প্রথম আলো ও এর সম্পাদককে জড়িয়ে লাগাতার মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি সান পত্রিকার বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলা হয়েছে।অভিযোগের জবাব দিতে ১২ মার্চ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককে নোটিশ দিয়েছে প্রেস কাউন্সিল। নোটিশে আগামী ১১ এপ্রিল বেলা ১১টায় প্রেস কাউন্সিলের বিচার কমিটির সামনে তাঁদের হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলা চলার সময় তর্কিত বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ না করার জন্য পত্রিকাটিকে নির্দেশ দেওয়া হয়েছে।মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে ৮ মার্চ ডেইলি সান পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলাটি করেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।গত ১২ জানুয়ারি ডেইলি সান-এর শেষ পৃষ্ঠায় ‘Vested quarters active once again’ শিরোনামের একটি বানোয়াট প্রতিবেদন প্রকাশিত হয়। ১৬ জানুয়ারি প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয় ‘Whereabouts of cartoonist Arif : Prothom Alo didn’t stand by me’ শিরোনামের আরেকটি অসত্য প্রতিবেদন।প্রতিবেদন দুটিতে প্রথম আলো ও এর সম্পাদকের বিরুদ্ধে ধর্ম-অবমাননা, মাইনাস টু ফর্মুলা, ওয়ান-ইলেভেন, গ্রেনেড হামলা, জঙ্গি সম্পৃক্ততা প্রভৃতি বিষয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়।মামলায় অভিযোগ করা হয়, প্রতিপক্ষরা সংবাদপত্রকে অপরাধ কর্ম ও মৌলবাদকে উসকে দেওয়ার হাতিয়াররূপে ব্যবহার করছেন। ফরিয়াদির বিরুদ্ধে লাগাতার উদ্ভট, মানহানিকর ও কাল্পনিক অভিযোগ সৃষ্টি ও প্রকাশ করে বারবার তাঁকে জঘন্য তথ্য-সন্ত্রাসের শিকারে পরিণত করেছেন।অভিযোগে আরও বলা হয়, ফরিয়াদি বাংলাদেশে মৌলিক চিন্তা-চেতনার অধিকারী অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব। অথচ প্রতিপক্ষগণ হীন স্বার্থে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মতো একজন মর্যাদাশীল ব্যক্তি ও সম্পাদককে মিথ্যা মামলায় জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছেন।মামলার অভিযোগে বলা হয়, ডেইলি সান, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এবং বাংলানিউজটোয়েন্টিফোরডটকম (অনলাইন পত্রিকা)—এই চারটি দৈনিকই একই প্রকাশনা প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন। পত্রিকাগুলো হলুদ সংবাদিকতায় একতাবদ্ধ। তাদের কণ্ঠস্বর অভিন্ন। অযৌক্তিকভাবে, অকারণে ফরিয়াদি, তাঁর পত্রিকা, পরিবার-পরিজন এবং পত্রিকাসংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুৎসা রটনা তাদের অভ্যাসগত অপকর্ম। কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন ফরিয়াদির বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করায় এরই মধ্যে প্রেস কাউন্সিল তাদের দণ্ডিত করেছে।মামলায় সংবাদপত্রের নীতিমালা ও সাংবাদিকতার আচরণবিধি ভঙ্গ করে ফরিয়াদির বিরুদ্ধে কুৎসাপূর্ণ ও মানহানিকর প্রতিবেদন প্রকাশের জন্য প্রতিপক্ষদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করা হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পক্ষে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী খায়রুল ইসলাম, প্রশান্ত কুমার কর্মকার ও আফতাব উদ্দিন ছিদ্দিকী।