই। নেই কোনো মালী। দেখাশোনার অভাবে পার্কটি শেষ হয়ে যাচ্ছে।’পার্কের অব্যবস্থাপনা প্রসঙ্গে ডিসিসির অঞ্চল ৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র জানান, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া কিছু বলা যাচ্ছে না।’ওয়ার্ড ৬০জগন্নাথ সাহা রোড পার্কফোয়ারায় ইট-পাথরের জঞ্জালজগন্নাথ সাহা রোড খেলার মাঠ আর পার্কের মধ্যে ইট দিয়ে বেষ্টনী দেওয়া। বেষ্টনী রয়েছে বলেই পার্কটিকে আলাদাভাবে চেনা যায়। তা না হলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি পার্ক। পার্কের ভেতরে বালু আর বালু। মাঝে কেবল একটি ফোয়ারা রয়েছে। কিন্তু ফোয়ারায় পানির বদলে রয়েছে ইট-পাথরের জঞ্জাল। ঘুরে দেখা গেছে, পার্কটির পাশেই লালবাগ কমিউনিটি সেন্টারের অবস্থান। সামাজিক নানা অনুষ্ঠানে অতিথিদের গাড়ি রাখা হয় পার্কে। পার্কের তত্ত্বাবধায়ক সাইদুর রহমান বলেন, ‘পার্কের ফোয়ারার মোটর নেই ১০ বছরেরও বেশি। ডিসিসির কাছে মোটর আর রক্ষণাবেক্ষণের লোকবল চাওয়া হয়েছে তবে কোনো সদুত্তর মেলেনি।’জগন্নাথ সাহা রোড পার্কের বেহাল অবস্থা প্রসঙ্গে ডিসিসির অঞ্চল ৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র জানান, ‘যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’ওয়ার্ড ৭৭নারিন্দা শিশুপার্ককমিউনিটি সেন্টারে চাপা পড়েছে পার্কনারিন্দা পার্ক কোথায় জানতে চাইলে নারিন্দা বাজারের দোকানি মাহাবুব বলেন, ‘এই পার্কের খোঁজ পাইবেন, কিন্তু চোক্ষে দেখতে পারবেন না।’ তিনি জানান, পার্কটি এখন একটি কমিউনিটি সেন্টার। তাঁর সঙ্গে কথা বলে একটু সামনে এগোতেই দেখা গেল বিনত বিবির মসজিদ। এই মসজিদের দেয়ালঘেঁষেই একসময় ছিল নারিন্দা পার্ক। এখন পার্কটি চাপা পড়ে গেছে কমিউনিটি সেন্টারের ভবনের নিচে। অথচ ডিসিসির তালিকায় ‘নারিন্দা পার্ক’ নামে দুটি পার্কের অস্তিত্ব রয়েছে। নারিন্দার বাসিন্দা মাইজুদ্দিন আহম্মেদ বলেন, নারিন্দা পার্কের জায়গায় কমিউনিটি সেন্টারটি গড়ে উঠেছে ছয় বছর আগে। কমিউনিটি সেন্টার ভবনের পাশে পার্কটির কিছু জায়গা এখনো খালি রয়েছে। সেখানে বসানো হয়েছে চুলা।এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।ওয়ার্ড ৫৮হাজারীবাগ পার্ক‘মাদকমুক্ত পার্ক’-এ চলে মাদক সেবন‘হাজারীবাগ পার্কে ঢোকাই মুশকিল। আর ভেতরটা নিরিবিলি নয় মোটেও।’—এই মন্তব্য নীলাম্বর সাহা রোডের বাসিন্দা আমিনুল ইসলামের। ওই রোডেই পার্কটিতে গিয়ে তাঁর কথার সত্যতা পাওয়া গেল। পার্কের ভেতরে ঢোকার পথটিতে রাখা হয়েছে আশপাশের বাড়ির নির্মাণসামগ্রী। আবার পার্কের চারপাশেই ভবনের রড বাঁকা-সোজা করায় ব্যস্ত কেউ কেউ। এতে শব্দদূষণের কবলে পড়েছে হাজারীবাগ পার্ক। মূল ফটক গলে ভেতরে যেতেই চোখে পড়ল বস্তাবন্দী ইটভাঙা খোয়া। পার্কের এক কোণে ভবনের ইট ভাঙার কাজ চলছিল। জায়গায় জায়গায় রয়েছে সুরকির স্তূপ। এ ছাড়া আছে সারি সারি সাইকেল। এগুলো ভাড়া দেওয়া হয় বলে জানা গেল। সাইকেলগুলো ভাড়ায় খাটাচ্ছেন স্থানীয় প্রভাবশালী তরুণেরা। তাঁদের একজন বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে বসতে দিছে, তাই বসি।’ কর্তৃপক্ষ কে? সাইকেলমালিকের কাছ থেকে এ প্রশ্নের উত্তর পাওয়া গেল না। হাজারীবাগ পার্কের একাংশে রয়েছে একটি পাকা মঞ্চ। সেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেল। মঞ্চের পাশেই কিছু জায়গা পার্ক থেকে আলাদা করা হয়েছে বেষ্টনী দিয়ে। সেখানটায় লাগানো রয়েছে একটি সাইনবোর্ড। তাতে লেখা ‘মাদকমুক্ত হাজারীবাগ পার্ক’। অবশ্য দিনদুপুরেই পার্কের ভেতরে মাদক সেবন করছিল কয়েকজন। আর পাকা মঞ্চের ওপর রয়েছে মাদকসেবীদের ফেলে যাওয়া মাদকের অবশেষ। এই পার্কে শিশুদের জন্য রয়েছে একটি লোহার খেলনা। এর পাশে মাটিতে আরও কিছু খেলনার টুকরো পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, পার্কে আরও কিছু খেলনা ছিল। মাদকসেবীরা সেগুলো চুরি করেছে।পার্কের অব্যবস্থাপনা প্রসঙ্গে জানতে চাইলে ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান বলেন, ‘পার্কের যত্ন-আত্তি আর তদারকির পুরো দায়িত্ব কাউন্সিলর দপ্তর থেকে করা হতো। কিন্তু সরকার পরিবর্তনের পর সব ওলটপালট হয়ে গেছে। এখন চাইলেও নিজে থেকে কোনো কাজ করতে পারি না।’পার্কের ভেতরে-বাইরে দখল প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, এগুলোও প্রভাবশালীদের কাজ। ওদের কিছু বলা যায় না।ওয়ার্ড ৫৯নবাবগঞ্জ পার্কহারিয়ে গেছে খেলনাবাইরে থেকে পরিপাটি নবাবগঞ্জ পার্ক দেখে থমকে দাঁড়াতে হলো। ঢোকার মুখে লোহার ফটক। তাতে লেখা, ‘নবাবগঞ্জ শিশুপার্কের ভেতরে গরু-ছাগল প্রবেশ নিষেধ।’ ফটক পেরিয়ে ভেতরে যেতেই সারি সারি উঁচু রয়েল পামগাছ দেখা গেল। পার্কের ভূমিতে সবুজ ঘাসের গালিচা। ভেতরের গাছগুলো দেখে অনুমান করা যায়, এই পার্কে যত্ন-আত্তি করার লোক নিশ্চয়ই রয়েছে। পার্কের ফটকের পাশেই ছোট্ট টংঘর। সেখানেই পাওয়া গেল এর তত্ত্বাবধায়ক আবদুল খালেককে। তিনি জানান, ১৭ বছর ধরে পার্কের দায়িত্ব তাঁর হাতে। প্রথম দিকে পার্কে খেলার সামগ্রী ছিল। সেগুলো মরিচা ধরে অকেজো হয়ে পড়ে ছিল। মাদকসেবীরা সেগুলো চুরি করে নিয়েছে। বর্তমানে নবাবগঞ্জ পার্কে খেলার কোনো সরঞ্জাম নেই। নতুন করে বানানো হয়েছে হাঁটাচলার পাকা রাস্তা আর বসার বেঞ্চ। পার্কে কথা হয় মোহাম্মদ রায়হানের সঙ্গে। তিনি বলেন, এমনিতে সকালের হাঁটা বাদে এখানে আর কেউ খুব একটা আসে না। তবে গ্রীষ্মকালে লোডশেডিংয়ের সময় পার্কে বসে মানুষের মেলা। পার্কের ভেতরে রয়েছে একটি সেবাকেন্দ্র। স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয় সেটি। এ ছাড়া পার্কের ভেতরে বছর দশেক আগে বানানো হয়েছে দোতলা একটি ভবন। তাতে ডিসিসি পরিচালিত একটি টিকাদান কেন্দ্র ও শরীরচর্চার ব্যবস্থা রয়েছে। পার্কের প্রধান ফটকের কাছে রয়েছে একটি গণশৌচাগার। ডিসিসি পরিচালিত শৌচাগারটিতে পার্কে আসা লোকজন ছাড়াও পথচারীরা প্রাকৃতিক কাজ সারতে পারে।পার্কের খেলনা প্রসঙ্গে ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, ২০০২ সালে বন্যায় পার্কটি তলিয়ে যায়। সে সময় পার্কে থাকা লোহার স্লিপার আর দোলনা ক্ষতিগ্রস্ত হয়। বিপজ্জনক অবস্থায় থাকায় ডিসিসির সমাজকল্যাণ বিভাগ সেগুলো সরিয়ে নেয়। তিনি আরও বলেন, পার্কটিতে সব বয়সীদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। মাঝেমধ্যে পার্কে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলার জন্য জালে ঘেরা ঘর বানিয়ে দেওয়া হয়। তবে আপাতত পার্কে শিশুদের কোনো খেলনা বসানো হচ্ছে না।