ডুমুরিয়ায় বিলুপ্তপ্রায় প্রজাতির লক্ষাধিক টাকার কচ্ছপ আটক
খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা ও কৈয়া বাজার থেকে লক্ষাধিক টাকা মূল্যের বিলুপ্তপ্রায় তিনটি প্রজাতির ৩৭৬টি কচ্ছপ আটক করে স্থানীয় শোলমারী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ১৩ নভেম্বর দুপুরে ডুমুরিয়ার জিলেরডাঙ্গা গ্রামের প্রশান্ত বৈরাগীর খামারে ও পাশের কৈয়া বাজরের জগদীশ মহরীর দোকানে তল্লাশি চালায়। এসময় হাসে, ছাতেন ও কড়িকাঠা এই তিন প্রজাতির ৩৫৮ কেজি কচ্ছপ আটক করা হয়। এগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা।এ প্রসঙ্গে জগদীশ মহরী বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ও ইনকাম ট্যাক্স দিয়ে ব্যবসা করি। কচ্ছপ বিক্রি নিষিদ্ধ কি না, তা জানতাম না।’ অপর ব্যবসায়ী প্রশান্ত বৈরাগীও একই অভিমত ব্যক্ত করেন। কৈয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অশোক কবিরাজ বলেন, ‘ট্রেড লাইসেন্সে কচ্ছপ লেখা আছে বলে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো। তাই অবৈধ মালের নামে ট্রেড লাইসেন্স না দেওয়ার দাবি জানাচ্ছি।’ খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, ‘বিলুপ্তপ্রায় বন্য প্রাণী রক্ষা করতে ৩৭৬টি কচ্ছপ আটক করে পাশের শোলমারী নদীতে ছেড়ে দিয়েছি।’