ডিসিসির পার্কে বেড়ানো দায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড ৪উদ্ভিদ উদ্যানগুটিকয় উদ্ভিদ, তিনটি রাজনৈতিক দলের কার্যালয়উদ্ভিদ উদ্যানটিতে গাছ আছে গুটিকয়। খালি পড়ে থাকা বেশির ভাগ জায়গা বালুতে পূর্ণ হয়ে আছে। এর মধ্যেই ক্রিকেট খেলতে দেখা গেল কয়েকজন কিশোরকে। উদ্যানের পাশে বসানো একটি সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, শহীদ মিনার ও উদ্ভিদ উদ্যানের সংস্কার ও উন্নয়নে কাজ করেছে অপূর্ব যুবসংঘ। ৩৩ একর উদ্ভিদ উদ্যানের এক প্রান্তে রয়েছে এই শহীদ মিনার। এর আরেক প্রান্ত দখল করে আছে বাংলাদেশ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ইউনিট কার্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪ নম্বর ওয়ার্ড কার্যালয়। এগুলোর একপাশে আছে মসজিদ-এ-খাজা বাবা। এই মসজিদের ভেতর একটি বেড়ায় লাগানো আছে জাকের পার্টির মহাসম্মেলনের একটি পোস্টার। মসজিদের একাংশ জাকের পার্টির কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে বলে জানা গেল। এ বিষয়ে ডিসিসির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, বিএনপি ও জাকের পার্টির কার্যালয় বেশ কয়েক বছর আগে করা হয়েছে। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয়। এগুলো উচ্ছেদের ক্ষমতা তাঁর নেই।উদ্ভিদ উদ্যানে গাছ লাগানো হচ্ছে না কেন—এ প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম বলেন, উদ্যানটি ডিসিসির আওতায় নেওয়ার পর এ পর্যন্ত কয়েক দফা গাছ লাগানো হয়েছে। কিন্তু শিশু-কিশোরেরা খেলতে আসায় গাছের চারা ভেঙে মরে গেছে। এখানে প্রাচীর না দিতে পারলে গাছ লাগিয়ে তা রক্ষা করা যাবে না। প্রাচীর দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমলতান্ত্রিক জটিলতায় পড়ে সেই উদ্যোগ ডিসিসির ঊর্ধ্বতন পর্যায়ে গিয়ে থেমে আছে বলে তিনি জানান।ওয়ার্ড ৩৯ফার্মগেট ত্রিকোণ পার্ক দূষণে বিলীন হচ্ছে সৌন্দর্যযান ও জনতার ভিড় লেগেই থাকে ফার্মগেটের আনন্দ প্রেক্ষাগৃহের আশপাশের সড়কে। এমনই একটি জায়গায়, মানে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের মাঝখানে রয়েছে একটি পার্ক, যার নাম ডিসিসির তালিকায় বলা হয়েছে ফার্মগেট ত্রিকোণ পার্ক। এর আয়তন দশমিক পাঁচ একর। এখানে হাঁটার কোনো সুযোগ নেই। বাইরে থেকেই দেখতে হয় পার্কটি। সেখানে আছে সৌন্দর্যবর্ধক ছোট ছোট কিছু গাছ, মাছের ভাস্কর্য ও ফোয়ারা। বাস-জটলা, শব্দ ধোঁয়াদূষণের ভিড়ে পার্কটির সৌন্দর্য পথচারীর নজর কাড়তে পারে না। এর ওপর আবার পার্ক ঘেঁষে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে নিয়মিত প্রাকৃতিক কাজ সারা হয়। ফলে প্রস্রাবের গন্ধে সেখানে দাঁড়ানোর কোনো উপায় নেই। মাছের ভাস্কর্যের গায়ে লেখা দেখে জানা গেল, ভাস্কর হামিদুজ্জামান খান ২০০৫ সালে এটি তৈরি করেন। ভাস্কর্য ঘিরে একটি ফোয়ারা রয়েছে। তবে তা বন্ধ থাকে বলে জানান একাধিক নিয়মিত পথচারী।