ডিসিসির বর্জ্য পরিবহনে মাসে কোটি টাকার তেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জরিপ অনুযায়ী গাড়ির ট্রিপ ৩০০ হলেও দেখানো হতো ৭০০  দৈনিক ৭১০ টন অস্তিত্বহীন বর্জ্য ফেলার হিসাব দেওয়া হয়  ওজনে কারচুপি করতে ওয়েব্রিজ ব্যবহার করা হয় না ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বর্জ্যবাহী যানের তেল ও গ্যাস খরচের নামে প্রতি মাসে কোটি টাকার ভুয়া খরচ দেখানো হয়। এই বিরাট চুরির কাজটি করা হয় প্রতিদিন ৭০০ টন বেশি বর্জ্য ফেলার ভুয়া তথ্য দিয়ে। ভাগাড়ে ওজন মাপার যন্ত্র বা ‘ওয়েব্রিজ’ ব্যবহার পরিহার, হেলপার বা বাইরের চালক দিয়ে গাড়ি চালানো এবং প্রত্যয়ন ছাড়াই জ্বালানি কুপন ইস্যু করাসহ বিভিন্ন কৌশলে এ কাজ করা হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিবেদন, ডিসিসির দায়িত্বশীল সূত্র ও প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য পাওয়া যায়। ডিসিসির বর্জ্য পরিবহনে প্রতি মাসে গড়ে পৌনে তিন কোটি টাকার জ্বালানি খরচ দেখানো হয়। এর মধ্যে ভিত্তিহীন বা ‘বোগাস’ বিল প্রায় এক কোটি টাকা। পরিবহন বিভাগের ক্ষমতাবান কর্মকর্তা ও চালক ইউনিয়নের প্রভাবশালী নেতারা পেট্রলপাম্পের লোকদের যোগসাজশে পুরো কাজ সমাধা করেন বলে জানা যায়। জাইকার প্রতিবেদন: ডিসিসিতে বর্জ্যবাহী গাড়ির জন্য নির্ধারিত ট্রিপের হিসাবে ধার্য পরিমাণের চেয়ে অনেক বেশি জ্বালানি তেল বরাদ্দ করা হয়ে থাকে। জাইকা প্রণীত ‘বর্জ্যমুক্ত ঢাকা মহাপরিকল্পনা’ প্রতিবেদনে দেখা যায়, প্রকৃত সংখ্যার দ্বিগুণ ট্রিপের জ্বালানি হিসাব ‘লগ’ বইয়ে তোলা হয়। ২০০৫ সালে জাইকার জরিপে দেখা যায়, দৈনিক ৩০০ ট্রিপ দেওয়া হলেও ৭০০ ট্রিপের হিসাব দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় বিষয়টি নিয়ন্ত্রণের জন্য ডিসিসির পরিবহন ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলামকে বদলি করা হয়। পরে তিনি আগের জায়গায় ফিরে আসেন। ডিসিসির হিসাবেই গরমিল: ডিসিসির পরিবহন বিভাগ থেকে কখনো বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাছে ব্যবহূত জ্বালানি বা অপসারণ করা বর্জ্যের পরিমাণের হিসাব দেওয়া হয় না। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে পরিবহন বিভাগের কাছে হিসাব চাইলে গত জুন মাসের হিসাব দেওয়া হয়। সেখানে দেখা যায়, ৫০০টি বর্জ্যবাহী গাড়ি জুন মাসে প্রতিদিন গড়ে ৯৬৫টি ট্রিপ দিয়েছে। এতে তিন হাজার ২১০ টন বর্জ্য টানা যায় এবং সে পরিমাণ তেলও দেওয়া হয়। কিন্তু মাতুয়াইল ও আমিনবাজার ল্যান্ডফিলের (ভাগাড়) লগ বই পরীক্ষা করে দেখা যায়, প্রতিদিন গড়ে দুই হাজার ৫০০ টন ময়লা ফেলা হয়। অর্থাৎ প্রতিদিন গড়ে ৭১০ টন ময়লা ফেলার জন্য গাড়ির ব্যবহার দেখিয়ে তেল চুরি করা হচ্ছে। এ বিষয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহার কাছে খোঁজ নিলে তিনি ঘটনা স্বীকার করে বলেন, ‘কোথাও না কোথাও থেকে এই কারচুপিটি করা হচ্ছে।’ তিনি বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে অবহিত করেছেন বলে জানান।ওয়েব্রিজ ব্যবহূত হয় না: মাতুয়াইল ও আমিনবাজার বর্জ্য ভাগাড়ের প্রবেশপথে ওজন করার জন্য ‘ওয়েব্রিজ’ রয়েছে। ডিসিসি জানায়, বর্জ্যের পরিমাণ পরিমাপ, উৎসস্থল, বর্জ্যবাহী গাড়ির ট্রিপ-সংখ্যা ও গাড়িগুলোর দক্ষতা নিরূপণ তথা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে এই ওয়েব্রিজ স্থাপন করা হয়েছে। কিন্তু কোনো চালক তা ব্যবহার করেন না। গত ১৪ জুলাই প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়েব্রিজ ব্যবহার ও ব্যবহারকারী বর্জ্যবাহী গাড়ির অনুকূলে জ্বালানি কুপন ইস্যুর আনুষ্ঠানিক নির্দেশ দিলেও কোনো কাজ হচ্ছে না বলে জানা যায়।