ডুমুরিয়ায় ‘বাংলামতি’ ধান একরে হয়েছে ৭০ মণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা অঞ্চলে ডুমুরিয়া উপজেলার কার্তিকডাঙ্গা বিলে প্রথমবারের মতো চাষ হওয়া বাসমতি সদৃশ ‘বাংলামতি’ ধান আনুষ্ঠানিকভাবে কাটা হয়েছে। ১৯ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তারা আংশিক কাটা ধানের গড় করে জানিয়েছেন, একরে ৭০ মণ ফলেছে।খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান কার্তিকডাঙ্গা বিলে তাঁর চিংড়ি ঘেরে এক একর জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত ব্রি-৫০ জাতের বাংলামতি ধান চাষ করেন। তিনি সুপার রাইস বাংলামতি ধান চাষ করে সফল হওয়ায় কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।কৃষি বিজ্ঞানীদের দাবি, তাঁদের উদ্ভাবিত এ ধানের নাম বাংলামতি হলেও এটা গুণে-মানে ও স্বাদে বাসমতিরই নামান্তর।ধানচাষি আতিয়ার রহমান বলেন, ‘বাংলামতি ধানের ফলন ব্রি-২৮ জাতের সমান হওয়ায় কৃষক ও কৃষিবিদেরা দারুণ উৎসাহিত হয়েছেন। আমি চাই আগামী কয়েক বছরের মধ্যে এ অঞ্চলের কৃষকেরা মূল্যবান বাংলামতি ধান চাষে এগিয়ে আসুক।’ওই ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শিখা রানী মণ্ডল জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শে আতিয়ার রহমানের এক একর জমিতে ৭০ মণ বাংলামতি ধান হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার বলেন, ‘বাংলামতি ধানের ফলন দেখে আমি অভিভূত। কারণ অন্য ধানের তুলনায় এ ধানের দাম অনেক গুণ বেশি। চাষিরা মূল্যবান এ ধান চাষ করলে অনেক লাভবান হবেন।’