ডুলাহাজারায় ধলা বালিহাঁস
ধলা বালিহাঁস আমাদের দেশের সবচেয়ে খুদে প্রজাতির হাঁস। একসময় প্রাকৃতিক জলাধারসমৃদ্ধ গ্রামে পাখিটি দেখা যেত। বর্তমানে হাওর এলাকাতে মোটামুটি দেখা যায়। তা ছাড়া, মুন্সিগঞ্জ এলাকাতে পাখিটির সন্ধান পাওয়া গেছে। মূলত আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে এবং বাসা করার উপযোগী গাছের অভাবে পাখিটি এখন বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখির তালিকায় স্থান পেয়েছে। ২০০৯ সালে মুন্সিগঞ্জের ভাগ্যকুলে নির্জন পুকুরের কাছে একটি চালতাগাছে দুটি ধলা বালিহাঁসের দেখা পাই। এরপর ২০১২ সালে প্রাকৃতিক পরিবেশে দুই জোড়া বালিহাঁসের দেখা পাওয়া গেল কক্সবাজারের ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। সাধারণত ঘন গাছপালা ও জলজ উদ্ভিদপূর্ণ নির্জন জলাশয় এ হাঁসের বিচরণের প্রধান জায়গা। ডুলাহাজারার সাফারি পার্কে এ রকম কয়েকটি জলাধার রয়েছে। হাঁসগুলোর গতিবিধি লক্ষ করে বোঝা গেছে, এরা বাসা করার জন্য উপযুক্ত জায়গা খুঁজছে। লেকের পাশে কিছু মৃত গাছের ফোকরের কাছে একটি মেয়ে হাঁসকে ঘোরাফেরা করতে দেখা গেল। উড়ে গিয়ে ফোকরে ঢোকার চেষ্টা করছে। তবে গাছের ফোকরগুলো অনেক ছোট হওয়াতে পাখিটি তার ভেতর ঢুকতে পারছে না। ধলা বালিহাঁস মূলত গাছের প্রাকৃতিক গর্তে বাসা করে। ধলা বালিহাঁস খাটো ঠোঁটওয়ালা পাখি। দেহের দৈর্ঘ্য ৩৩.৫ সেমি। ওজন ২৫০ গ্রাম। ছেলে ও মেয়ে হাঁস দেখতে আলাদা। ছেলে পাখির মাথার চাঁদি ও পিঠ কালচে বাদামি। মুখ, ঘাড় ও দেহতল সাদা। গলায় স্পষ্ট কালো বলয় আছে। ডানায় সাদা ডোরা থাকে। চোখ লালচে বাদামি, ঠোঁট কালো। মেয়ে পাখির দেহতল অনুজ্জ্বল ফিকে সাদা। ডানার প্রান্ত সাদা। চোখ বাদামি। উভয় পাখির পা ও পায়ের পাতা কালচে বাদামি। এ হাঁসের বৈজ্ঞানিক নাম Nettapus coromandelianus। ইংরেজি নাম Cotton Pygmy Goose।এরা জলজ উদ্ভিদসমৃদ্ধ বড় পুকুর, হ্রদ, অগভীর লেগুন, হাওর ও জলাবদ্ধ ধানখেতে বিচরণ করে। সাধারণত পাঁচ থেকে দশটি হাঁসের ছোট ছোট দলে এদের দেখা যায়। খাদ্য তালিকায় রয়েছে উদ্ভিদের কচি অংশ, বীজ, চিংড়ি, কাঁকড়া, জলজ পোকামাকড়, লার্ভা। প্রজননের সময় এরা জোড়ায় থাকে। বাসা করার অনুকূল পরিবেশ ও গাছ পেলে সেখানে উড়ে বেড়ায়। মেয়ে পাখিটি বাসা করার জন্য জায়গা নির্বাচন করে। বাসা করে জুন থেকে সেপ্টেম্বর মাসে, পানির কাছে কোনো গাছের প্রাকৃতিক গর্তে বা দালানকোঠার ফাঁকে। ছয় থেকে ১৪টি ডিম পাড়ে। ডিমগুলো মুক্তার মতো সাদা। ১৫ থেকে ১৬ দিনে ডিম ফোটে। ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষ যদি লেকের কাছে কিছু বিশেষ ধরনের বাক্স গাছের ওপর তৈরি করে দেয়, তবে দুর্লভ এই হাঁস বাসা বাঁধতে পারে। উল্লেখ্য, হাইল হাওরে এ রকম বাক্স তৈরি করে দেওয়ার পর ধলা বালিহাঁস বাসা করে ছানাও ফুটিয়েছে।