ডুয়েটে গ্রেপ্তার ৫ শিবির কর্মীকে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গ্রেপ্তার পাঁচ শিবির কর্মীকে আজ সোমবার রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার নিয়ে ফেসবুকে শিবির নেতার আপত্তিকর মন্তব্য লেখা এবং ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।ছাত্রলীগের কর্মীরা শিবির নেতা মোহাম্মদ লোকমান ও গ্রেপ্তার পাঁচ শিবির কর্মীর শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করেছে। উপাচার্য এম সবদার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার পাঁচ শিবির কর্মীর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজ শুনানি হতে পারে বলে তিনি জানান।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ লোকমান ফেসবুকে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গত শনিবার রাতে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে তিন শিবির কর্মী ও এক ছাত্রলীগ কর্মী আহত হয়। ওই দিন রাতেই পুলিশ শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ পাঁচজনকে আটক করে। ছাত্রলীগের পক্ষ থেকে গতকাল জয়দেবপুর থানায় ছয় শিবির কর্মী ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।