ডুমুরিয়ায় ‘মতো’ বাহিনীর প্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর বিলপাবলা এলাকায় গতকাল শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ‘মতো’ বাহিনীর প্রধান মতিলাল শিকদার ওরফে মতো (৪৮) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও ছয়টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই এলাকার খড়িয়া বিলে সন্ত্রাসীরা মিটিং করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার পুলিশের একটি দল গতকাল রাত সাড়ে ১১টায় দিকে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে পুলিশ ঘটনাস্থলে মতোকে পড়ে থাকতে দেখে। তাঁকে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নাম প্রকাশ না করার শর্তে মতোর এক আত্মীয় জানান, পুলিশ গত ২১ অক্টোবর বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি বাড়ি থেকে মতোকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গতকাল গুলি করে হত্যা করেছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, মতিলাল কথিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও অপহরণের মামলা রয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ শাহজাহান বাদী হয়ে একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।