ডুমুরিয়ার খর্ণিয়ায় নদী ভাঙনে ৬ দোকান বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকস্মিকভাবে ৩০ অক্টোবর দুপুর দেড়টায় ভদ্রা নদীর ভাঙনে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া সেতুর পূর্বপাশের ছয়টি দোকানসহ ২০০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নদীর পশ্চিম পাশের ভাটা মালিকেরা ইট তৈরির মাটির জন্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর চরে বাঁধ দিয়ে রেখেছেন। ফলে নদী তার গতিপথ পরিবর্তন করায় এক বছর ধরে খর্ণিয়া বাজারে ভাঙন চলছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড বাজারের ভাঙন রোধে পাইলিংয়ের কাজ করছিল। হঠাৎ সেখানেই ভাঙনে বাজারের সরদার আবদুল গণির সাইকেল গ্যারেজ, সিরাজ শেখের জুয়েলারির দোকান, মহাদেব কর্মকারের জুয়েলারির দোকান, চিকিৎসক সমরেশ ফৌজদারের হোমিও চেম্বার, আবদুল গফুর মোড়লের পাটের গুদাম ও আবদুল আজিজের সাইকেল গ্যারেজটি নদীতে বিলীন হয়ে গেছে। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী সমরেশ ফৌজদার বলেন, ‘দুপুরে দেখলাম হঠাৎ করে পাইলিংয়ের গাছগুলো আস্তে আস্তে উঁচু হয়ে উঠছে এবং মাটি ফাঁক হয়ে নিচে নেমে যাচ্ছে। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই ছয়টি দোকানঘরসহ রাস্তার পাশ দিয়ে ১০০ হাতের বেশি জায়গা নদীর পানিতে মিশে গেল।’খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, ‘ওখানকার বর্তমান অবস্থা ভয়াবহ। নদীর পশ্চিম পাশে ভাটার মালিকেরা অবৈধ বাঁধ দিয়ে নদীর পেট মোটা করে ফেলেছেন। সে কারণে এ ভাঙন চলছে। আমরা ভাঙন রোধের চেষ্টা করছি।’