ডিসেম্বরে ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে: শামসুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। পুরোনো সীমানাতেই এই নির্বাচন হবে বলে তিনি জানান। আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শামসুল হুদা জানান, পবিত্র হজ, ঈদুল আজহা এবং স্কুল ও মাদ্রাসার পরীক্ষার কথা বিবেচনা করে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনের সময় ঠিক করা হবে।কমিশন বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নির্বাচন কমিশনের ৫০ ভাগ পদ খালি আছে, আর এসব পদ কীভাবে পূরণ করা যায়, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ নিয়ে কমিশনের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, আদালতের রায়ের কপি পেলেই মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদের বিয়য়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র জানায়, ২০০২ সালের ২৫ এপ্রিল ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে। ওই সময় দেশব্যাপী জরুরি অবস্থা জারি থাকার কারণে কমিশন এ নির্বাচন আয়োজন করতে পারেনি। এরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচনী আইন ও বিধিমালা না থাকাসহ বিভিন্ন জটিলতার কারণে ডিসিসি নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। বাসস।