ডিসেম্বরেই শেষ হচ্ছে খালাফ হত্যার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আদালতে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া আগামী ডিসেম্বরেই শেষ করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সম্প্রতি আইনমন্ত্রী শফিক আহমেদ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুসাইরিকে এ আশ্বাস দেন বলে রাষ্ট্রদূত গতকাল বুধবার স্থানীয় সাংবাদিকদের জানান। যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামী নেতাদের গ্রেপ্তার দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলেনি বলেও এ সময় দাবি করেন আবদুল্লাহ আল বুসাইরি।আসন্ন পবিত্র হজ উপলক্ষে গতকাল দুপুরে সৌদি রাষ্ট্রদূত তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্ক ও জনশক্তি রপ্তানিতে কথিত নেতিবাচক প্রভাব এবং বাংলাদেশি অপরাধীদের শিরশ্ছেদসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন আবদুল্লাহ আল বুসাইরি। ‘যথাযথ শাস্তি দিলেই সন্তুষ্ট’: ঢাকায় গত ৬ মার্চ খুন হওয়া সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার তদন্ত নিয়ে এ পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সৌদি আরব কতটা সন্তুষ্ট—এ প্রশ্নের জবাবে বুসাইরি বলেন, ‘হত্যাকারীদের গ্রেপ্তারের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। এ পর্যন্ত হত্যার তদন্ত নিয়ে যেসব কর্মতৎপরতা চলছে, তাতে সৌদি আরব মোটামুটি সন্তুষ্ট।’উল্লেখ্য, হত্যায় জড়িত সন্দেহে গত ২৫ জুলাই চারজনকে আটক করা হয়েছে। খালাফ হত্যাকাণ্ডের বিচার দ্রুত আদালতে পরিচালিত হবে বলে সৌদি সরকারকে জানানো হয়েছে। রাষ্ট্রদূত এ কথা জানিয়ে বলেন, ‘সম্প্রতি আমি আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আগামী ডিসেম্বরেই বিচার শেষ করার আশ্বাস দিয়েছেন।’ সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘কোনো রকম বিলম্ব ছাড়াই এ বিচার শেষ হবে, আমরা এ আশায় রয়েছি। আমরা তখনই পুরোপুরি সন্তুষ্ট হব, যখন দেখব হত্যাকারীদের যথাযথভাবে শাস্তি দেওয়া হয়েছে।’‘সামান্যতম খারাপ হয়নি’ যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে জামায়াতে ইসলামীর নেতাদের গ্রেপ্তারের কারণে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়েছে—জনমনে বিদ্যমান এমন ধারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত বুসাইরি বলেন, ‘এটি এ দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে সৌদি সরকার সব সময় বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে একই রকম সুসম্পর্ক রাখার নীতি অনুসরণ করে। এ দেশের অভ্যন্তরীণ কোনো ঘটনা অতীতে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি, বর্তমানেও ফেলছে না এবং ভবিষ্যতেও ফেলবে না।’ খালাফ হত্যার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘সে সময় কোনো কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে বলা হয়েছিল, এ ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে। কই সেটা কি ঘটেছে? বাস্তবে ওই ঘটনার পর দুই দেশের সম্পর্ক সামান্যতম খারাপ হয়নি।’ যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে অভিমত জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই এখানে আমি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না। তা ছাড়া এখানে আমার মতামতে কিছু যায়-আসে না। তবে সৌদি আরব সব সময় চায় বাংলাদেশের জনগণ শান্তিতে থাকুক, সব দলের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।’ জনশক্তি নেওয়া থেমে নেই: সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি পাঠানো বন্ধ হয়েছে কি না, জানতে চাইলে বুসাইরি বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কখনো বন্ধ হয়নি, পরিমাণ কমেছে। সম্প্রতি বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে জনশক্তি নেওয়ার ক্ষেত্রে ভারসাম্য আনা হচ্ছে। তাই আগে যেভাবে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক লোক নেওয়া হতো, এখন সেভাবে হচ্ছে না। তবে শুধু শ্রমিক নয়, বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষকসহ দক্ষ কর্মীদের সৌদি আরব যাওয়া অব্যাহত রয়েছে।’ বাংলাদেশিদের নিয়োগের ক্ষেত্রে সৌদি আইন কঠোর করা হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণকে উদ্দেশ করে সৌদি আরবে কোনো আইন প্রণয়ন করা হয়নি।উল্লেখ্য, বাংলাদেশের একসময়ের বিশাল জনশক্তির বাজার সৌদি আরবে সাম্প্রতিক সময়ে নতুন জনশক্তি রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।