ডিসিসির পার্কে বেড়ানো দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর খোলা হাওয়ায় দম নেওয়ার জায়গা কমছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দাবি, ছোট-বড় মিলিয়ে তাদের ৫৪টি উদ্যান আছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ৫৪টির মধ্যে কয়েকটি আছে শুধু ডিসিসির তালিকাতেই, বাস্তবে যা কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক উদ্যান আবার বেহাত হয়ে গেছে, যেগুলো উদ্ধারে ডিসিসির তৎপরতা চোখে পড়েনি। বাকি উদ্যানগুলোর বেশির ভাগের উন্নয়ন, সংস্কার ও পরিচ্ছন্নতায় ডিসিসির অবহেলা চোখে পড়ছে। পার্কগুলোয় শিশুদের জন্য নেই পর্যাপ্ত খেলার সরঞ্জাম। বেশ কিছু উদ্যানে শিশুদের খেলনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ প্রেক্ষাপটে ডিসিসির পার্কগুলো নিয়েই আমাদের বিশেষ আয়োজন। আজ ছাপা হলো শ্যামলী ও মোহাম্মদপুর এলাকায় ডিসিসির সাতটি পার্কের হালচাল। লেখা: আলী আসিফওয়ার্ড ৪৫শ্যামলী পার্ককঙ্কালসার খেলনাশ্যামলী ফুটওভারব্রিজ থেকে কয়েক কদম গেলেই পাওয়া যায় শ্যামলী পার্ক। মোহাম্মদপুরের জহুরী মহল্লা, শ্যামলী ও আশপাশের এলাকার শিশু-কিশোরদের অনেকেই এই মাঠে খেলে বড় হয়েছেন। জহুরী মহল্লার বাসিন্দা মারিয়া ইশরাত পার্কটি প্রসঙ্গে বলেন, ‘আজ থেকে ১৫-১৬ বছর আগে আমরা পার্ক বলতে এই শ্যামলী পার্কটিকেই বুঝতাম। এই পার্কের দোলনায় আমরা কত দোল খেয়েছি!’বর্তমানে এই পার্কের সেই শ্রী আর নেই। তবে আগের মতোই লোকসমাগম ঘটে। বড় পার্কটির চারদিকে আবর্জনার স্তূপ। পার্কের ঠিক মাঝখানে কয়েকটি খেলনা ভগ্ন অবস্থায় পড়ে আছে। শ্যামলী পার্কে সারা দিনই চলে খেলাধুলা। আর বিকেল হলেই স্থানীয় লোকজন এখানে হাঁটার জন্য আসে। পার্কে ক্রিকেট খেলছিলেন এমন এক যুবক বলেন, ‘আমরা খালি নামেই শুনি যে এটা ডিসিসির পার্ক। কোনো দিন তো তাদের কোনো কাজ করতে দেখলাম না।’অথচ ডিসিসি যখন হয়নি, সেই মিউনিসিপ্যালিটির সময় পার্কটি ছিল রমরমা। সকাল-বিকেল ছেলেবুড়ো সবাই ছুটে আসত পার্কটিতে। দীর্ঘদিন ধরে খেলনাগুলো নষ্ট থাকায় দিন দিন কমছে পার্কের জৌলুশ। পার্কটির প্রতি আগ্রহ হারাচ্ছে স্থানীয় লোকজন।পার্কের রুগ্ণদশা আর কঙ্কালসার খেলনা সম্পর্কে ঢাকা সিটি করপোরেশনের অঞ্চল ৬-এর নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘আমরা দেড় বছর আগেও পার্কটি সংস্কার করেছি। আবার সময় হলে পার্কটি সংস্কার করা হবে। পার্কটির দেখাশোনা সিটি করপোরেশনের নিয়মেই করা হচ্ছে।’ ওয়ার্ড ৪৪শিয়া মসজিদ পার্কপার্ক না ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্র?.