ডুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাংবাদিককে মারধর করায় ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বিকেলে তাঁদের অনশন ভঙ্গ করেছেন।ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষকদের বৈঠক শেষে বিকেল সোয়া চারটার দিকে কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের অনশন ভাঙান। এ সময় শিক্ষকেরা বিষয়টি নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার আশ্বাস দেন। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।ছয় শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। সকাল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে কিছু শিক্ষার্থী সব পরীক্ষা ও ক্লাস বন্ধ করে দিয়ে আন্দোলনে নামেন। তবে আন্দোলনকারীদের বাধা উপেক্ষা করে কোনো কোনো বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবনের সামনে অনশন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে আটটার দিকে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে আন্দোলনকারীদের বাধার মুখে তাঁরা ফিরে আসেন। সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য উপাচার্য শিক্ষকদের নিয়ে সকাল পৌনে ১০টায় বৈঠকে বসেন।আন্দোলরনরত শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শরিফুল ইসলাম বলেন, আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে মিছিল-সমাবেশ চলবে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।উপাচার্য এম সবদার আলী বলেন, শাস্তি পাওয়া শিক্ষার্থীরা আপিলের আবেদন করেছেন। এ ব্যাপারে ৫ এপ্রিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।প্রসঙ্গত, ১৬ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জয়দেব দাশ কাজী নজরুল ইসলাম হলের নিজ কক্ষে সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হন। অচেতন অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন রাতে ১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ঘটনা তদন্তের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে এবং দুই শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়।