দূষণ ও দুর্গন্ধমুক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৬-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা গিয়াস উদ্দিন সেরনিয়াবাত বলেন, ‘ঠিক আছে, দেখব। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।’ওয়ার্ড ৫১কলাবাগান লেক সার্কাস পার্কপার্কের জায়গায় নার্সারিডিসিসির পার্কের তালিকায় কলাবাগান লেক সার্কাস পার্ক আছে। কিন্তু কলাবাগান লেক সার্কাস এলাকায় এ নামে কোনো পার্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডিসিসির ৫১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, তাদের ওয়ার্ডে কলাবাগান শিশুপার্ক আছে। কলাবাগান লেক সার্কাস পার্ক নামে কোনো পার্ক নেই। তবে কলাবাগান লেক সার্কাস সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে একটি ছোট মাঠ রয়েছে। এটি তেঁতুলতলা মাঠ নামে পরিচিত। এটিও ডিসিসির তালিকার পার্ক হতে পারে। কিন্তু এলাকাবাসী জানান, এটি কোনো পার্ক নয়। কলাবাগান শিশুপার্কের নামই কলাবাগান লেক সার্কাস পার্ক বলে তাঁরা ধারণা করছেন।অন্যদিকে বর্তমান পার্কের তালিকায় না থাকলেও ডিসিসির তথ্য ও টেলিফোন গাইড-এ কলাবাগান শিশুপার্ক নামে একটি পার্কের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে গিয়ে দেখা গেছে, ঢাকা ওয়াসার মড্স জোন-৩-এর পানির পাম্পে লেখা রয়েছে ‘কলাবাগান শিশুপার্ক পানির পাম্প’। কিন্তু আশপাশে কোনো শিশুপার্ক পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, কলাবাগান খেলার মাঠ ও পানির পাম্পের মাঝের জায়গায় শিশুপার্কটি ছিল। কিন্তু সেখানে এখন নার্সারি করা হয়েছে।ওয়ার্ড ৮৪সায়েদাবাদ পার্কএখন আবর্জনার স্তূপঅনেক খুঁজে ফিরে পাওয়া গেল ডিসিসির সায়েদাবাদ পার্ক। পার্কের পাশেই থাকা একাধিক দোকানি জানেন না সায়েদাবাদ পার্ক কোথায়! শুধু স্থানীয় দোকানিরই নন, সেখানে অবস্থানরত ট্রাফিক পুলিশ কিংবা সাধারণ পুলিশের সদ্যরাও জানেন না সায়েদাবাদ পার্ক নামে কোনো পার্ক আছে কি না। জানবেনই বা কীভাবে, সেখানে! এখন আর পার্কের কোনো নিদর্শন নেই পার্কে আছে শুধু আবর্জনার স্তূপ। আবর্জনার ওপরই আবার বাস রাখা হয়। সেখানে কিছু বাস মেরামত করতেও দেখা গেছে। বাস মেরামতের যন্ত্রপাতি পার্কের জায়গায় পড়ে আছে। এখানে বাস মেরামতের ব্যাপারে জানতে চাইলে একটি বাসের চালক বলেন, ‘জায়গা তো পইড়া আছে। যত দিন ধইরা বাস চালাই, তত দিন ধইরাই এই অবস্থা দেইখা আইতাছি।’সায়েদাবাদ পার্কের জায়গায় কয়েকটি টং-দোকানও রয়েছে। এক দোকানি জানান, প্রায় আট বছর ধরে জায়গাটি খালি পড়ে আছে। আশপাশের দোকান ও হোটেলের ময়লা এখানে ফেলা হয়। দোকান চালানোর জন্য প্রতিদিন ১০০ টাকা করে দিতে হয়। কাকে টাকা দিতে হয়—জানতে চাইলে তিনি বলেন, ‘ডিসিসির লোক আছে। আমাদের কাছ থেকে প্রতিদিন টাকা নিয়ে যান।’