নানা বয়সী খেলোয়াড়দের দৌড়ঝাঁপে সারা দিনই মুখর থাকে শিয়া মসজিদ পার্ক। শিয়া মসজিদের দেয়ালঘেঁষা এই মাঠটি আগের মোহাম্মদপুর শিশুপার্ক। ডিসিসির এই পার্কে দুটি দরজা দিয়ে ঢোকা যায়। পুরোনো দরজায় লেখা নামফলক প্রায় ঝাপসা হয়ে এসেছে। নতুন দরজায় টাইলস বসানো। নামফলকহীন এই বিশাল দরজার সামনে ঝুলছে মোহাম্মদপুর সোনালী সংঘের সাইনবোর্ড। সাইনবোর্ড থেকে জানা যায়, বর্তমানে এই পার্কটি পরিচালনা করছে তারা। এখানে তারা নিয়মিত ক্রিকেট খেলার প্রশিক্ষণ দিয়ে থাকে।মাঠের স্থানে স্থানে খুদে খেলোয়াড়দের ক্রিকেট খেলতে দেখা গেল। এই পার্কে সবুজ ঘাস এক দুর্লভ বস্তু। নতুন দরজার সামনেই রয়েছে রিকশার গ্যারেজ। পার্কের মধ্যে বসে কাঠ আর বাটালি দিয়ে রিকশার কাঠামো বানাতেও দেখা গেল কয়েকজনকে। পার্কের চারধারে থাকা বেঞ্চিতে অনেককে বসে থাকতে দেখা গেল। মোহাম্মদপুরের এই মাঠে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানালেন মাঠের পাশের এক দোকানি।শিয়া মসজিদ পার্কের নাম তুলতেই স্থানীয় কাউন্সিলর শুধরে দিয়ে বলেন, ওটা তো সোনালী মাঠ। এ মাঠের পুরোনো গেটে এখনো লেখা আছে, এটা মোহাম্মদপুর শিশুপার্ক। ঢাকা শহরের পুরোনো পার্কগুলোর একটি। বর্তমানে এ মাঠে সোনালী ক্রিকেট একাডেমি নামের একটি সংগঠন পার্কের জায়গায় নেট আর পিচ বসিয়ে ক্রিকেটের প্রশিক্ষণ দিচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আরজুদা বাসার বলেন, আসলে এটা এলাকার ছেলেদের খেলার মাঠ হিসেবেই বেশি ব্যবহূত হয়। তারাই এখানে নিয়মিত খেলাধুলার চর্চা করে। একই প্রসঙ্গে ডিসিসির অঞ্চল ৬-এর নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, এটা আসলে ডিসিসির সমাজকল্যাণ বিভাগের দায়িত্ব। এ বিষয়ে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে। ওয়ার্ড ৪৪শহীদ পার্কদোকানঘেরা খেলার মাঠশহীদ পার্কের নির্ধারিত জায়গায় গিয়ে পাওয়া গেল একটি মাঠ। মাঠটির তিন পাশেই রয়েছে বিপণিবিতান। মাঠের দেয়ালের সঙ্গে লাগানো এসব বিপণিবিতানের ছাদ। পার্ক ঘিরে রাখা এসব দোকানে বেশ ভিড়। মাঝেমধ্যে দোকানের ফাঁকফোকর দিয়ে এক টুকরো মাঠের দেখা পাওয়া যায়। বিভিন্ন বয়সী ছেলেদের খেলাধুলায় মুখর থাকে মাঠটি। মাঠে খেলতে আসা কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এই মাঠে খেলা করেন। কিন্তু তাঁরা জানেন না যে এটি একটি পার্ক। ডিসিসির পরিচালনায় মাঠের পাশের সুসজ্জিত দোকান দেখে বোঝা যায়, এখানে নিয়মিত তদারকি আছে ডিসিসির। পার্কের উন্নয়নের বেলায়ই যত অনীহা তাদের।