ডুলি চাঁপার ফুল
রমনা উদ্যানে জ্যাকারেন্ডা ফুল দেখতে গিয়েছিলাম। এর পাশেই মহুয়াগাছ আর একসঙ্গে বেশ কটি জারুলগাছ। এদের থেকে একটু দূরে একটি গাছ নিঃসঙ্গ দাঁড়িয়ে, নাম তার ডুলি চাঁপা। গাছটি উদ্ভিদবিদ্যার শিক্ষক ও নিসর্গী দ্বিজেন শর্মা এখানে রোপণ করেছেন। গাছটি বাড়ছে না, ফুলও ফুটছে না। কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার বাগানে গেলে এখানকার মালী কৃষ্ণদা আমাকে একেবারে টেনে নিয়ে ডুলি চাঁপার সামনে দাঁড় করালেন। আমি গাছটির দিকে তাকিয়ে দারুণ রোমাঞ্চিত। ডুলি চাঁপায় ফুল ফুটেছে! সঙ্গে সঙ্গে আমি আমার পরিচিত মানুষদের ফোন করে সুখবরটা জানালাম। ফোন করলাম নিসর্গী দ্বিজেন শর্মাকেও। তিনি শুনে প্রায় লাফ দিয়ে ওঠার মতো করে বললেন, ‘ফারুখ, এমন সুসংবাদ আমি আমার গত ২০ বছরে শুনিনি! আমি এক্ষুনি যাচ্ছি গাছটি দেখতে!’‘এটা অকল্পনীয়, অসাধারণ একটা ঘটনা।’ বলে দ্বিজেনদা ফোন রাখেন। ৬ এপ্রিলের সেই সকালে দাদার কণ্ঠের শিশুসুলভ চপলতা তখনো বেজে চলছে আমার কানে। মাধবকুণ্ড জলপ্রপাত থেকে একটু ভেতরে দ্বিজেন শর্মার কিছু জায়গা আছে। বছর চারেক আগে তিনি সেখানে বেড়াতে গেলে তাঁর ভাগনের হাতে একটি ডালে দুটি ডুলি চাঁপা দেখে তিনি তা সঙ্গে করে ঢাকায় নিয়ে আসেন। ছবিও তুলে রাখেন। এর পরের বছর চৈত্র মাসে তিনি আবার সেখানে গিয়ে পাথারিয়া পাহাড় থেকে ডুলি চাঁপা গাছের দুটি চারা এনে একটি রমনা উদ্যানে, অন্যটি কার্জন হলের উদ্ভিদ উদ্যানে রোপণ করেন।কার্জন হলের উদ্ভিদ উদ্যানে ডুলি চাঁপার ফুল ফুটেছে, এটা নগরের প্রকৃতিপ্রেমীদের জন্য একটি সুসংবাদ। যে কেউ এখন কার্জন হলের উদ্ভিদ উদ্যানের বাগানে গিয়ে ডুলি চাঁপায় মন রাঙাতে পারেন।বিশাল গাছ ডুলি চাঁপা। মাথা গোলাকার, গাছের আকারের সঙ্গে পাতার আকারের সামঞ্জস্য রয়েছে। ডুলি চাঁপার উজ্জ্বল সবুজ বড় পাতার আকৃতি প্রায় ২০ থেকে ৪০ সেন্টিমিটার। গাছের আগায় বোঁটার ওপর একটি ফুল দেখতে অনেকটা জহুরি চাঁপার মতো। বলা যায়, ডুলি চাঁপা জহুরি চাঁপার বড় ভাই! ডুলি চাঁপার বৈজ্ঞানিক নাম Magnolia pterocarpa Roxb। Magnoliaceae পরিবারের সদস্য। শেষ বসন্ত ও গ্রীষ্মের শুরুতে এই গাছে ফুল ফোটে। আমাদের দেশে সিলেট ও চট্টগ্রামের বন-বনানী ডুলি চাঁপার প্রধান আবাস।