আগামী ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়েছে। আজ বুধবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও ডিসিসি নির্বাচন নিয়ে আলোচনার জন্য আজ স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচন কমিশনে (ইসি) যান। সেখানে তাঁরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বৈঠক করেন। কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফের সঙ্গে বৈঠক শেষে কমিশন পৌরসভার জনপ্রতিনিধিদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সঙ্গে বৈঠক করেন। বিকেলে দপ্তর ত্যাগের আগে সিইসি সাংবাদিকদের বলেন, ‘ডিসেম্বর থেকে মার্চের মধ্যে সব নির্বাচন শেষ করার পরিকল্পনা কমিশনের রয়েছে। তবে বিশ্ব ইজতেমা ও হজের কারণে ডিসেম্বরে ডিসিসি নির্বাচন হবে কি না, তা নিশ্চিত নয়। আমরা ম্যাবের কাছ থেকে জানতে পেরেছি ডিসেম্বরে হাজিদের সর্বশেষ ফ্লাইটটি সৌদি আরব থেকে ফিরবে। তাঁরা জানিয়েছেন, এ সময় পৌর নির্বাচন করা হলে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। আমরা হিসাব করে দেখেছি, বিষয়টি ডিসিসি নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এ বিষয়ে বিমানের সঙ্গে আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।’ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক সম্পর্কে সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বৈঠক শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচনের জন্য জনবল নিয়োগ এবং আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। সামনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, হজ অনুষ্ঠানসহ অন্যান্য বিষয় আছে। এসব বিষয় মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’ ডিসিসি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।