ডিসিসির ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরজুদা বাসারও পার্কটির দুরবস্থার কথা জানেন। তিনি নির্বাচিত হওয়ার পর পার্কটিকে সর্বশেষ সংস্কার করা হয়েছিল ছয় বছর আগে। এর পর আজ অবধি কোনো সংস্কার করা হয়নি। ওয়ার্ড ৪৪শেরশাহ সূরি লেন পার্কভেতরে বাস কাউন্টারশেরশাহ সূরি লেনের পার্কটিতে গিয়ে দেখা গেল, এর পাশের রাস্তায় সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে। এগুলো একটার পর একটা ছেড়ে যাচ্ছে। মেগাসিটি বাসের যাত্রীরা টিকিট কেটে বাসে উঠছে। পার্কের ভেতরে বসেই টিকিট বিক্রি করা হচ্ছে। পার্কের লোহার বেষ্টনীর মাথায় টিনের চালা বসিয়ে এর নিচে করা হয়েছে টিকিট কাউন্টার। এই কাউন্টারের পাশেই আবার রয়েছে বাসের ক্ষুদ্র যন্ত্রাংশ মেরামতের দোকান। এদের পেছনেই ব্যাট-বল নিয়ে মাঠের মধ্যে ক্রিকেট খেলতে দেখা গেল বেশ কিছু ছেলেকে। তারা জানায়, কোনো দিনই এই পার্কটিকে তারা পার্ক অবস্থায় দেখেনি। এখানে না আছে সবুজ ঘাস, না আছে খেলনা।ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে একে ‘ঈদগাহ মাঠ’ নামেই স্থানীয় লোকজন চেনে। আর এই নামের আড়ালেই ঢাকা পড়ে গেছে পার্কটির আসল পরিচয়। মেগাসিটি কাউন্টারের কর্মী জানান, মাঠটি আসলে হাউজিং সোসাইটির। মসজিদসংলগ্ন এই পার্ক ডিসিসির সম্পত্তি হিসেবে মানতে নারাজ তাঁরা। তাই পার্কের মধ্যে বাস কাউন্টার বসাতেও তেমন একটা বেগ পেতে হয়নি তাঁদের। দখল হতে হতে ক্রমেই ছোট হয়ে পড়েছে ১ দশমিক ৮৭ একরের এই পার্কটি। পার্কে ঢোকার দরজার পাশ ঘেঁষে আবার মনুষ্যমূত্রের ধারা দেখা গেল। তা থেকে ভেসে আসা দুর্গন্ধে পার্কে হাঁটাচলা করাও কঠিন।পার্কের মধ্যে থাকা মেগাসিটি পরিবহনের বাস কাউন্টারটি সম্পূর্ণ অবৈধ বলে জানালেন ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরজুদা বাসার। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এখানকার সব কটি কাউন্টার উঠিয়ে দেওয়া হয়েছিল। কাউন্টার ব্যবসায়ীরা হাউজিংয়ের লোকজনকে হাত করে এবং কিছু স্থানীয় ব্যক্তির প্রত্যক্ষ মদদে এখানে বাস কাউন্টার বসিয়েছেন।ওয়ার্ড ৪৫ইকবাল রোড শিশুপার্কক্লাবের দখলে পার্ক!ভাঙা লোহার রেলিং দেখেই আঁচ করা যায় ইকবাল রোড শিশুপার্কের দুরবস্থা। ধুলাবালিতে ভরা পার্কটির এখানে-সেখানে ছড়িয়ে আছে আবর্জনা। ডিসিসির পার্ক হলেও ‘উদয়জল ক্লাবের মাঠ’ নামেই বেশির ভাগ মানুষ একে চেনে। চেনার কারণটাও যৌক্তিক বলেই মনে হলো। চারকোনা ক্ষেত্রটি দেখে বোঝার উপায় নেই, কোনোকালে এটি একটি পার্ক ছিল। আয়তক্ষেত্রটির চারপাশে কোথাও নামঠিকানার অস্তিত্ব নেই। থাকার মধ্যে শুধু মাঠের একপাশে বেশ খানিকটা জায়গাজুড়ে রয়েছে একটি ক্লাবঘর।