চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষে সরকারি আমদানির প্রায় ৫০ কোটি টাকার চালবাহী এমভি হ্যাং রো বং নামের একটি বিদেশি জাহাজের বেশির ভাগ অংশ ডুবে গেছে। ডুবন্ত জাহাজের জ্বালানি তেল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। জাহাজটিতে তিন ধরনের প্রায় ১৫ মেট্রিক টন জ্বালানি তেল আছে বলে জাহাজের ক্যাপ্টেন হিসাব দিয়েছেন।জাহাজটির ৪১ জন নাবিককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তাঁরা সবাই উত্তর কোরিয়ার নাগরিক বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, পাকিস্তানের করাচির কাশিম বন্দর থেকে এমভি হ্যাং রো বং গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বন্দরের দিকে আসার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় বহির্নোঙরের বি অ্যাংকারেজে নোঙর করা ছিল সিমেন্ট ক্লিংকারবাহী দেশীয় জাহাজ এমভি বঙ্গ লংকা। ১৩ হাজার ৪৯২ টন সেদ্ধ চালবাহী জাহাজের পেছনের অংশ বঙ্গ লংকার সামনের দিকে ধাক্কা দেয়। এতে চালবাহী জাহাজের পেছনের অংশের তলা ফেটে যায়। শুরুতে জাহাজের পাঁচটি হ্যাচের দুটিতে পানি ওঠে। জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অপর তিনটি হ্যাচেও পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে জাহাজটির বেশির ভাগ অংশ ডুবে যায়। এরপর জাহাজ থেকে জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়ে। এই তেল বহির্নোঙরের কিছু এলাকায় পানিতে ভাসছে। ১৪৪ মিটার দীর্ঘ জাহাজটির গভীরতা (পানির নিচের অংশ) আট দশমিক নয় মিটার।তেলদূষণ বন্ধ করতে নৌবাহিনীর বিশেষায়িত জাহাজ এসআর আমিন, বন্দরের টাগবোট কান্ডারী-১০ এবং তেলবর্জ্য সংগ্রহকারী জাহাজ বে ক্লিনার-১ নিয়োজিত করা হয়। এগুলো দিয়ে তেলদূষণ বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।জাহাজের তেল নিঃসরণ সরেজমিনে দেখতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, বন্দর ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন আল ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে মুঠোফোনে জাফর আলম প্রথম আলোকে বলেন, বেশ কিছু এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে। রাসায়নিক ছিটিয়ে দূষণ কমানোর চেষ্টা চলছে।চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান বলেন, দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না। তবে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার জন্য বয়া স্থাপন করা হচ্ছে। জাহাজের স্থানীয় প্রতিনিধিকে চিঠি দিয়ে জাহাজটি উদ্ধারের জন্য বলা হয়েছে।খাদ্য বিভাগ সূত্র জানায়, একটি বেসরকারি কোম্পানির সঙ্গে দুটি চুক্তিতে মোট ৮০ হাজার টন সেদ্ধ চাল সরবরাহের চুক্তি হয়। এই জাহাজে ওই দুটি চুক্তির সেদ্ধ চালের একটি চালান রয়েছে। পর্যায়ক্রমে সব হ্যাচে পানি ঢুকতে থাকায় এসব চাল নষ্ট হয়ে যাচ্ছে।খাদ্য অধিদপ্তরের চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক সালাহউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সরবরাহকারীর কাছ থেকে চাল গ্রহণ করতে পারিনি। এ কারণে এই চালের জন্য সরকারের টাকা পরিশোধ করতে হবে না।’কোরীয় পতাকাবাহী ওই জাহাজের স্থানীয় প্রতিনিধি ফরচুন শিপিং লিমিটেডের কর্মকর্তা সৌমেন চক্রবর্তী বলেন, ‘জাহাজটি উদ্ধারের জন্য সব চেষ্টা করেছি। কিন্তু ইঞ্জিন চালু না হওয়ায় জাহাজের ক্রেন সচল করা যায়নি। তাই চাল খালাস করে জাহাজটি উদ্ধারের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়েছে। যেখানে জাহাজ ডুবেছে, সেখানে তীব্র স্রোত। এ কারণে উদ্ধারকর্মীদের বিকেলে ফিরে আসতে হয়।তদন্ত কমিটি: দুর্ঘটনার বিষয়ে নৌ-বাণিজ্য অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। নৌ-বাণিজ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা এ এফ এম সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি গতকাল থেকেই কাজ শুরু করেছে।তদন্ত কমিটির আহ্বায়ক প্রথম আলোকে বলেন, সংঘর্ষে জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকে গেছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হচ্ছে।দুই জাহাজে মৃদু সংঘর্ষএদিকে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গতকাল দুপুর দুইটায় বহির্নোঙরে দুটি জাহাজে মৃদু সংঘর্ষ হয়। বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ জানায়, মংলা বন্দর থেকে পণ্যবিহীন এমভি ফার ইস্ট জাহাজটি দুপুরে বন্দরের বহির্নোঙরে আসে। জাহাজটি নোঙর করতে যাওয়ার আগে বহির্নোঙরে অবস্থানরত গমবাহী এমভি জিন এইচ জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ফার ইস্ট জাহাজের রেলিং বাঁকা হয়ে যায়। ধাক্কায় জিন এইচ জাহাজের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।