ডিসেম্বরেই বনানী রেলওয়ে ওভারপাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরের মধ্যেই বনানী রেলওয়ে ওভারপাস এবং ২০১৩ সালের মার্চের মধ্যেই মিরপুর এয়ারপোর্ট রোড সংযোগ ফ্লাইওভার (উড়ালপথ) চালু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে বনানী রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কাজ মানসম্মতভাবে ও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যই বনানী রেলওয়ে ওভারপাস ও ২০১৩ সালের মার্চের মধ্যে মিরপুর এয়ারপোর্ট রোড সংযোগ উড়ালপথের উদ্বোধন করা হবে। মিরপুর এয়ারপোর্ট রোড সংযোগ উড়ালপথের কাজ ৬০ ভাগ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।যোগাযোগমন্ত্রী বলেন, রাজধানীর যানজট কমাতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে, এর মধ্যে বনানী রেলক্রসিং ও মিরপুর এয়ারপোর্ট রোড সংযোগ উড়ালপথ অন্যতম। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। তিনি বলেন, বনানী রেলক্রসিংয়ে চলাচলকারী যানবাহনকে প্রতিদিন অনেকক্ষণ কয়েকটি সিগন্যালে আটকে থাকতে হয়। এতে ওই পথে যাতায়াতকারী মানুষকে দীর্ঘ সময় দুর্ভোগে পড়তে হয়। এ অবস্থায় ওভারপাসটি চালু হলে দুর্ভোগের সঙ্গে যানজটও অনেকাংশে কমে আসবে। মিরপুর থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত ফ্লাইওভারটি চালু হলে মিরপুরের সঙ্গে ঢাকার উত্তর অঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ হবে বলে মন্ত্রী জানান।২০১০ সালে বনানী রেলক্রসিংয়ে ছয় লেন বিশিষ্ট ৬০০ মিটার ওভারপাস এবং মিরপুরের মাটিকাটা থেকে এয়ারপোর্ট রোডের জিয়া কলোনি পর্যন্ত চান লেনের ১.৭৯ কিলোমিটার ফ্লাইওভারের কাজ শুরু হয়। বাসস।