ডিসিসির পার্কে বেড়ানোও যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর খোলা হাওয়ায় দম নেওয়ার জায়গা কমছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দাবি, ছোট-বড় মিলিয়ে তাদের ৫৪টি উদ্যান আছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ৫৪টির মধ্যে কয়েকটি আছে শুধু ডিসিসির তালিকাতেই, বাস্তবে যা কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক উদ্যান আবার বেহাত হয়ে গেছে, যেগুলো উদ্ধারে ডিসিসির তৎপরতা চোখে পড়েনি। বাকি উদ্যানগুলোর বেশির ভাগের উন্নয়ন, সংস্কার ও পরিচ্ছন্নতায় ডিসিসির অবহেলা চোখে পড়ছে। পার্কগুলোয় শিশুদের জন্য নেই পর্যাপ্ত খেলার সরঞ্জাম। বেশ কিছু উদ্যানে শিশুদের খেলনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে অভিজাত এলাকা গুলশান-বনানীর পার্কগুলোর অবস্থা তুলনামূলকভাবে ভালো। আজ ছাপা হলো গুলশান, বনানী, খিলগাঁও ও মতিঝিল এলাকার ডিসিসির পার্কের হালচাল। লেখা: কাওছার শাকিলওয়ার্ড ১৮বারিধারা পার্কপুরো পরিবারের বিনোদনবারিধারা এলাকার প্রায় মধ্যখানে অবস্থিত বারিধারা পার্কটি একটু অন্য রকম। কেননা বড়দের পাশাপাশি এখানে রয়েছে ছোটদের জন্যও বিনোদনের ব্যবস্থা। পার্কের ছোট্ট পরিসরের মধ্যেও স্লিপার ও দোলনা বসানো রয়েছে বেশ কয়েকটি। নিয়মিত তত্ত্বাবধানের কল্যাণেই এই পার্কটি অসম্ভব রকম পরিপাটি করে গোছানো। বন্ধের দিনগুলোয় তাই এই এলাকার বাসিন্দাদের মতো আশপাশের এলাকা থেকেও বাবা-মায়েরা বাচ্চাদের নিয়ে চলে আসেন এখানে। বাচ্চাদের খেলতে দিয়ে নিজেরা হেঁটে বেড়ান পার্কের রাস্তায়। বাচ্চারাও খুশি, বাবা-মায়েরাও সন্তুষ্ট। মোট কথা, এক জায়গায় পুরো পরিবারের বিনোদন।ওয়ার্ড ১৯গুলশান পার্কসুরের আবেশে হাঁটার আয়োজনগুলশান পার্কের অবস্থান গুলশান-২-এর এক প্রান্তে। পার্কের নামকরণ করা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নামে। কিন্তু বর্তমানে এই পার্ক গুলশান পার্ক নামেই পরিচিত। স্থানীয়ভাবে পার্কটি আবার ‘লেডিস পার্ক’ ও ‘ট্যাংক পার্ক’ নামেও পরিচিত। তুলনামূলক বিচারে নগরের অন্যান্য পার্কের চেয়ে এই পার্কটির অবস্থা প্রায় রাজকীয়।৮ দশমিক ৯৭ একরের এই পার্কটির প্রকৃতি নয়নাভিরাম। একনজর দেখলেই বোঝা যায়, নিয়মিত যত্ন-আত্তি করা হয় এই পার্কের। পার্কের সুদীর্ঘ রাস্তায় ধুলো নেই, বালু নেই। গাছের নিচে মরা পাতা নেই। কোথাও কোনো রকম ময়লা পড়ে নেই। দেশের চেনা পরিচিত গাছগুলো তো আছেই। চেনা গণ্ডির বাইরেও চমৎকার চমৎকার গাছ লাগানো হয়েছে এখানে। তাই লটকন, রামবুতান, মধুমালতী, মিষ্টি তেঁতুল, দারচিনি, সোনালু, কফি—এ রকম অসংখ্য দেশি-বিদেশি গাছ একে অন্যের পাশে দাঁড়িয়ে আছে। এ ছাড়া হাঁটিয়েদের জন্য পার্কজুড়ে লাগানো রয়েছে অসংখ্য সাউন্ড বক্স। সেন্ট্রাল সাউন্ড সিস্টেম থেকে