ডুমুরিয়ায় চাষিদের মাথায় হাত
আবহাওয়া অনুকূল না থাকায় খুলনার ডুমুরিয়ায় এ বছর পাটের উৎপাদন হয়েছে অনেক কম। তার ওপর পাটের দামও নেমে এসেছে গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে। এ অবস্থায় উপজেলার পাটচাষিদের এবার মাথায় হাত।উপজেলার কৃষি অফিস, পাটচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে বিঘাপ্রতি ১০ থেকে ১২ মণ পাট পাওয়া গিয়েছিল। কিন্তু এবার সেখানে পাঁচ থেকে সাত মণ উৎপন্ন হয়েছে। গত বছর দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা মণ দরে পাট বিক্রি হলেও এ বছর এক হাজার থেকে সর্বনিম্ন ৬৫০ টাকা মণ দরে পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন ডুমুরিয়ার চাষিরা।উপজেলার খর্ণিয়া গ্রামের পাটচাষি সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছর বিঘাপ্রতি ১০ মণ ফলন হয়েছিল। বিক্রিও করেছিলাম দুই হাজার ২০০ টাকা মণ দরে। কিন্তু এ বছর সম্পূর্ণ উল্টো। প্রতি বিঘায় পাট পেয়েছি ছয় মণ। আর বিক্রি করেছি সাড়ে ৮০০ টাকা করে মণ।’ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘অতিবৃষ্টিসহ আবহাওয়ার সমস্যায় এ বছর পাটের ফলন অনেক কম হয়েছে। তার ওপর কৃষকেরা ভালো দাম পাচ্ছেন না।’ পাট ব্যবসায়ী সরদার মুজিবর রহমান বলেন, গত মঙ্গলবার চুকনগর হাটে সর্বোচ্চ ৭০০ টাকা দরে পাট বিক্রি হয়েছে। টাকা না থাকায় কেউ পাট কিনতেই পারছে না। কারণ, দৌলতপুর পাটকলে পাট নিচ্ছে না এবং টাকাও দিচ্ছে না।