ক্লাবঘরের পাশেই লোহার তারে টাঙানো ভেজা লুঙ্গি আর গেঞ্জি দেখে বোঝা যায়, এরই মধ্যে অনেকে বসতবাড়ি গড়েছেন এখানে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের প্রাচীরঘেঁষা এই মাঠটিতে বসে অবসর সময় কাটান অভিভাবকেরা। আর মাঠের ভাঙাচোরা দরজার সামনে পার্ক করা থাকে তাঁদের গাড়ি। যদিও দরজার সামনেই বড় বড় অক্ষরে লেখা, ‘এখানে গাড়ি রাখা নিষেধ’। ডিসিসির অবহেলা কিংবা ব্যর্থতায় পার্কটি হারিয়েছে তার জৌলুশ। পরিণত হয়েছে পার্ক থেকে খেলার মাঠে। এই মাঠটিকে তদারক করেন উদয়জল ক্লাবের কর্তারা। মাঠে খেলাধুলার আয়োজন ছাড়াও মাঠ ভাড়া দিয়ে কনসার্ট, ওয়াজ মাহফিল আর পিকনিকের আয়োজন করার সুব্যবস্থাও করে দেন তাঁরা।ওয়ার্ড ৪২মোহাম্মদপুর তাজমহল রোড পার্কচাবি মসজিদ কমিটির কাছে!প্রায় পৌনে এক একরের মোহাম্মদপুর তাজমহল রোড পার্কে প্রাচীর বসিয়ে ডিসিসি ঈদগাহ ও খেলার মাঠ নির্মাণ করে ১৯৯৮ সালে। এখন পর্যন্ত পার্কটির সদর দরজায় কোনো নামফলক বসানো হয়নি। ছোট্ট মাঠটিতে এমনিতেই খেলার জায়গার স্বল্পতা, তার ওপর আবার প্রায় প্রতি সপ্তাহেই এখানে অনুষ্ঠান লেগেই থাকে। সেখানে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল দেখা গেল। মাঠের পাশ ঘেঁষেই আছে সাজানো-গোছানো ছোট্ট একটি পার্ক। পার্কটির মাঝখানে নজরকাড়া একটি ফোয়ারাও রয়েছে। ফোয়ারার চারধারে দর্শনার্থীদের বসার জন্য কংক্রিট বেঞ্চি রয়েছে। কিন্তু পার্কটি এখনো জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে। পার্কের দরজায় সব সময়ই তালা মারা থাকে। শুধু তা-ই নয়, দরজার সামনে টিনের পাতে লেখা রয়েছে, ‘প্রত্যেক নামাজের আধা ঘণ্টা আগে খোলা হবে, প্রত্যেক নামাজের আধা ঘণ্টা পরে বন্ধ হবে, আদেশক্রমে মসজিদ কমিটি’। পার্কে ঢোকার প্রধান দরজাও সব সময় বন্ধ থাকে। ফলে পার্কে ঢোকার একমাত্র পথ মিনার মসজিদের সামনের ছোট দরজা। মসজিদ কমিটির কাছে পার্কের চাবি থাকায় এলাকাবাসী পার্কটি ব্যবহারের সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ অনেকেরই।ওয়ার্ড ৪৫ইকবাল রোড মাঠ পার্কবন্ধ থাকে প্রধান ফটকইকবাল রোড মাঠ পার্কের পরিচ্ছন্ন আঙিনা নজর কাড়ে। পার্কের দুই পাশের রাস্তার ধারে কোথাও নেই কোনো আবর্জনার স্তূপ। পাতাঝরা গাছের সারি পার্কের চারপাশ জুড়ে। গাছের ছায়ায় পার্কের দর্শনার্থীদের বসার ব্যবস্থা রয়েছে। সকাল-বিকেল পার্কটিতে স্থানীয় লোকজন হাঁটতে আসে। পার্কের দেয়ালঘেঁষে তারা হাঁটাচলা করে।পার্কের ভেতরের পুরোটা জুড়েই চলে বিভিন্ন বয়সী ছেলেদের ক্রিকেট আর ফুটবল খেলা। জানা গেল, এই পার্কে ঢোকার প্রধান দরজাটি বন্ধ থাকে বেশির ভাগ সময়। তাই পার্কে আসা দর্শনার্থীদের ঢুকতে হয় ছোট ফটক দিয়ে। ইকবাল রোডের অধিবাসী জুলফিকার রহমান বলছিলেন, ‘মোহাম্মদপুরে যে পার্কগুলো আছে, এর মধ্যে পরিবেশের দিক দিয়ে সবচেয়ে ভালো আমাদের পার্কটিই।’