ডিসেম্বরে অ্যান্টার্কটিকা অভিযান মুসা ইব্রাহীমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ডিসেম্বরে অ্যান্টার্কটিকার (দক্ষিণ মেরু) ১৬ হাজার ৬৭ ফুট উচ্চতার মাউন্ট ভিনসন পর্বত অভিযানের আশা প্রকাশ করেছেন অভিযাত্রী মুসা ইব্রাহিম। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।‘কিলিমানজারো বিজয় এবং বাংলাদেশের পর্যটন’ শীর্ষক ওই সভায় অভিযাত্রী মুসা ইব্রাহিমের আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত তানজানিয়ায় ১৯ হাজার ৩৪০ ফুট উঁচু কিলিমানজারো পর্বত জয়ের বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, বাংলাদেশে পর্যটন খাতকে গুরুত্ব দেওয়া হয়নি। এর উন্নয়নে মাত্র আশি লাখ মার্কিন ডলার বরাদ্দ রয়েছে, যা খুবই সামান্য। এ ছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে জনবলের সংকটও রয়েছে। পর্যটনের উন্নয়নে প্রয়োজন প্রচারভিত্তিক বিপণন। পর্যটনমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়নে এ পর্যন্ত যত হিসাব-নিকাশ করা হয়েছে, তার কোনোটিই সঠিক নয়। কারণ, আমাদের তথ্য সংগ্রহের পদ্ধতিতে অনেক ভুল রয়েছে।’ উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও পর্যটকদের সঠিক সংখ্যা ও তাদের মাধ্যমে প্রাপ্ত আয়ের সঠিক তথ্য পেতে ‘স্যাটেলাইট অ্যাকাউন্টিং সিস্টেম’ পদ্ধতি চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।সামিট গ্রুপের চেয়ারম্যান এম আজিজ খান বলেন, অভিযাত্রী মুসা ইব্রাহিমের নেতৃত্বে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এম এ সাত্তার কিলিমানজারো পর্বত জয় করে আমাদের ইতিবাচক পথ দেখতে এবং কার্যক্ষেত্রে তা প্রমাণ করার দিকনির্দেশনা দিয়েছেন। আলোচনা সভায় প্রথম আলোর উপসম্পাদক ও এনএসিবি সভাপতি আনিসুল হক অভিযাত্রীদের আর্থিক সাহায্যের জন্য সামিট গ্রুপ, জেএনএন অ্যাসোসিয়েট লিমিটেড, শাহ সিমেন্ট, এমিরেটস ও দি ডেইলি স্টারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এনএসিবি একটি তারুণ্যনির্ভর সংগঠন, যার সদস্যরা বিদেশে গিয়ে বাংলাদেশের সামর্থ্য প্রমাণ করে চলেছেন। তিনি এ সংগঠনকে অর্থসহ অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সাহায্য দিয়ে বিভিন্ন অভিযানে উত্সাহিত করার আহ্বান জানান। মুসা ইব্রাহিম বলেন, বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের জন্যে ‘সেভেন সামিট’ অভিযানের অংশ হিসেবে কিলিমানজারো পর্বত জয় হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে তাঁরা অ্যান্টার্কটিকার (দক্ষিণ মেরু) ১৬ হাজার ৬৭ ফুট উচ্চতার মাউন্ট ভিনসন পর্বত অভিযানে যাবেন। সেভেন সামিটের দুটি স্লোগান হচ্ছে, ‘বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিযান’ ও ‘চ্যালেঞ্জের মুখে সবাইকে সফল করার প্রত্যয়’। অনুষ্ঠানে অপর দুই অভিযাত্রী নিয়াজ মোরশেদ পাটোয়ারী ও এম এ সাত্তার তাঁদের অভিজ্ঞতা জানান। তবে বর্ষীয়ান এম এ সাত্তার পর্বতের ১৫ হাজার ফুট উঠে হঠাত্ অসুস্থ হয়ে যাওয়ায় সমতলে ফিরে আসেন। অনুষ্ঠানে এনএসিবির সহসভাপতি ও প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত ২৭ আগস্ট পর্যটনমন্ত্রী জিএম কাদের মুসা ইব্রাহিম, নিয়াজ মোরশেদ পাটোয়ারী ও এম এ সাত্তারকে বাংলাদেশের পর্যটন দূত হিসেবে ঘোষণা করেন।