ডুবোচরে ফেরি আটকা, যাত্রী ও চালকেরা ক্ষুব্ধ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে আজ রোববার দুপুরে আবারও ডুবোচরে আটকা পড়ে ফেরি খানজাহান আলী। প্রায় এক ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়। মাত্র আটটি যানবাহন নিয়ে পাটুরিয়া যাওয়ার সময় ফেরিটি আটকা পড়ে। এদিকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডুবোচরে আরো একটি ফেরি আটকে পড়ে। এর পেছনে আরো তিনটি ফেরি আটকে পড়ে। ফলে ফেরি চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আজ বিকেল পর্যন্ত দৌলতদিয়ায় কোনো খননকাজ শুরু হয়নি। কর্তৃপক্ষ বলছে, বিশেষজ্ঞ দলের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে ঘাটের নানা অব্যবস্থাপনার জন্য দক্ষিণাঞ্চলের যাত্রী ও চালকেরা নৌপরিবহনমন্ত্রীর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।শনিবার ভোররাত থেকে বিকেল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হলেও এখনো যানবাহনের চাপ রয়েছে। এ ছাড়া আজ দুপুর ১২টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট থেকে মাত্র আটটি পণ্যবোঝাই ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে কিছুদূর ছেড়ে যাওয়ার পর ভাটিতে যাওয়ার পরই খানজাহান আলী ফেরিটি ডুবোচরে আটকে যায়। এর পেছনেই শাহ মখদুমসহ আরেকটি ফেরিও আটকা পড়ে। তবে শাহ মখদুমসহ অন্য ফেরিটি নিজেদের চেষ্টার পর উদ্ধার করা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘আশা’ খানজাহান আলী ফেরিটি উদ্ধার করে।তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ডুবোচরে আটকে যাওয়ার বিষয়টি মানতে নারাজ। কর্তৃপক্ষের দাবি, ভুল করে চ্যানেল ছেড়ে বাইরে চলে যাওয়ায় ফেরিটি আটকে যায়।এদিকে শনিবার থেকে নাব্যতার তীব্র সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্ন হলেও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গতকাল থেকে আজ বিকেল পর্যন্ত খননকাজ বন্ধ রেখেছে। বিআইডব্লিউটিএর খনন বিভাগের দায়িত্বরত সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে একটি ফেরির ধাক্কায় খনন মেশিনের পাইপ ভেঙে যাওয়ার পর থেকে খননকাজ বন্ধ রয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান সিইজিআইএসের একটি বিশেষজ্ঞ দলের পরিদর্শন শেষে তাদের পরামর্শ অনুযায়ী খননকাজ আজ রাত বা কাল সকাল থেকে শুরু হতে পারে।এদিকে ঘাটের চরম অব্যবস্থপনার জন্য গত পাঁচ-ছয় দিন ঘাটে আটকে থাকা সাধারণ পণ্যবাহী ট্রাকের চালক, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁদের দাবি, এই নৌপথের নাব্যতার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগেই সব প্রস্তুতি গ্রহণ করলে আজ মানুষের এত দুর্ভোগ পোহাতে হতো না। বেনাপোল থেকে ভারতের সয়াবিনের ভুসি-বোঝাই ট্রাকের চালক সোলেমান মণ্ডল বলেন, গত মঙ্গলবার সকালে বেনাপোল থেকে ঢাকায় ফেরার সময় গোয়ালন্দ মোড় এলাকায় তাদের পুলিশ আটকে দেয়। দুই দিন ওই মহাসড়কে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দৌলতদিয়ায় পৌঁছালেও যানজট ও ফেরি না পাওয়ায় তাঁদের টার্মিনালে বসিয়ে রাখা হয়। পাঁচ দিন পর আজ ফেরির জন্য সিরিয়াল পান। যদি এই ঘাটের সমস্যা নিয়ে আগে থেকেই সরকার ব্যবস্থা নিত, তাহলে দিনের পর দিন রাস্তায় থাকতে হতো না।তার ট্রাকের মতো একই সঙ্গে ছেড়ে আসা আরও পাঁচটি ট্রাক একইভাবে দুর্ভোগে পড়ে।চুয়াডাঙ্গা থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক আজাদ আলী অভিযোগ করে বলেন, ‘আমি আজ ৩০ বছর ধইরা গাড়ি চালাই। কিন্তু এই ঘাটের যে সমস্যা, এ জন্য নৌ ও যোগাযোগমন্ত্রী দুজনই দায়ী। কারণ তাঁদের গাফিলতির কারণে এখানকার যোগাযোগব্যবস্থা আজ এত খারাপ।’স্থানীয় বাসিন্দা আবদুর রহিম মোল্লা বলেন, ‘দৌলতদিয়ার কাছে মাত্র তিন হাত পানি আছে। এই সামান্য পানির ভেতর কীভাবে ফেরি যাবে। শনিবার দেখলাম নৌকায় কইরা সরকারের লোকজন পানি মাইপা গেল আর বলল, কোনো সমস্যা নাই, আইজ বিকেলেই ঠিক হইয়া যাবে। তাহলে আজ পর্যন্ত একটি ড্রেজার মেশিনও চালু হয়নি। এসব কর্তৃপক্ষের গাফিলতির কারণেই মানুষের এত ভোগান্তি।’এদিকে শনিবার কয়েক দফা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি ডুবোচরে আটকে পড়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যার পর থেকে ওই ফেরিটি দৌলতদিয়ায় বসিয়ে রেখেছে। এখন ১০টির পরিবর্তে আটটি বড় ও একটি ছোট ফেরি চলছে। এ ছাড়া নাব্যতার কারণে ফেরিগুলো মাত্র ছয়টি-সাতটি গাড়ি নিয়ে ছেড়ে যাচ্ছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ফেরির সংখ্যা স্বাভাবিক থাকলেও নদীর পানি একেবারে কমে যাওয়ায় ফেরিগুলো ২৪ থেকে ২৮টি গাড়ির পরিবর্তে এখন মাত্র ছয়-সাতটি গাড়ি নিয়ে চলাচল করছে। এর পরও মাঝেমধ্যে চড়ায় ঠেকে পড়ছে। কয়েক দিন আগেও যেখানে ২৪ ঘণ্টায় দুই হাজার থেকে আড়াই হাজার গাড়ি পার করা হয়েছে। এখন ২৪ ঘণ্টায় মাত্র সাড়ে ৮০০ গাড়ি পার হচ্ছে। এ ছাড়া একটি ফেরিকে চলতে হলে ন্যূনতম আট ফুট পানির প্রয়োজন। সেখানে বর্তমানে মাত্র পাঁচ-ছয় ফুট পানি রয়েছে।জরিপকাজ ও নদীর নাব্যতা পরিদর্শন শেষে সিইজিআইএসর উপনির্বাহী পরিচালক মমিনুল হক সরকার প্রথম আলোকে বলেন, প্রতি বছর এই সময় নাব্যতাসংকট দেখা দেয়। তবে এ বছর অন্য সময়ের তুলনায় পানি অনেক কম কমেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে স্থায়ীভাবে ২০০ মিটারের মতো মাটি খনন করে চ্যানেল তৈরি করা হবে।