ডিসিসির প্রশাসকদের মেয়াদ ১৮০ দিন হচ্ছে
মন্ত্রিসভায় আজ সোমবার স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন ২০১২-এর খসড়া অনুমোদন হয়েছে। এ আইনে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রশাসকদের মেয়াদ ৯০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হচ্ছে। এই সময়ের মধ্যেই সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে।আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা জানিয়েছেন।এ ছাড়া মন্ত্রিসভায় আজ বেশ কয়েকটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংশোধন আইনের নীতিগত অনুমোদন হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগের আইন অনুসারে বলা হয়, ওই বিশ্ববিদ্যালয়কে নিজস্ব আয় বাড়াতে হবে। ২০০৫ সালের ওই আইনে আরও বলা হয়, পাঁচ বছর পর্যন্ত সরকার বিশ্ববিদ্যালয়ে অর্থ বরাদ্দ দেবে। এর পর সরকার বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। তবে সংশোধিত আইনে বলা হয়, বিশ্ববিদ্যালয়কে নিজস্ব আয় বাড়াতে হবে। সরকার অনির্দিষ্টকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অর্থ বরাদ্দ দেবে।একইভাবে কুমিল্লা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১০ বছর পর্যন্ত সরকারের অর্থ বরাদ্দ দেওয়ার বিধান ছিল। সেটি সংশোধন করে বিশ্ববিদ্যালয় দুটিকে নিজস্ব আয় বাড়ানোর কথা বলা হয়েছে। তবে এ দুটি বিশ্বদ্যািলয়েও সরকার অনির্দিষ্টকাল অর্থ বরাদ্দ দেবে।এ ছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাজনৈতিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের ৩০ এপ্রিলের মধ্যে সম্মাননা প্রদানের কথা বলা হয়েছে। এর আগে এই তারিখ ছিল ২৬ মার্চ। মন্ত্রিসভায় আজ সন্ত্রাসবিরোধী আইন ২০১২-এর খসড়া অনুমোদন হয়েছে। এ ছাড়া জাতীয় উন্নয়ন নীতি ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর খসড়া অনুমোদন হয়েছে।