ডুমুরিয়ায় পুলিশ-শিবির সংঘর্ষ, নিহত ১
খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুরি বাজারে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত ও ছয়জন শিবিরের কর্মী-সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।নিহত ব্যক্তির নাম মনসুর গাজী (৪২)। তাঁর বাড়ি ডুমুরিয়া উপজেলার কাঠেঙ্গা গ্রামে। তিনি পেশায় রিকশাভ্যানচালক ছিলেন।ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউলিয়ন জামায়াতের শ্রম সম্পাদক নফরুল্লাহ মোল্লা দাবি করেছেন, নিহত মনসুর গাজী শিবিরের সমর্থক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে চেচুরি বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন শিবিরের কর্মীরা। পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দিতে চাইলে শিবিরের কর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শিবিরের কর্মীদের ধাওয়ায় প্রথমে পুলিশ পিছু হঠতে বাধ্য হয়। পরে পুলিশ ক্যাম্পে শিবিরের কর্মীরা হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ কয়েক দফা গুলি ছোড়ে। এতে মনসুর গাজীসহ সাতজন শিবিরের কর্মী-সমর্থক গুলিবিদ্ধ হন। পরে মনসুর গাজীকে আহত অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নোয়াপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক শ্যামল কৃষ্ণ সাহা প্রথম আলো ডটকমকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মনসুর গাজীকে এখানে নিয়ে আসা হয়। এর আগেই তাঁর মৃত্যু হয়।খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ প্রথম আলো ডটকমকে বলেন, ‘শুনেছি, নোয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মনসুর গাজী নামের একজন মারা গেছেন।’আহত শিবিরকর্মীরা হলেন: চেচুরি গাজীপাড়া মসজিদের ইমাম মাওলানা মুজিবর রহমান (৩৫), কামরুল ইসলাম গাজী (৪০), রাসেল গাজী (১৮), রফিকুল ইসলাম (৩৮), শামীম গাজী (১৭) ও ইয়ামিন মোল্লা (২১)।এ ছাড়া পুলিশের চেচুরি ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন, কনস্টেবল ইমান আলী, আমিরুল ইসলাম, হামিদুল ইসলাম সংঘর্ষে আহত হয়েছেন।