ডিসেম্বরে ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্ ও জালিয়াতির অভিযোগে গত ডিসেম্বর মাসে ৩২ জনের বিরুদ্ধে ১৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের অধিকাংশই সরকারি-বেসরকারি চাকরিজীবী বলে দুদক জানিয়েছে। এ ছাড়া তাঁদের মধ্যে আলোচিত একজন রাজনৈতিক নেতাও আছেন।গত সোমবার দুদকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বরে এসব মামলা দায়ের ছাড়াও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্, প্রতারণা, জালিয়াতি ইত্যাদির অভিযোগে ৮০টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। এসব মামলায় সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ ১৪৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। একই সময় দুদক ২১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ৪২ জনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান, যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত আলী, যমুনা সার কারখানার সিবিএর সাধারণ সম্পাদক শাহ্ মো. মোরশেদুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের রাজশাহী জেলার বাসুদেবপুর শাখার সাবেক ব্যবস্থাপক এ জেড এম মালেক রশিদ, চট্টগ্রামের পতেঙ্গা সার্কেলের কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট পরিদর্শক জমির আহমেদ প্রমুখ। গত ডিসেম্বরে যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে তাঁদের মধ্যে আছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম আলী আজম, নোয়াখালী-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ মো. শাহজাহান, ন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশনের মালিক খন্দকার আবুল বাশার, দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান, ডেসার মিটার রিডার মো. সিদ্দিক হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. তাজমিলুর রহমান, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র টিআরএম নূর-ই-আলম হেলাল প্রমুখ।একই সময় দুদক যে ৪২ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মরহুম এ কে এম ফায়জুল হক, ঝিনাইদহের বিএনপির সাবেক সাংসদ শহীদুজ্জামান, প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ ও পটুয়াখালীর বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক হাওলাদার।