ডিসিসির বেআইনি করারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকুঞ্জ-২ (উত্তর) এলাকায় রাজউক প্রায় এক হাজার প্লট বরাদ্দ করেছে। প্লট বরাদ্দপ্রাপ্ত মালিকেরা যথারীতি রাজউকের প্ল্যান মোতাবেক দালানকোঠা তৈরি করে বসবাস করে আসছেন। রাজউক অন্য আবাসিক এলাকার মতো নিয়মমাফিক স্ট্রিট লাইট, ড্রেন, রাস্তাঘাট ইত্যাদি কাজ সম্পন্ন করার পর এলাকার পরবর্তী দায়দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়ার কথা। কিন্তু ৭০ শতাংশ কাজ অসমাপ্ত রেখে রাজউক এলাকাটি সিটি করপোরেশনকে হস্তান্তর করেছে। সিটি করপোরেশনও এলাকায় কোনোরকম উন্নয়নমূলক কাজকর্ম না করেই ১ জানুয়ারি ২০০৯ থেকে উচ্চহারে হোল্ডিং ট্যাক্স, কনজারভেন্সি ট্যাক্স, স্ট্রিট লাইট ট্যাক্স ইত্যাদি যাবতীয় ট্যাক্স ধার্য করেছে, যা বেআইনি। এ ছাড়া ২০০৮ সালে প্রকাশিত গেজেটে ডিসিসির আওতায় কোন এলাকা থাকবে, তা প্রকাশ করা হলেও এতে নিকুঞ্জ এলাকার নাম নেই। নিকুঞ্জ কল্যাণ সমিতি কর্তৃক বহুবার আবেদন-নিবেদন করেও এলাকার কোনোরকম উন্নয়নমূলক কাজ সিটি করপোরেশনের মাধ্যমে করাতে পারিনি। এ বিষয়ে বহুবার বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে সচিত্র প্রতিবেদন প্রকাশ করার পরও আজ অবধি কোনোভাবে সমস্যার সমাধান হয়নি। এ বিষয়ে সিটি করপোরেশনেও বহুবার ধরনা দিয়ে, আবেদন-নিবেদন করে, সমিতির কর্মকর্তারা দলবলে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করে এলাকার নানাবিধ সমস্যা বিশেষত জলাবদ্ধতা নিয়ে কথা বলেছেন। কিন্তু সিটি করপোরেশন এলাকায় সামান্যতম উন্নয়নমূলক কাজকর্মও করেনি। এলাকাবাসীর চিত্কার যেন কারও কানে পৌঁছায়নি। রাজউকের নিয়ন্ত্রণাধীন থাকা অবস্থায় এলাকার যে অবস্থা ছিল, সিটি করপোরেশনের আওতাধীন হওয়ার দীর্ঘ ১৫ মাস পরও সেই একই অবস্থা আছে, বরং অবস্থার আরও অবনতি হয়েছে। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি ওঠে। এলাকাবাসী চাঁদা তুলে রাস্তার ওপরে এক থেকে দেড় ফুট ইট-সুরকি ফেলে উঁচু করেছে। তবুও সামান্য বৃষ্টি হলে ড্রেন ভর্তি হয়ে রাস্তার ওপরে পানি উঠে আসছে। চৈত্র মাসেই রাস্তার ওপর পানি জমে আছে আর বর্ষাকাল হলে তো কথাই নেই। বর্ষাকালে এলাকায় রিকশাও চলাচল করে না। গত ২০-১০-০৯, ১৬-১১-০৯, ০১-০২-১০ তারিখে মেয়র বরাবর দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী ও এলাকার সাংসদ সাহারা খাতুনের সুপারিশসহ সিটি করপোরেশনে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি।মো. শামসুজ্জামানসভাপতি, নিকুঞ্জ কল্যাণ সমিতি।