সকাল-বিকেল গান বাজানো হয়। গান শুনতে শুনতে হাঁটার এমন চমৎকার ব্যবস্থা বলা যায় ঢাকায় বিরল। পার্কটিতে রয়েছে পুকুরের ওপর করা মঞ্চ। সেখানে পালা-পার্বণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ওয়ার্ড ১৮বারিধারা নার্সারি পার্কলেকের ধারে বেড়ানোবারিধারা নার্সারি পার্ক বললে এই পার্কটিকে কেউ চিনতে পারবে না। কেননা ডিসিসির অন্য অনেক পার্কের মতোই এই পার্কটিতেও নেই কোনো নাম-পরিচয়ের ফলক, নেই কোনো সাইনবোর্ডের বালাই। স্থানীয় বাসিন্দাদের কাছে এই পার্কটির নাম ‘লেক পার্ক’। স্পষ্টতই গুলশান লেকের পাশে বলেই এমন নাম হয়েছে। লেকের হাওয়া খেতে খেতে দিব্যি হেঁটে বেড়ানো যায় পার্কটিতে। সৌন্দর্য বাড়ানোর জন্য দেশিয় ফুলের চমৎকার একটা বাগান রয়েছে এখানে। বসার জন্য আছে বেঞ্চ। পার্কের রাস্তাগুলো যে নিয়মিত পরিষ্কার করা হয়, তা হাঁটতে গিয়েই বোঝা গেল। আর এই ছিমছাম পরিবেশের জন্যই বোধ হয় এ পার্কে বসবাসরত বিদেশি নাগরিকদের আনাগোনা বেশি।ওয়ার্ড ১৯বনানী শিশুপার্ক শিশুদের খেলনা নেইহাওয়া ভবনের সামনে অবস্থিত বলে বনানী ডি ব্লকের বনানী শিশুপার্ক স্থানীয়ভাবে ‘হাওয়া ভবনের মাঠ’ নামে পরিচিত। ডিসিসির কাগজপত্রে শিশুপার্ক বলা হলেও এখানে শিশুদের খেলাধুলার জন্য কোনো সরঞ্জাম নেই।এ বিষয়ে ওয়ার্ড কমিশনার আ ফ ম আবদুল আলীম বলেন, ‘এ পার্কটি এলাকার ছেলেরা ক্রিকেট খেলার মাঠ হিসেবে ব্যবহার করে। তা ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতাও হয়। সে জন্যই এই পার্কটিতে খেলাধুলার সরঞ্জাম না বসিয়ে মাঠ হিসেবেই রাখা হয়েছে। বনানীতে ডিসিসির অনেক পার্কের নামের সঙ্গে ‘শিশুপার্ক’ থাকলেও সব বয়সী মানুষের সুবিধার কথা ভেবে এগুলোকে খেলার মাঠ বা বেড়ানোর পার্ক করেই রাখা হয়েছে।ওয়ার্ড ১৯গুলশান সেন্ট্রাল ও ওয়ান্ডারল্যান্ড পার্কশুধু তালিকায়ই আছে কেন্দ্রীয় পার্ক!গুলশান সেন্ট্রাল পার্ক দুটি অংশে বিভক্ত। এর একাংশের নাম ওয়ান্ডারল্যান্ড, অপর অংশের নাম গুলশান ইয়ুথ ক্লাব মাঠ। ডিসিসির পার্কের তালিকায় ওয়ান্ডারল্যান্ড পার্ককে আলাদা পার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পার্কটি পরিচালনা করছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। এখানে টিকিট কেটে বিনোদন নিতে হয় নগরবাসীকে। ওই পার্কের জমি নিয়ে ডিসিসির সঙ্গে ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষের মামলা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গুলশান সেন্ট্রাল পার্কের আরেক অংশ গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এলাকার ক্রীড়াপ্রেমী তরুণেরা খেলাধুলা করে। পার্কের পুরোটা জায়গায় হাঁটার রাস্তা থাকায় অনেকেই সকাল-সন্ধ্যা হাঁটতে আসে।ওয়ার্ড ১৯গুলশান তালতলা পার্ক (সাউথ পার্ক)বস্তি থেকে পার্কগুলশান তালতলা পার্কটির জায়গায় একসময় ছিল বস্তি। ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের এক বিরাট অংশ বাস করতেন এখানে। তাঁদের মিরপুরে পুনর্বাসন করে এখন সেখানে গড়ে তোলা হয়েছে পার্ক। তবে পার্কটির কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। তার পরও গুলশানের অনেকের কাছেই এখন এই পার্কটি হাঁটাহাঁটির জন্য চমৎকার জায়গা। পার্কের সীমানাপ্রাচীর ঘেঁষে রাস্তা তৈরি করা হয়েছে। প্রতিদিনই এখানে সকাল-বিকেল হাজির হয় লোকজন। পাঁচ-ছয় মাস ধরে পার্কটির সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণকাজ চলছে বলে জানান এ ওয়ার্ডের কমিশনার আ ফ ম আবদুল আলীম। তিনি আশা করছেন, এ বছর পেরোতে পেরোতে এ পার্কটি গুলশানের আরেকটি চমৎকার পার্ক হিসেবে ধরা দেবে সবার কাছে।ওয়ার্ড ১৯বনানী লেক পার্কপাড় আছে পার্ক নেই!বনানী লেকের পাড়ে সেভাবে কোনো পার্ক নেই। অবশ্য লেকের পাড়ের রাস্তা ও এক কোনায় খানিকটা খালি জায়গা রয়েছে। তবে এই দুটো জায়গা মিলিয়ে কি পার্ক ধরা হয়েছে? এ প্রশ্নে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আ ফ ম আবদুল আলীম বলেন, বনানী লেকের পাড়ে কোনো লেক পার্ক হয়নি। তবে পাড়ের রাস্তাটাকে হাঁটার উপযোগী করে তোলা হয়েছে। তাই সেটা অনেকটা পার্কের মতোই ব্যবহার করা হয়। এলাকার লোকজন সেখানে নিয়মিত হাঁটাচলা করতে পারে।তা ছাড়া কাগজে-কলমে পার্ক হিসাব করা হলেও এখানে কোথাও কোনো বসার জায়গা নেই। আর ডিসিসি এই স্থানটির তেমন কোনো তত্ত্বাবধানও করে না বলে জানা যায় এখানে হাঁটতে আসা এলাকার বাসিন্দাদের কাছে।ওয়ার্ড ১৯বনানী শিশুপার্ক (জি ব্লক)কেতাবে আছে, বাস্তবে নেইডিসিসির তালিকায় এ শিশুপার্কের কথা উল্লেখ থাকলেও বনানী জি ব্লক তন্নতন্ন করে খুঁজে কোনো শিশুপার্ক পাওয়া যায়নি। এ বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ ফ ম আবদুল আলীম বলেন, ‘জি ব্লক একটা ছোট্ট জায়গা। আমার জানামতে, এখানে কোনো পার্ক নেই। সম্ভবত “এফ” ব্লকের পার্কটিকেই ভুল করে “জি” ব্লকের পার্ক হিসেবে ধরা হয়েছে।’ওয়ার্ড ৩২মতিঝিল পার্কখবর নেয় না কর্তৃপক্ষ!মতিঝিলে যে কোনো পার্ক আছে, তা মতিঝিলে সব সময় যাতায়াত করে এমন লোকজনও জানে না। মতিঝিলের একেবারে শেষ প্রান্তে, স্টেডিয়ামের মূল ফটকের সামনে প্রায় চোখে পড়ে না এমন এক জায়গায় রয়েছে এই পার্ক। লোকসমাগম তেমন একটা হয় না বলে এর প্রতি নজর নেই কারোরই। পার্কের একপাশে করে দেওয়া হয়েছে গণশৌচাগার। আর ঠিক তার সামনেই গড়ে উঠেছে খাবারের অবৈধ দোকান। শুধু তা-ই নয়, বসেছে টায়ারের দোকান, বাস কাউন্টার, পুলিশ ছাউনি। এ ছাড়া পার্কটির পথগুলো কখনো পরিষ্কার করা হয় বলে মনে হলো না। মতিঝিল পার্কটি তাই যতটুকু জনসাধারণের কাজে আসছে, তার চেয়ে বেশি কাজে লাগছে দখলবাজদের।