মাইল মিটার অকার্যকর: ডিসিসির বর্জ্যবাহী বেশির ভাগ ট্রাকেরই মাইল মিটার অকার্যকর বলে জানা গেছে। কখনো কার্যকর থাকলেও লগ বইয়ে এর কোনো উল্লেখ থাকে না। ট্রাকের মাইলপ্রতি কত লিটার তেল খরচ হয়, তার কোনো টেস্ট রিপোর্টও থাকে না। এমনও দেখা যায়, একই ধরনের গাড়ির জ্বালানি বরাদ্দের ক্ষেত্রে আলাদা মাইলেজ উল্লেখ থাকে। যেমন তেজগাঁও বেগুনবাড়ি খাল এলাকা থেকে বর্জ্যবাহী কনটেইনার মাতুয়াইল ফেলতে টাটা কোম্পানির ট্রাকের ক্ষেত্রে দেওয়া হয় ট্রিপপ্রতি ২০ লিটার ডিজেল। আবার বেশি দূরত্বের বারিধারা এলাকায় বর্জ্যবাহী কনটেইনারের ক্ষেত্রেও দেওয়া হয় ২০ লিটার। অভিযোগ আছে, পরিবহন বিভাগের নেতা বা প্রভাবশালী চালকদের খুশি করতে পরিবহন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কম দূরত্বে বেশি তেল ইস্যু করেন। জানা যায়, পরিবহন বিভাগের কিছু কর্মকর্তা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট পরিদর্শকের স্বাক্ষর ছাড়াই জ্বালানি কুপন ইস্যু করেন এবং ভুয়া ট্রিপ দেখান। ডিসিসি নিয়োজিত পেট্রলপাম্পের লোকদের যোগসাজশে কুপনের বিপরীতে নগদ টাকা দেওয়া হয়। প্রায় সব খোলা ট্রাকের ক্ষেত্রে এবং কিছুসংখ্যক কনটেইনার ক্যারিয়ারের ক্ষেত্রে নির্ধারিত ডিউটি না করেই চালক অনেক সময় ভুয়া প্রত্যয়ন সংগ্রহ করেন এবং বেঁচে যাওয়া জ্বালানি কুপন পেট্রলপাম্পের লোকদের কাছে বিক্রি করে দেন। প্রতি লিটার ডিজেলের দাম ৪৬ টাকা হলেও পাম্প থেকে নেওয়া হয় ৩৫ থেকে ৩৭ টাকা। গ্যাসের কুপন দেয় পেট্রলপাম্প: বর্তমানে ডিসিসিকে মাত্র একটি পেট্রলপাম্প জ্বালানি ও লুব্রিক্যান্টস সরবরাহ করে থাকে। সায়েদাবাদের এই পাম্পের নিজস্ব সিএনজি ফিলিং স্টেশন নেই। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৬০টিসহ ডিসিসির প্রায় ১০০ সিএনজিচালিত গাড়ির গ্যাস নেওয়া হয় এখান থেকে। খোঁজ নিয়ে জানা যায়, ডিসিসির পরিবহন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শে গাড়িচালকদের গ্যাসের পরিবর্তে ওই পাম্প থেকে টাকা দেওয়া হয়। একজন চালককে তার চার ট্রিপ বর্জ্য অপসারণের জন্য ১০০ ঘনফুট গ্যাসের টাকা দেওয়া হয়। সেই টাকা সঠিকভাবে খরচ করা হলো কি না তার হিসাব থাকে না। এ সমস্যা কাটানোর জন্য ডিসিসির সঙ্গে একাধিক পাম্প অপারেটরের চুক্তির প্রস্তাব করা হলেও তা করা হচ্ছে না। ঝোঁক বর্জ্যবাহী গাড়ির প্রতি: ডিসিসির গাড়িচালক রয়েছেন ৩৭০ জন। অন্য গাড়ি চালানোর চেয়ে বর্জ্যবাহী গাড়ি চালানোর প্রতিই তাদের বেশি আগ্রহ। পরিবহন চালক ইউনিয়নের এক নেতা কিছু গাড়ির নিয়ন্ত্রণে। ডিসিসির বাইরের চালক, এমনকি হেলপার দিয়ে গাড়ি চালানো হয়। বেশিসংখ্যক জ্বালানি কুপন সংগ্রহ এবং বিক্রি করে পেট্রলপাম্প থেকে নগদ টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। জাইকার ১০০ গাড়ির অপব্যবহার: জানা যায়, জাইকা চলতি বছরই ১০০টির মতো দামি হিনো কোম্পানির আধুনিক বর্জ্যবাহী গাড়ি দেয় ডিসিসিকে। এ সব গাড়ি দিয়ে এক হাজার ২০০ টন বর্জ্য বহন করা যায়। কয়েক মাসের মধ্যেই ১৫টি গাড়ি দুর্ঘটনাকবলিত হয়ে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জাইকা বলেছিল সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে তারা আরও গাড়ি দেবে। কিন্তু এ ধরনের ঘটনার পর জাইকা পিছিয়ে পড়ে। এ বিষয়ে সংস্থাটি অসন্তোষ প্রকাশ করে চিঠিও দিয়েছে। পরিবহন বিভাগের ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলামকে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইচ্ছে করে কোনো গাড়িকে অকেজো করে তোলা হয়নি। সিএনজি করার কারণে ৪৫টি গাড়ি খারাপ হয়ে যায়।’অস্তিত্বহীন বর্জ্য ফেলার হিসাব এবং তেল চুরির বিষয়ে প্রশ্ন করলে ব্যবস্থাপক বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘প্রশ্নই ওঠে না।’ তিনি বলেন, নতুন ৫০ জন চালককে নিয়োগ দেওয়ার পর চালক নিয়ে যে সমস্যা ছিল তার সমাধান হয়ে গেছে। মিল্লাতুল ইসলাম বেশির ভাগ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে বলেন, ‘দিন দিন বর্জ্যের পরিমাণ বাড়ছে, তাই পরিবহনে নতুন হিসাব করতে হবে।’