ডুবে যাওয়া স্কুলছাত্রের লাশ ২২ ঘণ্টা পর উদ্ধার
ডুবে যাওয়ার ২২ ঘণ্টা পর আমন্ত তানভীর ওরফে দিগন্ত (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ী এলাকায় মৃতদেহটি ভেসে ওঠে। স্কুলছাত্রের পারিবারিক সূত্র জানায়, দিগন্ত তার মা-বাবার সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর সড়কের ৩ নম্বর বাসায় থাকত। মিরপুর বাংলা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এ ছাত্র গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চার বন্ধুকে নিয়ে মিরপুর বেড়িবাঁধসংলগ্ন গড়ান চটবাড়ী লেকে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে সে লেকসংলগ্ন তুরাগ নদের মোহনায় তলিয়ে যায়। অন্যরা তীরে উঠতে পারলেও দিগন্ত আর উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল তল্লাশি চালিয়ে দিগন্তকে উদ্ধার করতে ব্যর্থ হয়। তবু উদ্বিগ্ন স্বজনেরা রাতভর নৌকা নিয়ে তল্লাশি চালায়। এ সময় প্রবল স্রোত ছিল। গতকাল সকালে শাহ আলী থানার দিয়াবাড়ী এলাকায় দিগন্তের লাশ ভেসে ওঠে। বেলা পৌনে ১২টায় তার লাশ উদ্ধার করা হয়। শাহ আলী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রেবেকা সুলতানা জানান, স্কুলছাত্রটির মা-বাবা লাশের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেন। এরপর লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শাহ আলী থানার অপারেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, দিগন্তের পরিবারের দাবি ছিল, লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত যেন তার চার বন্ধুকে আটকে রাখা হয়। পরে লাশ উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। দিগন্তের বাবার নাম আনোয়ার হোসেন।