ডিসেম্বরে ইউপি ও পৌরসভা নির্বাচন হবে
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মেয়াদোত্তীর্ণ সব ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ ব্যাপারে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। পৌরসভাসংক্রান্ত একটি সংশোধিত আইন কাল বুধবার সংসদে উপস্থাপিত হবে। এ অধিবেশনেই বিলটি পাস হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে শাহীন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংসদদের নির্বাচনী এলাকার জন্য ১৫ কোটি টাকার উন্নয়নকাজের বরাদ্দ অব্যাহত থাকবে। এর বাইরে আগামী বাজেটে এলাকাভিত্তিক আরও বরাদ্দ দেওয়া হবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সরকারি বা বিরোধী দলের এলাকাভিত্তিক উন্নয়নে কোনো বৈষম্য করা হবে না।এর আগে সংসদের অধিবেশন শুরু হয় বিকেল সোয়া চারটায়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। বিরোধী দল বিএনপি আজও সংসদে ফেরেনি।