ডিসেম্বরের মধ্যে আরও তদন্ত শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে আরও কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হতে পারে। আজ বুধবার দুপুরে তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক। যাঁদের বিষয়ে তদন্ত শেষ হতে পারে তাঁরা হলেন—জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহান, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহার, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, একাত্তরে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা জামায়াতের নেতা বাগেরহাটের শরণখোলার এ কে এম ইউসুফ, জামায়াতের সাবেক সাংসদ যশোরের সাখাওয়াত হোসেন, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার চেয়ারম্যান ও বিএনপির নেতা এম এ জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার।এম সানাউল হক বলেন, ‘এর মধ্যে আমরা নয়টি তদন্ত প্রতিবেদন দিয়েছি, যার বিচারকাজ চলছে। এ পর্যায়ে আমরা আরও বেশকিছু মামলার তদন্ত করছি। ডিসেম্বরের মধ্যে এসব তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া যাবে।’এ টি এম আজাহারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে এম সানাউল হক বলেন, ‘কয়েক দিন আগে তদন্ত সংস্থার ১০ জনের একটি দল রংপুর যায়। তদন্তে জানা যায়, রংপুর কারমাইকেল কলেজের ছয়জন শিক্ষক এবং একজন শিক্ষকের স্ত্রীর হত্যাকাণ্ডের সঙ্গে এ টি এম আজাহার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। শিক্ষকদের কোয়ার্টার থেকে ধরে দমদমা ব্রিজের কাছে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়াও আরও দুজন শিক্ষক যাঁরা ২৫ মার্চের আগে অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের গ্রামের বাড়িতে খুঁজে হত্যা করা হয়। আজাহার একটি বিশাল সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে বদরগঞ্জের ধাপেরহাট ও ঝাড়ুয়ার বিল নামক একটি স্থানে দুই দিনের অভিযান চালান। প্রথম দিনের অভিযানে ১১ জনকে হত্যা করা হয়। পরদিনের অভিযানে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ লোককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। দুটি অভিযানেই তিনি পথ প্রদর্শকের কাজ করেন। আমরা সেখানে প্রত্যক্ষদর্শী, আহত ও নিহতদের আত্মীয়স্বজনের সাক্ষাত্কার নিয়েছি, নির্যাতিতদের সাক্ষ্য নিয়েছি। তাঁর বিরুদ্ধে তদন্ত ৮০ ভাগ শেষ হয়েছে।’