বিষয়টা নিয়ে এই ওয়ার্ডের কাউন্সিলর মকবুল আহম্মেদ আকন্দর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘পার্ক কারা দখল করেছে, সে ব্যাপারে আমি কিছু জানি না। বিষয়টা ডিসিসিকে জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। তবে পার্কটি দখলমুক্ত করে আবার জনসাধারণের ব্যবহারোপযোগী করা হোক, ডিসিসির কাছে সেটাই আমার দাবি।’ওয়ার্ড ১৯কামাল আতাতুর্ক এভিনিউ পার্কপার্কে বাঁধা গরু...কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত কামাল আতাতুর্ক এভনিউ পার্কটি আসলে একটি মাঠ। বনানীর অন্যান্য পার্ক থেকে এই পার্কটির অবস্থা কিছুটা খারাপ। পার্কের কোনো পরিবেশ এখানে পাওয়া গেল না। এখানে কোনো গাছ নেই। ঘাস নেই জায়গায় জায়গায়। এক পাশে কয়েকটি গরু বাঁধা ছিল, অন্য পাশে লোকজন বসে বসে তাসের আড্ডা জমিয়েছে। এই পার্কে হাঁটা বা ঘোরার জন্য যে তেমন একটা ভালো পরিবেশ নেই, তা খানিকক্ষণ ঘুরেই বোঝা গেল।ওয়ার্ড ১৯বনানী পার্ক (সি ব্লক)সকাল-বিকেল হাঁটার জায়গাহাওয়া ভবনের কাছেই বনানী সি ব্লকে রয়েছে বনানী পার্ক। এই পার্কে সকালে এলাকার লোকজন হেঁটে বেড়ায়। বিকেলে ফুটবল বা ক্রিকেট খেলা হয়। একমাত্র নির্বাচনের মৌসুম ছাড়া প্রায় সারা বছরই এই পার্কটি জনসাধারণের কাজে লাগে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।ওয়ার্ড ২৩খিলগাঁও শিশুপার্কমাঠে ফেনসিডিলের বোতলখিলগাঁও শিশুপার্ক কোথায়? এ প্রশ্নের সমাধান দিতে পারছিলেন না স্থানীয় একাধিক বাসিন্দা। অনেক খুঁজে জানা গেল, তিলপাপাড়া মাটির মসজিদের সামনে একটি শিশুপার্ক রয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, পার্কটিতে খেলছে এলাকার শিশুরা। খুব বেশি বড় জায়গা নয় বলে একসঙ্গে সবার পক্ষে খেলা সম্ভব হয় না। পুরো পার্ক ঘুরেই টের পাওয়া যায় পার্কটির তেমন কোনো যত্ন-আত্তিও করা হয় না। এ ছাড়া এই পার্কটিকে কেন্দ্র করে যে মাদকসেবীদের আড্ডা বসে, সেটা বোঝা গেল এখানে-সেখানে ফেনসিডিলের বোতলের ভাঙা কাচ দেখতে পেয়ে।ওয়ার্ড ১৯বনানী শিশুপার্ক (এফ ব্লক)চলনসই পার্কবনানীর এফ ব্লকের ১১ নম্বর রোডে শিশুদের জন্য একটি পার্ক রয়েছে। পার্কটির উন্নয়নকাজ চলছে। পার্কের চারপাশের সীমানাপ্রাচীর ধরে হাঁটার পথ আছে। রয়েছে বসার উপযোগী বেঞ্চ। এই ব্লকটি বেশ নিরিবিলি বলে পার্কটিতে বেশ নির্জনতা খুঁজে পাওয়া যায় প্রায় সারাক্ষণই। এ ছাড়া এই পার্কে রয়েছে বেশ কিছু গাছ, অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার সুযোগ। তবে পাশের একটি ভবনে নির্মাণকাজ চলছে বলে পার্কে ভ্রমণার্থীদের কখনো কখনো কিছুটা সমস্যা পোহাতে হয় শব্দ ও ছিটকে আসা সিমেন্ট-বালুর আস্তরে। এই সাময়িক সমস্যাটুকু গোনায় না ধরলে এফ ব্লকের পার্কটি বনানীর বাসিন্দাদের বেড়ানোর এবং বিশ্রাম নেওয়ার জন্য চমৎকার একটি জায়গা।