ডিসেম্বরের মধ্যে আরও ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে। ২০১৫ সালের মধ্যে সারা দেশে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্পও তৈরি করা হবে। তিনি বলেন, ‘কথা দিয়েছিলাম, চট্টগ্রাম হবে বাণিজ্যিক নগর। তাই গত ২০ মাসে চট্টগ্রামের জন্য দুই হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে হাত দিয়েছি।’গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহায় কর্ণফুলী আবাসিক এলাকার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।প্রধানমন্ত্রী চট্টগ্রামের কল্যাণে একগুচ্ছ অবকাঠামো উন্নয়নের ঘোষণা দেন। এগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামে দুই হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে মিয়ানমারের গুমদুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, বিমানবন্দর থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, কালুরঘাটে কর্ণফুলীতে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হাটহাজারীতে ১০০ মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন, আনোয়ারা পারকি সমুদ্রসৈকতে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র ও দক্ষিণ চট্টগ্রামে একটি স্টেডিয়াম নির্মাণ, শাহ আমানত সেতু হয়ে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ দ্রুত শুরু করা। এর মধ্যে কিছু প্রকল্প বাস্তবায়নের কাজে ইতিমধ্যে হাত দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর আগ মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামে। এর আগে সকাল থেকে কখনো মেঘ কখনো রোদের খেলা চলছিল। তুমুল বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী ২২ মিনিট বক্তব্য দেন। এ সময় হাজার হাজার লোক বৃষ্টিতে ভিজে শেখ হাসিনার বক্তব্য শোনেন।এর আগে বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি জনসভার মাঠে এসে নামলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম তাঁকে স্বাগত জানান। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। তবে মেয়র জনসভার মঞ্চে যাননি।বৃষ্টি উপেক্ষা করে জনসভায় আসায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আপনাদের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছি।’ একটি কবিতার লাইন দিয়ে বক্তব্য শেষ করেন তিনি, ‘রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেন, তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে নির্যাতন ও লুটপাট শুরু করে। নিজেরা দুর্নীতি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে। দেশের কোনো উন্নতি হয়নি। তারা দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছিল। তাদের সময়ে বাংলাদেশ সন্ত্রাসী জঙ্গিবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করে।শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে বিএনপির এক নেতা আরেক নেতা জামালউদ্দিনকে মেরে লাশ গুম করেছিলেন। তাঁদের নির্যাতন থেকে সংখ্যালঘু, পাহাড়ি কেউ রক্ষা পায়নি।প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে আওয়ামী লীগের শাসন আমল ছিল স্বর্ণযুগ। এরপর সারা দেশকে আতঙ্কের দেশে পরিণত করেছিল বিএনপি। তারা সংখ্যালঘুসহ সবাইকে অত্যাচার-নির্যাতন করেছে আর নিজেরা দুর্নীতি করেছে। এখন বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ মইনউদ্দিন খান বাদল, আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম ফজলে করিম চৌধুরী ও শামসুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, তৃতীয় কর্ণফুলী সেতুর উদ্বোধন চট্টগ্রামবাসীর প্রতি প্রধানমন্ত্রীর সেরা ঈদ উপহার। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম সড়ককে চার লেনে উন্নীত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রাম-হাটহাজারী সড়কের কাজও শিগগির শুরু হবে। এ ছাড়া নগরের কয়েকটি সড়ক সম্প্রসারণের কাজের বিষয়টিও উল্লেখ করেন তিনি।ঘরমুখো মানুষের দুর্ভোগ: পিএবি সড়কের সিডিএ আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত জনসভার কারণে ঈদে ঘরমুখো মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হয়। পিএবি সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় কর্ণফুলী সেতু হয়ে নারী-পুরুষকে হেঁটে গন্তব্যে যেতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, কক্সবাজারের যাত্রীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। মো. মুছা নামের এক ব্যক্তি পরিবার-পরিজন নিয়ে কুতুবদিয়া যাচ্ছিলেন। চাক্তাই থেকে হেঁটে জনসভাস্থলে আসতে তাঁর প্রায় এক ঘণ্টা লাগে। তিনি বলেন, ‘বউবাচ্চা নিয়ে হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে। আর কত দূর হাঁটতে হবে, জানি না।’রাসেল নামে চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজের এক ছাত্র যাচ্ছিলেন বাঁশখালীতে। তিনি বলেন, ‘ভাই, হাঁটতে হাঁটতে পা ধরে আসছে। এর মধ্যে বৃষ্টিতেও ভিজেছি। আবার রোদও কম নয়।’