ডিসিসির অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দাশ জানান, সায়েদাবাদ পার্কের অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং টং-দোকানির কাছ থেকে টাকার গ্রহণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ওয়ার্ড ৮মিরপুর ১ নম্বর গোলচত্বরকিংবদন্তির কথা বলছি...এলাকাবাসী যেটাকে মিরপুর ১ নম্বর গোলচত্বর নামে চেনে, সেখানে কোনো পার্কের চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই চত্বর থেকে চলে যাওয়া মিরপুর ১০ নম্বরের সড়ক ও চিড়িয়াখানা রোডের প্রান্তে একটি গোলাকার সড়কদ্বীপ আছে। সনি প্রেক্ষাগৃহের সামনের এই সড়কদ্বীপকেই ডিসিসির পার্কের তালিকায় ‘মিরপুর ১ নম্বর গোলচত্বর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।দশমিক শূন্য পাঁচ একর আয়তনের এই পার্কে ২০০৯ সালে উন্নয়নের কাজ করা হয়েছে। তখন এতে বসানো হয় ভাস্কর হামিদুজ্জামান খানের করা ইস্পাতের একটি ভাস্কর্য, যার নাম ‘কিংবদন্তি’। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তৈরি করা হয়েছে এটি। মনোহারী একটি ফলকে লেখা হয়েছে আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কয়েকটি ছত্র। সড়কদ্বীপটির পুরো চত্বর এখন ছেয়ে আছে সবুজ ঘাসে। বিকেলে রোদ পড়ে গেলে অনেকেই অবসর যাপন করে থাকেন এখানে।ওয়ার্ড ৩৯পান্থকুঞ্জ পার্ককথায় ও কাজে গরমিল‘পার্কে সবাই আসে নির্মল হাওয়ার খোঁজে। কিন্তু এখানে দুই পাশের রাস্তা থেকে ধুলা আসছে, যানবাহনের শব্দ আসছে। পার্কটিতে নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না। ভেতরে পাতা ও আবর্জনা জমে থাকে।’ পান্থকুঞ্জ পার্ক সম্পর্কে বললেন ইজাদুল ইসলাম। তিনি নিয়মিত এই পার্কে হাঁটতে আসেন। তিনি আরও জানান, বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তিনি পার্কের ভেতরে হাঁটার পরিবেশ তৈরির দাবি করেন।পান্থকুঞ্জ পার্ক ঘুরে দেখা গেছে, পার্কের একটি ফটক ছিন্নমূল একটি পরিবার দখল করেছে। তাই সেই ফটক বন্ধ। এই ফটক কখনো খুলে দেওয়া হয় না। যে ফটকটি খোলা, তার ওপর একটি সাইনবোর্ডে লেখা আছে, ‘পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য বেলা ১১টা হইতে বিকাল চারটা পর্যন্ত বন্ধ থাকিবে।’ কিন্তু পার্ক বন্ধ থাকলেও নিয়মিত পরিষ্কার করা হয় না বলে জানান পার্কে হাঁটতে আসা লোকজন। ভেতরে গাছপালায় নিয়মিত পানি দেওয়া হয় না। ফলে ছোট ছোট গাছ শুকিয়ে যাচ্ছে। পার্কে ছোট দুটি সাইনবোর্ডে লেখা আছে, ‘পার্কের ভেতরে ধূমপান নিষেধ’ ও ‘বেঞ্চে পা তুলিয়া বসিবেন না’। কিন্তু পার্কের ভেতরে এই দুটি কাজই করতে দেখা গেছে। দুটি খুঁটি দেখে বোঝা যায়, পার্কে একটি দোলনা ছিল। পার্কের দেয়ালে ডিসিসির আরেকটি সাইনবোর্ড সাঁটানো আছে। তাতে লেখা, ‘পান্থকুঞ্জ পার্কের ফুটপাতের রাস্তা শুধু চলাফেরা করার জন্য ব্যবহার করা যাবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।’ কিন্তু সাইনবোর্ডের পাশেই ফুটপাতের ওপর একটি টং দোকান বসেছে। ফুটপাতে আরও কয়েকটি টং দোকান পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। ছিন্নমূল মানুষ এই ফুটপাতেই আশ্রয় নিয়েছে। রান্না করছে, খাচ্ছে এবং এখানেই ঘুমাচ্ছে। আবার পান্থকুঞ্জের পাশের সেই ফুটপাতে কোথাও কোথাও আবর্জনা জমে আছে।ফুটপাতের দখল উচ্ছেদ করা হবে কি না, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘এদের মাঝেমধ্যে উচ্ছেদ করা হয়, কিন্তু আবার দখল হয়ে যায়।’ওয়ার্ড ৮৪যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কখেলাধুলার উপকরণের বদলে ধুলোবালি!‘প্রতিদিন সকালে বড়রা অনেকেই এখানে হাঁটতে আসেন। বিকেলেও আসেন কেউ কেউ। এখানে খেলাধুলার উপকরণ নেই, আছে ধুলোবালি। তাই শিশুরা এখন আর এখানে আসে না।’ যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সম্পর্কে বললেন স্থানীয় বাসিন্দা ও এনজিও কর্মী মোখলেছ রহমান। ডিসিসির যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কে গিয়ে তাঁর কথার সত্যতা পাওয়া গেল। পার্কে গুটিকয় খেলাধুলার উপকরণ থাকলেও তা এখন আর খেলার উপযোগী নয়। দোলনা নেই, আছে চারটি খুঁটি। দুটি স্লিপারই ভাঙা। ঢেঁকিরও কেবল খুঁটিটাই আছে।বিকেলে ক্রিকেট খেলতে পার্কে এসেছিল কয়েকজন কিশোর। তাদের মধ্য থেকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ছাত্র সজল জানায়, প্রায় এক বছর ধরে উপকরণগুলোর এ অবস্থা। পাশেই রয়েছে পানির পাম্প। সেখান থেকে পানি এসে পার্কে জমে কাদার সৃষ্টি হয়, আবার শুকনো জায়গা ধুলোবালিতে সয়লাব হয়ে আছে।ঘুরে দেখা গেছে, যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কে হাঁটার জায়গা কোথাও উঁচু, কোথাও নিচু। কোথাও আবার ইট ফেলে রাখা হয়েছে। পাশের রাস্তার ফুটপাতে রয়েছে কাঁচাবাজার। এসব দোকানের কিছু মালামাল রাখা হয়েছে পার্কের ভেতর। বসার তিনটি ছাতা আকৃতির ছাউনির মধ্যে দুটির ওপর কোনো আবরণ নেই। পার্কের ভেতরে হাঁটা কিংবা খেলাধুলা করার কোনো পরিবেশ নেই। পার্কে ঢোকার দুটি ফটক আছে। তবে দুটি ফটকেই হকার, কাঁচামালের দোকানি ও রিকশাওয়ালাদের ভিড় দেখা গেছে। ফলে পার্কে ঢুকতে সবাইকে বেগ পেতে হয়। অথচ পার্কের এক প্রান্তে রয়েছে ডিসিসি ৮৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়।যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সম্পর্কে ডিসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দাশ বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এখনো ভালোভাবে সব জানতে পারিনি। খোঁজখবর নিয়ে পার্কগুলোর উন্নয়নকাজ শুরু করব। পার্কের অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ওয়ার্ড ৮৫আউটফল স্টাফ কোয়ার্টার শিশুপার্ক নেই খেলার সরঞ্জামডিসিসির তালিকা অনুযায়ী আউটফল স্টাফ কোয়ার্টার শিশুপার্ক পড়েছে ৮৬ নম্বর ওয়ার্ডে, বাস্তবে এর অবস্থান ৮৫ নম্বর ওয়ার্ডে। এ থেকেই বোঝা যায়, কর্তৃপক্ষ এ পার্কের কোনো খোঁজ রাখে না। ওই পার্কে গিয়ে তার সত্যতা মিলেছে।