ডিসেম্বরে ‘লাল জমিন’ নাটকের আট প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ডিসেম্বর মাসেই ঢাকা ও ঢাকার বাইরে শূন্যনের লাল জমিন নাটকের আটটি প্রদর্শনী হয়েছে। জানা গেছে, মহাকালের উৎসব, দিনাজপুর জেলা পরিষদ, মুক্তাগাছা জেলা পরিষদ, যাত্রাবাড়ীর দনিয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটে বিজয় উৎসব, চট্টগ্রামে বিজয় মেলা, সিরাজগঞ্জে মৃত্তিকার উৎসব, বগুড়ায় আমরা ক’জনা শিল্পী গোষ্ঠীর উৎসব এবং রংপুর নাট্যকেন্দ্রের অনুষ্ঠানে মঞ্চস্থ হয় নাটকটি। লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। তিনি বলেন, ‘আমি তো অনেক দিন থেকে মঞ্চের সঙ্গে জড়িত আছি। একই মাসে একটি নাটকের আটটি প্রদর্শনী সাধারণত খুব একটা দেখা যায় না। আর আমরা যখন উত্তরবঙ্গের জেলাগুলোতে নাটকটির প্রদর্শনী করছিলাম, তখন ছিল তীব্র শীত। এর মধ্যেই আমরা নাটক করেছি।’জানালেন, আগামী জানুয়ারি মাসেও নাটকটির একাধিক প্রদর্শনী হবে। নাটকটি মঞ্চে এসেছে এ বছরের ২১ মে।