ডুমুরিয়ায় জামায়াতের নেতা মোসলেম গ্রেপ্তার
খুলনা থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি শেখ মোসলেম উদ্দিনকে (৪০) আজ মঙ্গলবার ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে।ডুমুরিয়া থানা পুলিশের ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শেখ শাহজাহান জানান, নিজামী-মুজাহিদ-সাঈদীর মুক্তির দাবিতে শেখ মোসলেম উদ্দিনের নেতৃত্বে গত ৩০ জুন খুলনা মহনগরের ডাকবাংলো মোড় থেকে জামায়াত-শিবির নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াসসহ চার-পাঁচজন পুলিশকে মারধর করেন।ওই ঘটনায় খুলনা থানার এসআই রিজাউল করিম বাদী হয়ে একটি মামলা করেন। মোসলেম ওই মামলার এজাহারভুক্ত আসামি।মোসলেম এত দিন পলাতক থাকলেও আজ সকাল পাঁচটার দিকে উপজেলায় তাঁর বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।থানার এসআই আবদুল খালেক বলেন, খুলনা থানার ৫০ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আজ সকালে মোসলেমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।থানাহাজত থেকে শেখ মোসলেম উদ্দিন বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ মামলায় জড়ানো হয়েছে। খুলনার ওই ঘটনায় আমি ছিলাম না।’