ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা মোড়ে আজ শনিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাতজন। ঘটনার পর এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর পৌনে ছয়টার দিকে ডুমুরিয়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনে করে রায়েরমহল এলাকায় ১২ জন দিনমজুর কাজ করতে যাচ্ছিলেন। নসিমনটি জিলেরডাঙা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যান প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়; পরে নসিমনকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের যাত্রী রঞ্জু শেখ (৬০) ও ঘণ্টা মণ্ডল (৫০) ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত আটজনকে উদ্ধার করে। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলের আরোহী আবদুল আজিজের (৪৫) মৃত্যু হয়।আহত অন্য ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের চালক আবদুস সালাম বিশ্বাস (২৫); নসিমনের যাত্রী শাহাদত হোসেন (৫৫), রুস্তম মোড়ল (৫০), হাবিব শেখ (৩৫), মো. জামাল (২৫), গোপাল মণ্ডল (৪৪) ও শাহাদত মোড়ল (২৫)। তাঁদের মধ্যে গোপাল মণ্ডল ও শাহাদত মোড়লকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা দিলীপ কুণ্ডু প্রথম আলো ডটকমকে জানান, মোটরসাইকেলের আরোহী আবদুল আজিজের পা ভেঙে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। অন্যদের চিকিত্সা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, পিকআপ ভ্যানের চালক পলাতক। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।