ডুলাহাজারার কালো শিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের মে মাসের এক সকাল। ঝিনাইদহের শৈলকুপার দক্ষিণ আশুরহাট গ্রামের ইউপি সদস্য আরিফুজ্জামান এক অত্যাশ্চর্য দৃশ্য দেখলেন। এক শিয়ালিনী চারটি শাবককে দুধ পান করাচ্ছে, যার দুটি শিয়ালের রঙের হলেও অন্য দুটি কালো। তিনি থ হয়ে তাকিয়ে রইলেন।সংবি ৎ ফিরে এলে লোকজন নিয়ে বাচ্চাগুলোকে পাকড়াও করলেন। মা শিয়াল পালিয়ে বাঁচল। রাতে শিয়ালিনী চুপিসারে এসে দুটো বাচ্চাকে নিয়ে গেল। কাকতালীয়ভাবে কালো বাচ্চা দুটো রয়ে গেল খাঁচায়। ১০ মে কয়েকটি জাতীয় পত্রিকায় বাচ্চাদের ছবিসহ সংবাদ প্রকাশিত হলো। ফলে ১৩ মে তাদের স্থান হলো ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্কে। ওই সময় বাচ্চাগুলোর বয়স প্রায় তিন মাস।বাচ্চা দুটোর একটি পুরোপুরি কালো হলেও অন্যটির সামনের পায়ের সব ও পেছনের পায়ের তিনটি আঙুল এবং বুকের কিছু অংশ সাদা। তা ছাড়া পিঠ ও ঘাড়ের কিছু লোম শিয়ালের মতো সোনালি। পুরোপুরি কালো বাচ্চাটি একদিন সাফারি পার্ক থেকে হঠা ৎ পালিয়ে গেল। তাকে আজও পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়ে কালো শিয়ালটির সঙ্গে প্রথম সাক্ষা ৎ । এ বছরের ১৫ জুন পার্কের ভেটেরিনারি সার্জন মালেক ও মোস্তাফিজের সহযোগিতায় ওর খাঁচার সামনে দু-তিনবার কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করলাম এবং বিভিন্ন দিক থেকে ছবি তুললাম।খাঁচার সামনে প্রাণী পরিচিতিতে কালো শেয়ালের (Jackal) নাম ‘ব্ল্যাক (বেঙ্গল) ফক্স’ লেখা হয়েছে, যা সঠিক নয়। কারণ, ফক্স অর্থ খ্যাঁকশিয়াল, যা Jackal বা শিয়াল থেকে সম্পূর্ণ আলাদা। ব্ল্যাক ফক্স ইউরোপ-আমেরিকায় প্রাকৃতিকভাবে দেখা গেলেও এ দেশে এর রেকর্ড নেই। এরা প্রকৃতপক্ষে রেড ফক্সের ম্যালানিস্টিক রূপ (Melanistic Variant), যা একটি বিরল জেনেটিক অবস্থা। ডুলাহাজারার কালো শিয়ালের আকার-আকৃতি ও চেহারার সঙ্গে ব্ল্যাক ফক্সের কোনো মিল নেই, বরং কুকুরের সঙ্গেই মিল বেশি। ওর কান, মাথা, মুখমণ্ডল, নাক, পিঠের পেছনের দিকের সঙ্গে শিয়ালের কিছুটা মিল রয়েছে। লেজ পুরোপুরি শিয়ালের মতো না হলেও আংশিক মোটা। সে চিকন গলায় ‘কুউউ কুউউ’ করে ডাকে। বাস্তবে রেড ফক্সের মতো আমাদের শিয়াল বা সোনালি শিয়ালের কোনো ম্যালানিস্টিক রূপের অস্তিত্ব পাওয়া যায়নি। কুকুর, ডিঙ্গো, নেকড়ে, কয়োট ও সোনালি শিয়ালের ক্রোমোজোম সংখ্যা সমান (৭৮টি) হওয়ায় এদের মধ্যে আন্তপ্রজননের মাধ্যমে উর্বর সংকর অনেক দেশেই তৈরি করা হয়েছে। সোনালি শিয়াল, কুকুর বা বাকিদের সঙ্গে আন্তপ্রজনন করলেও খ্যাঁকশিয়াল (৩৮টি), কালো পিঠ (৭৪টি) ও পাশডোরা শিয়ালের (৭৪টি) ক্রোমোজোম সংখ্যা ভিন্ন হওয়ায় এদের সঙ্গে আন্তপ্রজননের মাধ্যমে উর্বর সংকর তৈরি হয় না। কুকুর ও শিয়ালের আন্তপ্রজননে উ ৎ পন্ন সংকর চার বংশ পর্যন্ত উর্বর থাকে।ফেরাউনের প্রাচীন মিসরীয় সভ্যতার সঙ্গে কালো শিয়াল ওতপ্রোতভাবে জড়িত। শিয়াল যেহেতু মরা মানুষ খাওয়ার জন্য কবরস্থানের আশপাশে ঘোরাফেরা করে, তাই প্রাচীন মিসরীয়রা কালো শিয়ালমুখো দেবতা অ্যানুবিসকে (Anubis) অন্ধকার, মৃত্যু ও পুনর্জন্মের দেবতা বলে গণ্য করত। জানা যায়, তারা কুকুর ও শিয়ালের মধ্যে সংকরায়নের মাধ্যমে ‘ফারাও হাউন্ড’ জাতের কুকুর বা ‘কুয়াল’ তৈরি করেছিল, যা এখনো আছে।সবশেষে ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রাণী পরিচিতিতে ‘কালো শিয়াল’ না লিখে ‘কুকুর-শিয়াল সংকর’ বা ‘কুয়াল’ লেখার জন্য।