পার্কে শিশুদের কোনো খেলনা নেই। এটি এখন খেলার মাঠে পরিণত হয়েছে। কিন্তু আকারে ছোট হওয়ায় ভালোভাবে খেলতেও পারছে না শিশু-কিশোরেরা। পার্কে কোথাও ঘাস নেই, বালুতে ভর্তি। এখানে খেলতে আসা দিনার নামে এক তরুণ জানায়, বছর দশেক আগে এখানে কয়েকটা দোলনা ও স্লিপার ছিল। শিশুরা নিয়মিত খেলতে পারত। কিন্তু এসব খেলনা নষ্ট হওয়ার পর আর সংস্কার করা হয়নি। পরে তা ভেঙে ফেলা হয়েছে। এখন কোনো খেলনা না থাকায় শিশুরা আসে না। পার্কের এক পাশে বাঁশ রাখা হয়েছে। পেছনের দিকে ডিসিসির একটা ভবন রয়েছে। এখানে একটি পাঠাগার ও ক্লাব রয়েছে। কিন্তু পাঠাগার ও ক্লাব কর্তৃপক্ষের কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি। ভবনের একাংশ বছর পাঁচেক ধরে আনসার ক্যাম্পে পরিণত করা হয়েছে। এখন আনসার সদস্যরা এখানে থাকছেন। তাঁদের ভেজা কাপড় পার্কের কোনায় শুকাতে দেখা গেছে।আউটফল স্টাফ কোয়ার্টার শিশুপার্কের উন্নয়নে ডিসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দাশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।ওয়ার্ড ২পল্লবী শিশুপার্কদেখার কেউ নেইচারদিকে বালু আর বালু। তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে আবর্জনা। কোথাও একটু ঘাসের চিহ্ন নেই। ন্যাড়া মাঠে দাঁড়িয়ে আছে কয়েকটি গাছ। মিরপুর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ও ‘ই’ ব্লকের পল্লবী শিশুপার্কের চিত্র এটি।এই উদ্যানে শিশুদের খেলার উপকরণগুলোর মধ্যে রয়েছে নয়টি স্লিপার, ছয়টি দোলনা ও পাঁচটি ঢেঁকি (সি-স)। এগুলোর মধ্যে বেশির ভাগ অকেজো।দশমিক ৭০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে পল্লবী শিশুপার্ক। মহল্লার তিনটি সংযোগ রাস্তা উদ্যান ভেদ করে যাওয়ায় এটি চারটি আলাদা উদ্যানের আদল ধারণ করেছে।বাইতুল আজমত জামে মসজিদের পাশে উদ্যানের একপ্রান্তে পাওয়া গেল একটি ভিত্তিপ্রস্তর। তাতে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি ২ নম্বর ওয়ার্ড শিশুপার্ক উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন। বর্তমানে উদ্যানটির অবস্থা দেখে যে কারও প্রশ্ন জাগবে, উদ্বোধনের পর থেকে ডিসিসির কাউন্সিলর কিংবা কোনো কর্মী কি এর দেখভাল করছেন না? কেননা, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যানটি বেহাল হয়ে পড়েছে। আবার উদ্যানটি রক্ষায় আশপাশের অনেক বাড়িওয়ালা যে সচেতন নন, সেই চিত্রও দেখা গেছে। উদ্যানের ভেতরেই কেউ রেখেছে নির্মাণসামগ্রী। আবার কেউ উদ্যানের গ্রিলে কাপড় রোদে দিচ্ছে, কেউ বা কাপড় শুকানোর জন্য এর ভেতরে দড়ি টানিয়ে নিয়েছে।