ডিসেম্বরেই শেষ হচ্ছে খালাফ হত্যার বিচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আদালতে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া আগামী ডিসেম্বরেই শেষ করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি এ বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুসাইরিকে এ আশ্বাস দেন। সৌদি রাষ্ট্রদূত আজ বুধবার তাঁর বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান। আসন্ন হজ উপলক্ষে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চলতি বছর বাংলাদেশের থেকে এক লাখ ১১ হাজার লোক পবিত্র হজ পালন করবেন বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতের নেতাদের গ্রেপ্তারের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে প্রভাব, শিরশ্ছেদসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন আবদুল্লাহ আল বুসাইরি। ‘যথাযথ শাস্তি দিলেই সন্তুষ্টি’: গত ৬ মার্চ খুন হওয়া খালাফ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে গত ২৫ জুলাই আটক করা হয়েছে। এ পর্যন্ত এ হত্যার তদন্ত নিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে সৌদি আরব কতটা সন্তুষ্ট? এ প্রশ্নের জবাবে বুসাইরি বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। এ পর্যন্ত হত্যার তদন্ত নিয়ে যেসব কর্মতত্পরতা চলছে, তাতে সৌদি আরব মোটামুটি সন্তুষ্ট। খালাফ হত্যাকাণ্ডের বিচার দ্রুত আদালতে পরিচালিত হবে বলে সৌদি সরকারকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘সম্প্রতি আমি আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এ সময় তিনি আগামী ডিসেম্বরেই হত্যাকাণ্ডের বিচার শেষ করার আশ্বাস দিয়েছেন।’ সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘কোনো ধরনের বিলম্ব ছাড়াই এ বিচার শেষ হবে, আমরা এ আশায় রয়েছি। আমরা তখনই পুরোপুরি সন্তুষ্ট হব, যখন দেখব হত্যাকারীদের যথাযথভাবে শাস্তি দেওয়া হয়েছে।’‘সামান্যতম খারাপ হয়নি’: যুদ্ধাপরাধের বিচারে জন্য জামায়াতে ইসলামীর নেতাদের গ্রেপ্তারের কারণে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলেছে— জনমনে প্রচারিত এমন ধারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের চলমান যে বিষয়গুলোর কথা বলছেন, সেটি এ দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে সৌদি সরকার সব সময় বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে একই রকম সুসম্পর্ক রাখার নীতি অনুসরণ করে। এ দেশের অভ্যন্তরীণ কোনো ঘটনা অতীতে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি, বর্তমানেও ফেলছে না এবং আগামী দিনেও কোনো প্রভাব ফেলবে না।’ যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই এখানে আমি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না। তা ছাড়া এখানে আমার মতামতে কিছু যায়-আসে না। তবে সৌদি আরব সব সময় চায় বাংলাদেশের জনগণ শান্তিতে থাকুক, সব দলের মাঝে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।’ জনশক্তি নেওয়া থেমে নেই: সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি বন্ধ হয়েছে কি না, জানতে চাইলে আবদুল্লাহ আল বুসাইরি বলেন, সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কখনো বন্ধ হয়নি, পরিমাণ কমেছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে জনশক্তি নেওয়ার প্রক্রিয়ায় ভারসাম্য আনা হচ্ছে। তাই আগে যেভাবে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ লোক নেওয়া হতো, সেভাবে হচ্ছে না। তবে বাংলাদেশ থেকে শুধু শ্রমিক নয়, নিয়মিতভাবেই চিকিত্সক, প্রকৌশলী, শিক্ষকসহ দক্ষ লোকজনের সৌদি আরব যাওয়া অব্যাহত রয়েছে। বাংলাদেশিদের নিয়োগের ক্ষেত্রে সৌদি আইন কঠোর করা হয়েছে কি না, জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে সৌদি আরবে কোনো আইন প্রণয়ন করা হয়নি।’