ডুমুরিয়া খাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ২
খুলনার ডুমুরিয়া উপজেলায় ঘুরুনিয়া-পাতিবুনিয়া খাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নীলকমল মণ্ডল (৪০) ও নীহার রঞ্জন বালা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরখালী ইউনিয়নে ঘুরুনিয়া-পাতিবুনিয়া খালে নীহার রঞ্জন বালার নেতৃত্বে ভূমিহীন চাষিরা কয়েক বছর ধরে ধান ও মাছ চাষ করতেন। ওই খালের মালিকানা নিয়ে প্রতিপক্ষ গোলক চৌকিদারদের সঙ্গে এ খাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে সাতটার দিকে গোলক চৌকিদারের লোকজন ওই খাল দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুধান্ন মণ্ডল (৫৮) ও গোবিন্দ সরকার (৩০) নামের দুজনকে আটক করেছে। আহত ব্যক্তিদের ডুমুরিয়া উপজেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সারত অবস্থায় নীলকমল ও নীহার রঞ্জনের মৃত্যু হয়।ওই এলাকার প্রবীণ শিক্ষক নির্মলেন্দু সরকার বলেন, খালটি খাসজমি। ওই খাল নিয়ে নীহারদের সঙ্গে গোলক চৌকিদারের বিরোধ চলছিল। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।