২২ ফেব্রুয়ারি দুপুরে দেখা গেল, কেটিসি ক্যাম্পের পাশে উদ্যানের একাংশে অনুষ্ঠানের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। এর ভেতরেই সেই অনুষ্ঠানের রান্নাবান্নার কাজও হয়েছে। ওই সময়ই উদ্যানটির অন্যান্য অংশের খেলনায় খেলতে দেখা গেছে গুটিকয়েক শিশুকে। জনা পাঁচেক কিশোর উদ্যানেরই আরেক জায়গায় খেলছিল ক্রিকেট। পাশের এক দোকানি জানান, স্থানীয় কমিশনার পার্কটির উন্নয়ন শুরু করেছিলেন। তিনিই বলতে পারবেন, এটি কেন বেহাল হয়ে আছে।ওয়ার্ড ৩৯ধানমন্ডি পার্কউদ্যানের কোনো নিদর্শন নেইডিসিসির পার্কের তালিকায় থাকা মিরপুর সড়কের ধানমন্ডি পার্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান জানান, এই পার্কের জায়গায় রয়েছে খেলার মাঠ। ধানমন্ডি খেলার মাঠ নামেই তা পরিচিত। অন্যদিকে ডিসিসির খেলার মাঠের তালিকাতেও এই জায়গার নাম রয়েছে। ডিসিসির পার্ক ও মাঠের তালিকায় একই জায়গা রাখার মানে কী? এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ডিসিসির মাঠটিকে পার্ক করার জন্য কোনো কার্যক্রম চালিয়েছে কি না, তারও কোনো নিদর্শন পাওয়া যায়নি ধানমন্ডি মাঠে। এখানে হাঁটার জন্যও নেই কোনো ব্যবস্থা। পুরো মাঠই ছেয়ে আছে ধুলোবালিতে। এলাকার কিশোর-যুবারা এখানে নিয়মিত খেলাধুলা করে থাকে। তখন মাঠের ধুলো মিরপুর সড়কেও ছড়িয়ে পড়ে।সূত্রমতে, ডিসিসির মাঠ ও পার্কের তালিকায় ধানমন্ডি পার্ক থাকলেও পার্কের জায়গার মালিকানার কোনো কাগজপত্র ডিসিসির কাছে নেই। আবার জায়গার প্রকৃত মালিক গণপূর্ত অধিদপ্তরও পার্কটির মালিকানা দাবি করছে না। তাই ধানমন্ডি ক্লাব পার্কটিকে মাঠ হিসেবে বরাদ্দ নিতে পারছে না বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান।ওয়ার্ড ৪৯ধানমন্ডি ৩ নম্বর রোড গেট পার্কডিসিসির উদ্যানে গণপূর্তের মাঠ!ধানমন্ডি ৩ নম্বর গেট পার্কটি কোথায়? এমন প্রশ্নে এলাকাবাসী যে পার্কটির কথা জানালেন, সেটিতে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের একটি সাইনবোর্ড দেখা গেল। আর সাইনবোর্ডে ওই পার্ককে চিহ্নিত করা হয়েছে খেলার মাঠ হিসেবে। মাঠের ভেতরেও পার্কের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। শিশু-কিশোরদের সেখানে খেলাধুলা করতে দেখা গেছে। ওই মাঠের ব্যবস্থাপক জানান, এটা গণপূর্ত অধিদপ্তরের জায়গা। একসময় এটি ডিসিসির পার্ক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণা দিয়েই তারা দায়িত্ব সেরেছে। দীর্ঘদিন পার্কটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে গণপূর্ত অধিদপ্তর এটিকে মাঠ হিসেবে ঘোষণা দেয়।