আগামী বছরের মার্চ মাসে মাসব্যাপী সারা দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং জানুয়ারির প্রথম সপ্তাহে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।ইসি সূত্র জানায়, স্থানীয় সরকারের এই তিনটি প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের জন্য গতকাল সোমবার কমিশন বৈঠকে খসড়া তফসিল নিয়ে আলোচনা হয়। কমিশন ইউপি, পৌরসভা ও ডিসিসি নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য খসড়া তফসিল নিয়ে আজ মঙ্গলবারও বৈঠক করবে। প্রয়োজনে তফসিলে পরিবর্তন আনা হতে পারে।খসড়া অনুযায়ী দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে ২০১১ সালের ২৩ জানুয়ারি। ভোট গ্রহণ শুরু হবে ১ মার্চ থেকে। এবারের নির্বাচনে মাসব্যাপী ভোট গ্রহণ করার চিন্তাভাবনা করছে কমিশন।প্রায় পৌনে তিন শ পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে আগামী ৯ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১ ও ২ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে ১ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত।কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ডিসিসি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২৯ ডিসেম্বর। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ নভেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ জানুয়ারি।এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ইউপি, পৌরসভা ও ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। তবে কিছুই চূড়ান্ত করা হয়নি। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা, হজ অনুষ্ঠান ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তফসিল চূড়ান্ত করা হবে। সে ক্ষেত্রে সম্ভাব্য তারিখে কমবেশি পরিবর্তন আসতে পারে।