ডুয়েটে গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের উষ্ণ আবহাওয়ায় উচ্ছল পরিবেশে প্রাণবন্ত আয়োজনে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল ডুয়েট গণিত উৎসব ২০১০। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিজ্ঞান ও গণিত ক্লাব আয়োজিত এই উৎসবে মোট ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এই গণিত উৎসব গাজীপুর জেলাকেন্দ্রিক প্রথম গণিত প্রতিযোগিতার অনুষ্ঠান। জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও বিশ্ববিদ্যালয়—এই চার ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াডে প্রতিযোগীরা অংশ নেয়। ডুয়েট ক্যাম্পাসে ডুয়েট গণিত উৎসব ২০১০ শুরু হয় সকাল সাড়ে নয়টায়। ডুয়েটের উপাচার্য অধ্যাপক সবদার আলী জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। ডুয়েট বিজ্ঞান ও গণিত ক্লাবের পতাকা উত্তোলন করেন ছাত্রকল্যাণ পরিচালক ও ক্লাবের প্রধান অধ্যাপক আবু নঈন শেখ। সকাল ১০টায় গণিত অলিম্পিয়াড শুরু হয়। এক ঘণ্টাব্যাপী এই অলিম্পিয়াডে প্রত্যেক ক্যাটাগরিতে ১২টি করে গাণিতিক সমস্যা ছিল। গণিত অলিম্পিয়াডের পর ডুয়েট অডিটরিয়ামে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বিশিষ্ট গণিতজ্ঞরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্যামিতি, সংখ্যাতত্ত্ব ও বীজগণিতবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পর্বটি পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। একই সঙ্গে ডুয়েটের সভাকক্ষে চলবে উত্তরপত্র মূল্যায়ন। ডুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে উত্তরপত্র মূল্যায়নের কাজটি সম্পন্ন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রধান পরীক্ষা-নিয়ন্ত্রক দীপেশ দাস। এসবের পাশাপাশি ছিল গণিত উৎসব-সংগীত ও মহাকাশবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন। উৎসবে গণিত উৎসব-সংগীত পরিবেশন করেন ডুয়েট শিক্ষার্থী ধীমান সরকার। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সৌমিত্র চক্রবর্তী সম্পাদিত ১০ মিনিটের ডকুমেন্টারি প্রদর্শিত হয়। প্রশ্নোত্তর পর্বের পর শুরু হয় এক মিনিট বক্তৃতা পর্ব। এই পর্বে বক্তব্য দেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক সবদার আলী, ছাত্রকল্যাণ পরিচালক আবু নঈন শেখ, এ টি এম কাওসার জামিল, মো. আবদুল মান্নান, মো. আবুল কাশেম ও মো. কামরুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আবদুল হাকিম খান। উপাচার্য সরদার আলী অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের মঙ্গলের জন্য গণিত শিক্ষা অপরিহার্য। জ্ঞানের মূল ভিত্তিই হলো গণিত। গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণিত উৎসাহ আরও বাড়িয়ে তোলে। অতিথিদের পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য দেন ডুয়েট বিজ্ঞান ও গণিত ক্লাবের মো. সালাউদ্দিন ও শহীদুল ইসলাম। বক্তব্য শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতি ক্যাটাগরিতে চারজন করে মোট ১৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। প্রতি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হলেন মো. রেদওয়ান আজাদ (জুনিয়র), মিয়া মো. তাহমিদ হাসান (সেকেন্ডারি), রোজলীন মোস্তফা (হায়ার সেকেন্ডারি) ও মো. সানাউল্লাহ মিয়া (বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ক্লাবের সদস্য সোহানুর রহমান ও পুরস্কার বিতরণী পরিচালনা করেন কার্তিক মণ্ডল। সুব্রত দেবনাথ