ডিসিসির প্রশাসক নিয়োগ: রিটের শুনানি মুলতবি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অনির্বাচিত প্রতিনিধিকে প্রশাসক হিসেবে নিয়োগ সংক্রান্ত সংশোধিত আইনের অংশবিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি পিছিয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করেন। সকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে অবকাশকালীন ছুটি শেষে আদালত খোলার দুই সপ্তাহ পর পর্যন্ত শুনানি মুলতবি করেন।আদালত থেকে বেরিয়ে রিট আবেদনকারীর আইনজীবী মো. সোয়েব উদ্দিন খান প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত শুনানি মুলতবি করেছেন। শীতকালীন অবকাশ শেষে ৩ জানুয়ারি আদালত খোলার কথা রয়েছে। এ থেকে দুই সপ্তাহ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। রাষ্ট্রপতির সম্মতিলাভের পর ১ ডিসেম্বর তা আইনে পরিণত হয়। এরপর ৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সংশোধিত আইনের ধারা ২৫ (১) এর ‘প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে’ এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১১ ডিসেম্বর রিট আবেদনটি করা হয়। আইনজীবী রেদোয়ান আহমেদসহ চারজন বাদী হয়ে রিটটি করেন। স্থিতাবস্থার বিষয়টি তৃতীয় বেঞ্চে: ঢাকা সিটি করপোরেশনকে বিভক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন হাইকোর্টে রিট করেছিলেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। তবে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে স্থিতাবস্থা জারির বিষয়ে দ্বৈত বেঞ্চে বিভক্ত আদেশ দেন। বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠানো হয়েছে। ১১ ডিসেম্বর আদালত এ বিষয়টি শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। রিট আবেদনকারীর আইনজীবী রাশনা ইমাম প্রথম আলো অনলাইনকে বলেন, প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চে পাঠিয়েছেন। আদালত আজ বিকেল সাড়ে তিনটায় বিষয়টি শুনানির জন্য রেখেছেন।