ওয়ার্ড ৩৯কারওয়ান বাজার পার্কপার্কের জায়গায় আড়ত রিকশাভ্যানের স্ট্যান্ডডিসিসির পার্কের তালিকা অনুযায়ী কারওয়ান বাজারে কোনো পার্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৬-এর সহকারী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম চৌধুরী জানান, এখন কারওয়ান বাজার পার্ক নামে কোনো পার্ক নেই। ডিসিসির অঞ্চল-৬-এর কার্যালয়ের দক্ষিণ পাশে যে আড়ত রয়েছে, সেখানে কয়েক বছর আগে ছিল কারওয়ান বাজার পার্ক। সারা দেশ থেকে কারওয়ান বাজারে অনেক কাঁচামাল আসে। তাই ডিসিসি পার্কের জায়গায় কাঁচামালের আড়ত তৈরি করেছে।সেই আড়তের সামনে ‘সিটি করপোরেশন মার্কেট’ নামে একটি সাইনবোর্ড দেখা গেছে। জানা গেছে, কারওয়ান বাজারের মহাপরিকল্পনায় এখানে দুটি উদ্যান রাখা হয়েছে। কিন্তু কোনো উদ্যানেই প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়নি। একটি উদ্যানে আড়ত তৈরি করেছে খোদ ডিসিসি। কিচেন মার্কেটের পূর্ব পাশে থাকা আরেক পার্কে গিয়ে দেখা গেছে, পার্কের জায়গায় রাখা হয়েছে শত শত রিকশাভ্যান। এর এক পাশে রয়েছে তেলের ড্রাম। ভেতরে অনেকগুলো ক্যারমবোর্ড বসানো হয়েছে। এ ছাড়া উদ্যানের চারপাশ ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট দোকান। পার্কে দুই-একটি গাছ থাকলেও পরিচর্যার অভাবে সেগুলো মরতে বসেছে। জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পার্কটি দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেটি আবার বেদখল হয়ে গেছে।পার্ক উদ্ধার করা হবে কি না জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘এক জায়গায় তো আড়ত হয়েছে। অন্য জায়গায় একটি বিল্ডিং ওঠানোর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবও করা হয়েছে।’ওয়ার্ড ৪৫লালমাটিয়া ডি ব্লক পার্কপার্ক নেই, আছে খেলার মাঠলালমাটিয়া ‘ডি’ ব্লক পার্কের নাম ডিসিসির তালিকায় রয়েছে। কিন্তু এলাকায় গিয়ে কোনো পার্ক পাওয়া যায়নি। লালমাটিয়া ‘ডি’ ব্লক খেলার মাঠ নামে একটি জায়গা পাওয়া গেছে। যেখানে এলাকার ছেলেরা খেলাধুলা করে থাকে। এই মাঠটিই ডিসিসির পার্কের তালিকায় আছে বলে জানা গেছে। এখানে পার্কের কোনো চিহ্ন নেই।ডিসিসির এই জায়গাটি পরিচালনা করছে ‘সাংস্কৃতিক ও সামাজিক সংঘ’ নামের একটি প্রতিষ্ঠান। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় এটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়। তখন মাঠে ছেলেরা খেলতে পারে না। পার্কে ঢোকার মুখে ছোট একটি সাইনবোর্ড দেখা গেল। তাতে উল্লেখ করা হয়েছে, মাঠে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। কর্তৃপক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে এম এ মামুনের নাম।মাঠটি ভাড়া চাইতে গেলে সাংস্কৃতিক ও সামাজিক সংঘের সহসভাপতি ফারুকী জানান, তাঁরা সপ্তাহে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার আড়াই হাজার টাকার বিনিময়ে ভাড়া দেন। ডিসিসির মাঠ কীভাবে ভাড়া দেন, জানতে চাইলে বলেন, ‘ডিসিসির জায়গা কে বলেছে? তাদের জায়গা হলে তারা আসুক।’ মাঠ ভাড়া দিলে খেলাধুলার অসুবিধা হয় স্বীকার করে তিনি আর কোনো কথা বলতে চাননি।