খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী
ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকার কথা কেন বলেছিলেন, পরিষ্কার হয়ে গেছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি বলেছিলেন, ডিসেম্বর মাস পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে। কী কারণে এমন কথা বলেছিলেন, এখন তা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনি ও আপনার দল যতই যড়যন্ত্র করুক, মেয়াদের আগে কেউই এই সরকারকে সরাতে পারবে না।’আজ রোববার জয়পুরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত সার্কিট হাউস মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ যখন ভালো থাকে, তখন বিএনপির নেত্রীর মন ভালো থাকে না। আমরা দেশের উন্নয়ন করি। একটি দল সেই উন্নয়নকে ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়।’জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে সেখানে বক্তব্যে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল-মাহমুদ প্রমুখ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জয়পুরহাটের স্বাধীনতাবিরোধী আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধে বিরোধিতা করে ওই এলাকার ১৫৭ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন। বিএনপি তাঁকেই মন্ত্রী করেছিল। যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয়েছে, তখন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর আগে বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে জয়পুরহাট পৌঁছেন প্রধানমন্ত্রী। তিনি খঞ্জনপুর এলাকায় বিসিএসআইআর কর্তৃক বাস্তবায়িত মাইনিং মিনারেলোজি অ্যান্ড মেটালাজিংয়ের কার্যালয় উদ্বোধন করেন। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভিত্তি প্রস্তর, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।