ডিসেম্বরের শুরুতেই সংবিধান পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় যাবে: আইনমন্ত্রী
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংবিধান পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় পাঠানো যাবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে সংবিধান সংশোধন করা হয়নি। সামরিক ফরমান দিয়ে যেসব বিষয় সংবিধানে সংযোজন ও সংবিধান থেকে বিয়োজন করা হয়েছিল, রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধান থেকে সেগুলো বাদ যাবে। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল বিভাগ তা বহাল রাখলেও তাঁরা কিছু পর্যবেক্ষণ দেন। এ বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘রায়ের বিষয়গুলো পুঙ্খানুপঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষার কারণে সংবিধান পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় পাঠাতে দেরি হচ্ছে।’ সেই কাজ এখন শেষ পর্যায়ে আছে বলে তিনি জানান।আইনমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সুপ্রিম কোর্টে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, প্রধান বিচারপতি বর্তমানে বিদেশে আছেন। তিনি দেশে ফিরলে এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করা হবে।