ডেইলি মেইলে ঢাকার রিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের পত্রিকায় বাংলাদেশের খবর মাঝেমধ্যেই প্রকাশিত হওয়ার বিষয়টি অনেকেরই জানা। আজ শনিবারও বিদেশি পত্রিকা ডেইলি মেইলের খবরে স্থান পেয়েছে বাংলাদেশ। তবে সেটা দেশের রাজনৈতিক কোনো বিষয় নিয়ে নয়। এবার প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঢাকার চিরচেনা বাহন রিকশার খবর। ফুটে উঠেছে রিকশা নিয়ে ঢাকার বর্তমান অবস্থা।ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, হাজার হাজার রিকশা রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অবহেলায় পড়ে আছে। দখল করে আছে ঢাকার বেশ কিছু জায়গাও। তারা হিসাব করে বলছে, শুধু মিরপুরেই ১৫ হাজারেরও বেশি রিকশা জায়গা দখল করে পড়ে আছে। বছরখানেক আগে ঢাকার ভাঙাচোরা রাস্তায় চলাচলের অনুপযোগী রিকশাগুলোকে রাস্তা থেকে উঠিয়ে এভাবেই ফেলে রাখা হয়েছে।এভাবে পড়ে থাকা ছাড়াও ঢাকার রাস্তায়ও চলছে প্যাডেলচালিত অসংখ্য রিকশা। তবে ঢাকার ঐতিহ্যবাহী এই রিকশা বর্তমানে চরম ঝুঁকির মুখে আছে বলেও খবরে বলা হয়েছে। রিকশার মতোই কিন্তু ব্যাটারিচালিত নতুন একটি বাহন আসায় রিকশার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণটা হলো এই বাহন দেখতে রিকশার মতো হলেও এতে চালককে প্যাডেল করতে হয় না। এতে চালকের কায়িক শ্রমটাও অনেক কমে গেছে। ভারতে প্রস্তুত করা এই বাহনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কারণ এটা দ্রুত চলে এবং এই বাহনে ছয়-সাতজন যাত্রী বহন করা যায়। অথচ ঢাকাই রিকশায় যাত্রী বহন করা যায় সর্বোচ্চ তিনজন।ডেইলি মেইলের খবরে আরও বলা হয়েছে, বিভিন্ন জেলা শহর থেকে যারা ঢাকা শহরে আসে, তাদের অনেকেই ঢাকার ব্যস্ত রাস্তায় এই রিকশা চালানোর কাজটা করে। তবে তাদের মধ্যে আবার অনেকেরই আগে থেকে রিকশা চালনার কোনো অভিজ্ঞতা থাকে না। ফলে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা।তবে রাজধানী ঢাকার রাস্তায় নির্বিঘ্নে গাড়ি চলাচলের সুবিধার্থে ওই সব সড়কে রিকশা চলাচলের জন্য সময় নির্ধারণ করে দেওয়া আছে। তা ছাড়া সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের চলাচলের জন্য ব্যবহূত ভিআইপি সড়কে রিকশা চলাচল একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।ঢাকার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে মাঝেমধ্যে আমরা অসহায় হয়ে পড়ি। আইন ভঙ্গ করা আমরা কিছুতেই সমর্থন করি না, কিন্তু রিকশাচালকদের আমরা না-ও বলতে পারি না। কারণ তাঁদের বাঁচার জন্য আয় করতে হয়।’ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ডেইলি মেইলকে বলেছেন, রাজধানীর রাস্তা বর্তমানে রিকশায় ছেয়ে গেছে। এ ব্যাপারে কার্যকর আইনের প্রয়োগ ঘটাতে হবে। অনেক রিকশাচালকেরই বৈধ অনুমতিও নেই রিকশা চালাবার জন্য। এসব খুঁজে বের করতে হবে।ডেইলি মেইল বলছে, এখনো বাংলাদেশের ১৬০ মিলিয়ন মানুষের প্রায় ৪০ শতাংশই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। যাদের অনেকের দৈনিক আয় ৯০ টাকার মতো। এ ছাড়া যাদের কোনো ধরনের জমি-জমা কিংবা চাকরি নেই, রিকশা ছাড়া আর কোনো উপায়ও নেই তাদের সামনে।ঢাকার পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা বলছেন, ‘ঢাকা শহরে এমনও রিকশাচালক আছে, যাদের বয়স ১২ বছরেরও নিচে। তারা তাদের পরিবারে একটু বাড়তি আয় যোগ করতেই ঢাকায় এসে রিকশা চালায়। কিন্তু তারা জানে না, এতে তাদের জীবনের ঝুঁকিটা কত বড়।’